খাতা পুনর্নিরীক্ষায় জিপিএ-৫ পেল ১০ জন
চট্টগ্রাম বোর্ডের অধীনে অনুষ্ঠিত চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার খাতা (উত্তরপত্র) পুনর্নিরীক্ষায় নতুন করে পাস করেছেন ২২ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ১০ জন। আজ মঙ্গলবার পুনর্নিরীক্ষার ফল ঘোষণা করা হয়।চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পিযূষ দত্ত প্রথম আলো ডটকমকে বলেন, ‘কাজ করতে গেলে কিছু ভুল হয়। এ জন্য আমরা পুনর্নিরীক্ষণের ব্যবস্থা রেখেছি। তবে ভুলের পরিমাণ কমিয়ে আনতে আমরা প্রধান পরীক্ষককে সতর্কতামূলক নির্দেশনা দিয়ে থাকি। তা ছাড়া ভুলের জন্য শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সংশ্লিষ্ট পরীক্ষককে পরীক্ষণের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।’চট্টগ্রাম বোর্ড সূত্রে জানা যায়, পুনর্নিরীক্ষায় ৯৯ জনের ফল পরিবর্তন হয়েছে। তাঁদের মধ্যে নতুন করে পাস করেছেন ২২ জন ও জিপিএ-৫ পেয়েছেন ১০ জন। ছয়জন পরীক্ষার্থীর বিষয়ভিত্তিক জিপিএর পরিবর্তন হলেও সামগ্রিকভাবে তাঁরা অকৃতকার্য থেকে গেছেন। একইভাবে জিপিএ-৫ পাওয়া ১৫ জন পরীক্ষার্থীর বিষয়ভিত্তিক জিপিএর পরিবর্তন হলেও ফল একই রয়েছে। অন্যদের জিপিএ পরিবর্তন হয়েছে। সূত্রমতে, পরীক্ষায় ফল আশানুরূপ না হওয়ায় চার হাজার ৪১০ জন পরীক্ষার্থী টেলিটকের মাধ্যমে উত্তরপত্র পুনর্নিরীক্ষার জন্য আবেদন করেন। এসব আবেদনের পরিপ্রেক্ষিতে ১৬ হাজার ৮১৪টি উত্তরপত্র পুনর্নিরীক্ষা করা হয়। কারণ, আবেদনকারীদের একেকজন একাধিক বিষয় পুনর্নিরীক্ষার আবেদন করেন।১৯ থেকে ২৬ জুলাই পর্যন্ত পরীক্ষার্থীদের কাছ থেকে সরকারি মুঠোফোন প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে খাতা পুনর্নিরীক্ষার আবেদন চাওয়া হয়।