খাগড়াছড়ির স্কুলে খাদ্যে বিষক্রিয়ায় ৫০ ছাত্রছাত্রী অসুস্থ
খাগড়াছড়ির দীঘিনালা আবাসিক স্কুলে আজ মঙ্গলবার খাদ্যে বিষক্রিয়ায় ৫০ জন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে। অসুস্থদের মধ্যে ২৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছাত্রছাত্রীরা বাসি খাবার পরিবেশনের জন্য প্রধান শিক্ষককে দায়ী করেছে। শিক্ষক ও ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, স্কুলে সকালের নাশতা দেওয়া হয় পরোটা ও বাসি সবজি। তারা গন্ধযুক্ত বাসি সবজি সরবরাহের বিষয়টি বিদ্যালয়ের তত্ত্বাবধায়ক রুপন কান্তি চাকমাকে জানায়। কিন্তু তিনি বলেন, ‘এ সবজি খেলে কিছুই হবে না।’তাঁর কথা শুনে পরোটা ও সবজি খাওয়ার আধ ঘণ্টা পরই ছাত্রছাত্রীদের পেটব্যথা, মাথাব্যথা ও বমি শুরু হলে সহকারী শিক্ষকেরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো চিকিত্সক ছিলেন না। চিকিত্সকদের সহকারীরা ১৪ জনকে প্রাথমিক চিকিত্সা দেন ও ২৫ জন ছাত্রছাত্রীকে ভর্তি করে নেন।এদিকে স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র নূরুল ইসলাম জানায়, খাবার পরিবেশনের সময় তরকারির মধ্যে বিড়ি-সিগারেট পাওয়া যায়। স্কুলের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, বাসি খাবারের ব্যাপারে ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করলেও কোনো প্রতিকার হয় না। প্রধান শিক্ষক রুপন কান্তি চাকমা ছাত্রছাত্রীদের অভিযোগ অস্বীকার করে বলেন, খাদ্যে কোনো প্রকার অনিয়ম হয়নি। তরকারিতে সামান্য গন্ধ রয়েছে। ঠিকাদারই খাদ্য সরবরাহ করেছেন বলে তিনি জানান।