খাগড়াছড়িতে বিডিআর বিদ্রোহের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সেখানকার বিডিআর সেক্টর সদর দপ্তরের ৪২ জন জওয়ানের বিরুদ্ধে আজ অভিযোগ উত্থাপন করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় বিচারকাজ শুরু হয়ে দুপুর সাড়ে ১২টার দিকে শেষ হয়।আদালত কাল বৃহস্পতিবার সব আসামিকে সকাল নয়টায় আদালতে হাজির করার আদেশ দিয়েছেন।খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৫-তে এ বিচারকাজ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিডিআরের চট্টগ্রাম সেক্টর কমান্ডার কর্নেল জাহেদুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মো. ইজারুল হক আকন্দ, বিডিআর কর্মকর্তা লে. কর্নেল আবদুন নূর ও মেজর আ জ ম গোলাম মোস্তফা আল মামুন।আদালতে আজ সহকারী সুবেদার মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে চারজন সদস্যের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। এর আগে অভিযুক্তদের মধ্যে ২৫ জনকে খাগড়াছড়ি সদর থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। অন্যরা বিডিআর সদস্য ইউনিটে উন্মুক্ত অবস্থায় ছিলেন।আদালত আজ অভিযোগ আমলে নিয়ে এর আগে গ্রেপ্তার হওয়া ২৫ জনকে শোন অ্যারেস্ট ও উন্মুক্ত ১৭ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত মামলা পরিচালনার সুবিধার্থে খাগড়াছড়ি বিডিআর সেক্টর সদর দপ্তরের জিএসও-২ মেজর জাবেদ হাসানকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেন এবং প্রয়োজনীয় নথি আসামিদের সরবরাহের নির্দেশ দেন। মামলায় বিশেষ প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী হাবিবুর রহমান ও আমিনুল রহমান খান।