খাতা দেখা শুরু, প্রতিযোগীরা জানছে নেদারল্যান্ডকে
দুই দিনের পরীক্ষার পর ৫২তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) প্রতিযোগীদের খাতা দেখা শুরু হয়েছে, আর প্রতিযোগীরা নেদারল্যান্ডের বিভিন্ন জায়গা ঘুরে দেখছে, জানছে দেশটিকে।গতকাল বুধবার সকালে প্রতিযোগীরা চারটি দলে ভাগ হয়ে ঘুরে বেড়িয়েছে। এমস্টেল নদীর ওপর বাঁধ দেওয়া থেকে আমস্টারডাম শহরের নামকরণ ইত্যাদি বিষয় জানানো হয় শিক্ষার্থীদের। এ শহর সমুদ্রপৃষ্ঠ থেকে নিচে। শহরজুড়ে খাল। সব খালই পরস্পরের সঙ্গে সংযুক্ত। ফলে খাল দিয়েই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়।আমস্টারডামের মেয়র তাঁর বক্তৃতায় দাবি করেন, এ শহর থেকে ধনতন্ত্রের বিকাশ শুরু হয়। তবে তা যে সহজ হয়নি, এর প্রমাণ রয়েছে শহরে ছড়ানো-ছিটানো শ খানেক জাদুঘরে। প্রায় সব বিষয়ে এখানে জাদুঘর রয়েছে। ইতিহাস যেমন আছে, তেমনি আছে টর্চার জাদুঘর। মানে সেখানে বিভিন্ন পীড়নযন্ত্রের সমাহার। শহরের বিখ্যাত তিনটি জাদুঘর হলো: ভিনসেন্ট ভ্যান গঘের সংগ্রহশালা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত অ্যানা ফ্র্যাংকের বাড়ি আর মাদাম তুসোর মোমের জাদুঘর। এর যেকোনোটিতে ঢুকতে কমপক্ষে দেড় ঘণ্টা লাইনে দাঁড়াতে হয়।আমস্টারডাম শহরের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো সাইকেল। প্রায় প্রতি চারজনের পাঁচটি করে বাইসাইকেল আছে। নেদারল্যান্ডের জনসংখ্যা এক কোটি ৬০ লাখ, কিন্তু সাইকেলের সংখ্যা দুই কোটি। রয়েছে সাইকেলচোরেরও আধিক্য। তবে তারা শখে সাইকেল চুরি করে পার্শ্ববর্তী খালে ফেলে দেয়। ইউরোপের অন্য অনেক দেশের মতো রাস্তায় সাইকেলের জন্য পৃথক লেনও আছে।শিক্ষার্থীরা সারা দিন ঘুরে রাতে হোটেলে ফেরে। পরে তারা গণিতবিষয়ক বক্তৃতা শুনতে যায়।এদিকে ব্যস্ত দিন কেটেছে প্রতিযোগী দলগুলোর দলনেতা, উপদলনেতাদের। শিক্ষার্থীদের গাণিতিক সমাধান দেখতে হচ্ছে তাঁদের। নির্ধারিত সময় অনুসারে সমন্বয়কারীদের সঙ্গে সমন্বয় সভা করতে হচ্ছে। বাংলাদেশ দলের দুটি সমস্যার সমন্বয় গতকাল হওয়ার কথা থাকলেও রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হয়নি। কারণ, ৩ নম্বর সমস্যা নিয়ে স্থানীয় মূল্যায়নকারীদের সঙ্গে দলনেতা মাহবুব মজুমদার একমত হতে পারেননি।আজ বৃহস্পতিবার শিক্ষার্থীরা তাদের আনন্দভ্রমণ অব্যাহত রাখবে। দলনেতারা খাতা দেখার কাজ শেষ করবেন। কাল শুক্রবার সকালে ফলাফল চূড়ান্ত হবে।বাংলাদেশ সপ্তমবারের মতো আইএমওতে অংশ নিচ্ছে। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় ৫২তম আইএমওর জন্য ছয়জনের বাংলাদেশ গণিত দল নির্বাচন ও এর আনুষঙ্গিক আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।