খাগড়াছড়ির মাটিরাঙ্গা ২৯ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনের মামলায় ৪৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। একই সঙ্গে সাজা পাওয়া জওয়ানদের প্রত্যেককে ১০০ টাকা জরিমানা করা হয়েছে। খাগড়াছড়ি বিডিআর সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৫ গতকাল বৃহস্পতিবার এ রায় দেন।রায়ে তিনজনকে সর্বোচ্চ সাত বছর এবং চারজনকে সর্বনিম্ন চার মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত এক আসামিকে বেকসুর খালাস দিয়েছেন।সাত বছরের সাজা পেয়েছেন সুবেদার ইউনুস আলী খান, সেপাই শরিফুল ইসলাম ও সেপাই কল্যাণ চন্দ্র রায়। সাড়ে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে হাবিলদার শাহাদৎ হোসেনকে। ছয় বছরের সাজা পেয়েছেন সেপাই বজলুর রহমান, নায়েক সুবেদার আখতার হোসেন, হাবিলদার শেখ জিল্লুর রহমান, নায়েক জহিরুল ইসলাম ও নায়েক সুবেদার সাইদুর রহমান। এ ছাড়া আরও ৩৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের কার্যক্রম সকাল ১০টা ৫০ মিনিটে শুরু হয়। রায় ঘোষণা শুরু হয় ১১টা থেকে। রায় দেওয়া শেষ হয় বেলা সোয়া ১১টায়। রায় ঘোষণার পর সাজা পাওয়া আসামিদের আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়। এরপর কারাদণ্ড পাওয়া ৪৬ জনকে কারাগারে নিয়ে যাওয়া হয়। আদালতে বিচারকমণ্ডলীর সভাপতির দায়িত্ব পালন করেন বিডিআরের চট্টগ্রাম সেক্টরের কমান্ডার কর্নেল জাহেদুর রহমান। মামলায় কৌঁসুলি ছিলেন ২৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেফতাউল করিম।২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের জের ধরে ২৯ রাইফেল ব্যাটালিয়নসহ বিভিন্ন স্থানে বেশ কিছু জওয়ান বিদ্রোহ করেন। এ ঘটনায় ২৯ রাইফেল ব্যাটালিয়নের ৪৭ জনের বিরুদ্ধে গত ২৪ আগস্ট বিডিআর আইনে বিশেষ আদালত-১৫তে মামলা করেন প্রত্যক্ষদর্শী নায়েক সুবেদার সহকারী মো. আকরাম হোসেন। ২৫ আগস্ট ৪৭ জন আসামিকে আদালতে হাজির করা হয়। ৫ ডিসেম্বর অভিযোগ গঠন করা হয়। ৬, ৭ ও ৮ ডিসেম্বর সাক্ষীদের সাক্ষ্য নেওয়া হয়। ৯ ডিসেম্বর একমাত্র সাফাই সাক্ষীর সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও তিনি সাক্ষ্য দেননি। ২৩ ডিসেম্বর আদালতে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। গতকাল রায় ঘোষণা করা হয়।