খাগড়াছড়ির ঘটনায় তিনটি মামলা
ভূমি বিরোধকে কেন্দ্র করে খাগড়াছড়ির রামগড় উপজেলায় আদিবাসী-বাঙালি সংঘর্ষের ঘটনায় গতকাল সোমবার রাতে তিনটি মামলা হয়েছে। গুইমারা থানায় দুটি মামলা করে পুলিশ। মানিকছড়িতে মামলাটি করেন এক ক্ষতিগ্রস্ত আদিবাসী।খাগড়াছড়ির সহকারী পুলিশ (এএসপি) জহিরুল ইসলাম জানান, গুইমারা থানায় উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল আফসার বাদী হয়ে হত্যার ঘটনায় একটি এবং ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরেকটি মামলা করেন। দুই মামলায় অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।এ ছাড়া ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মানিকছড়ি থানায় ক্ষতিগ্রস্ত আদিবাসী কন জং মারমা আরেকটি মামলা করেছেন। মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও অনেককে আসামি করেন তিনি। জহিরুল ইসলাম আরও জানান, তিনটি মামলায় পুলিশ এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। মানিকছড়ি ও রামগড় উপজেলায় ১৪৪ ধারা বহাল আছে।প্রসঙ্গত, গত রোববার ভূমি বিরোধকে কেন্দ্র করে খাগড়াছড়ির রামগড় উপজেলায় আদিবাসী-বাঙালি সংঘর্ষের ঘটনায় তিনজন বাঙালি নিহত এবং অন্তত ১০ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয় দুই পক্ষের অন্তত ৫০টি বাড়িঘর ও দোকান।