খাগড়াছড়ির চার উপজেলায় শান্তিপূর্ণ অবরোধ পালিত
খাগড়াছড়ির চার উপজেলায় আজ শনিবার আধা বেলা শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি-বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদের ডাকে এ কর্মসূচি পালিত হয়।মাটিরাঙ্গা, মানিকছড়ি, রামগড় ও লক্ষ্মীছড়ি উপজেলায় ডাকা আধা বেলার সড়ক অবরোধ কর্মসূচি চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। খাগড়াছড়ির পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক প্রথম আলো অনলাইনকে বলেন, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদের ডাকা সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।প্রসঙ্গত, পাহাড়ের দুই বিবদমান রাজনৈতিক দল জনসংহতি সমিতি ও ইউপিডিএফ গতকাল পাশাপাশি দুটি স্থানে সমাবেশের ডাক দেওয়ায় প্রশাসন মানিকছড়ি উপজেলার কয়েকটি স্থানে ১৪৪ ধারা জারি করে। এর প্রতিবাদে ইউপিডিএফ-সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদ এ কর্মসূচি পালন করে।