খাগড়াছড়ির কয়েকটি স্থানে ১৪৪ ধারা জারি
সংঘর্ষের আশঙ্কায় খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার কয়েকটি স্থানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ শুক্রবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উপজেলার আমতলা, উপজেলা কার্যালয় এবং সড়ক ও জনপথ বিভাগ এলাকায় এ আদেশ বহাল থাকবে। পাহাড়ের দুই বিবদমান রাজনৈতিক দল জনসংহতি সমিতি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) একই দিনে পাশাপাশি দুটি স্থানে সমাবেশের ডাক দেওয়ায় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।জনসংহতি সমিতির মানিকছড়ি উপজেলার সভাপতি মংসাজাই মারমা ওরফে জাপান জানান, তাঁরা পার্বত্য চুক্তির ১৪তম বর্ষপূর্তিতে মানিকছড়ির মহামুনি এলাকায় সমাবেশের ডাক দিয়েছেন। বেলা সাড়ে ১১টায় তিনি মুঠোফোনে প্রথম আলোকে জানান, তাঁরা সমাবেশস্থলে আছেন এবং কিছুক্ষণ পর সমাবেশ শুরু হবে।অপরদিকে ইউপিডিএফের প্রচার বিভাগের নিরন চাকমা বলেন, ‘পাহাড়ি ছাত্র পরিষদ মানিকছড়ির সেমুতাং গ্যাসক্ষেত্র থেকে স্থানীয় চাহিদা পূরণ না করে বাইরে সরবরাহ করার প্রতিবাদে মানিকছড়ি রাজবাড়ি মাঠে সমাবেশের ডাক দিয়েছে। তিনি অভিযোগ করেন, পাহাড়ি ছাত্র পরিষদের কর্মসূচি বানচাল করে দিতেই প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। পুলিশ ও সেনাবাহিনী আমাদের কর্মীদের সমাবেশস্থলে যেতে দিচ্ছে না।’মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিন জানান, শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রশাসন মানিকছড়ি উপজেলা সদরের কয়েকটি স্থানে ১৪৪ ধারা জারি করে।