খাতা মূল্যায়নের নতুন পদ্ধতি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীর সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার খাতা মূল্যায়নের প্রায় শতাব্দীপ্রাচীন পদ্ধতিতে পরিবর্তন আনছে। নতুন পদ্ধতিতে প্রশ্ন তৈরি ও খাতা মূল্যায়ন প্রক্রিয়ায় বর্তমানের একাধিক শিক্ষকের পরিবর্তে যুক্ত থাকবেন একজন। বলা হচ্ছে, সেমিস্টার পদ্ধতিতে দ্রুত ফল দেওয়ার জন্য এ পরিবর্তন আনা হচ্ছে। বিদ্যমান বাস্তবতায় নতুন পদ্ধতির যৌক্তিকতা নিয়ে শিক্ষক ও শিক্ষার্থী উভয় মহল সংশয় প্রকাশ করেছে।ইতিমধ্যে একটি অনুষদে পরীক্ষামূলকভাবে নতুন পদ্ধতিতে খাতা মূল্যায়ন করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের অধীন কয়েকটি ইনস্টিটিউটে তা দীর্ঘদিন ধরেই অনুসরণ করা হচ্ছে।বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর সূত্রে জানা যায়, ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে দুজন পরীক্ষক দিয়ে পরীক্ষার খাতা মূল্যায়ন করা হয়ে আসছে। এ পদ্ধতিতে একজন শিক্ষার্থীর খাতা প্রথমে কোর্স শিক্ষক এবং পরে আরেকজন বহিঃপরীক্ষক মূল্যায়ন করেন। দুজনের মূল্যায়নের গড় ব্যবধান ২০ নম্বরের বেশি হলে তৃতীয় পরীক্ষক খাতা মূল্যায়ন করেন। শিক্ষার্থীরা বলছেন, চলমান দুই পরীক্ষক পদ্ধতিতেই শিক্ষকদের বিরুদ্ধে স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ ওঠে। এক পরীক্ষক পদ্ধতিতে গেলে অভিযোগের সংখ্যা আরও বাড়বে এবং তাঁরা শিক্ষকদের কাছে জিম্মি হয়ে যাবেন। অন্যদিকে শিক্ষকেরা বলছেন, দীর্ঘদিনের প্রচলিত ‘পরীক্ষিত ও গ্রহণযোগ্য’ বর্তমান পদ্ধতি পরিবর্তনের মতো অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো পৌঁছায়নি।গত বছরের ২৫ আগস্ট একাডেমিক কাউন্সিলের সভায় ২০১০-১১ শিক্ষাবর্ষ থেকে সামাজিক বিজ্ঞান অনুষদে এক পরীক্ষক পদ্ধতিতে খাতা মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী, সেমিস্টার পদ্ধতিতে প্রশ্নপত্র তৈরি, পরিবর্তন-পরিবর্ধন ও মূল্যায়ন একক কোর্স শিক্ষক দিয়ে করানোর নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র জানায়, অন্যান্য অনুষদও এ পদ্ধতি চালু করার বিষয়ে ভাবছে। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফরিদউদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, ‘দুই পরীক্ষক পদ্ধতিতে ফল প্রকাশে বিলম্ব হয়। কিন্তু সেমিস্টার পদ্ধতিতে ফল দ্রুত প্রকাশ করা অত্যন্ত প্রয়োজন। তাই পরীক্ষামূলকভাবে এক পরীক্ষক পদ্ধতি গ্রহণ করা হয়েছে।’বিভিন্ন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকের বিরুদ্ধে অনৈতিকভাবে প্রথম শ্রেণীতে প্রথম করানো, অতিরিক্ত নম্বর দেওয়া ও মেধার মূল্যায়নে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। অনৈতিকতা ও স্বজনপ্রীতির মাধ্যমে ২০০৪ সালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৫২ জনকে প্রথম শ্রেণী দেওয়া, বাংলা বিভাগে এমএ পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী পাওয়া এক ছাত্রীর নম্বর বাড়িয়ে প্রথম শ্রেণীতে প্রথম করা, সমাজবিজ্ঞান বিভাগের ২০০৭ সালের স্নাতকোত্তর পরীক্ষায় (২০০৯-এ অনুষ্ঠিত) বিভাগের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক ৪৬ জনকে প্রথম শ্রেণী দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এসব অভিযোগের সত্যতা পেয়েছে।কলা অনুষদের ডিন সদরুল আমিন বলেন, ‘শিক্ষকদের কাছে এক পরীক্ষক পদ্ধতিতে খাতা মূল্যায়নের বিষয়টি উত্থাপন করা হয়েছিল। দুজন পরীক্ষক দিয়ে খাতা মূল্যায়নের পরও বিভিন্ন সময়ে মূল্যায়ন নিয়ে প্রশ্ন উঠেছে।’সদরুল আমিন মনে করেন, শিক্ষকদের বিশ্বাসযোগ্যতা শত ভাগ হলেই কেবল এক পরীক্ষক পদ্ধতিতে যাওয়া যৌক্তিক হবে। খোঁজ নিয়ে জানা যায়, সমাজবিজ্ঞান অনুষদ বাদে বিশ্ববিদ্যালয়ের অন্য নয়টি অনুষদের কোনোটিতেই এখনো এ পদ্ধতি অনুসরণ করা হচ্ছে না। তবে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ), শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) এবং ইনস্টিটিউট অব স্ট্যাটিসটিক্যাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ে এক পরীক্ষক দিয়ে পরীক্ষার খাতা মূল্যায়ন করা হচ্ছে। আইবিএ এবং আইইআরের শুরু অর্থাৎ ষাটের দশক থেকেই এ পদ্ধতি চলছে। ইনস্টিটিউটগুলোর কয়েকজন শিক্ষার্থী পদ্ধতিটির সমালোচনা করেছেন। তাঁরা প্রথম আলোকে বলেন, শিক্ষকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছাড়া তাঁরা নম্বর দিতে চান না।আইইআরের পরিচালক আবুল এহসান প্রথম আলোকে বলেন, ‘এক পরীক্ষক পদ্ধতিতে নিরপেক্ষ মূল্যায়নে অবশ্যই সমস্যা রয়েছে। তবে ফল দ্রুত প্রকাশ করতে হলে এ পদ্ধতিই অবলম্বন করতে হবে।’আইবিএর পরিচালক গোলাম মোহাম্মদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থার সঙ্গে এ ইনস্টিটিউটের অনেক পার্থক্য বলে বিষয়টি উড়িয়ে দেন।শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ে যে সেমিস্টার পদ্ধতি অনুসরণ করা হয়, তা অসম্পূর্ণ। তাই পরিবর্তন আনতে হলে পুরো পদ্ধতিতেই পরিবর্তন আনতে হবে। এক পরীক্ষক পদ্ধতিতে যাওয়ার আগে মূল্যায়নের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে কিছু পদক্ষেপ নিতে হবে।এক পরীক্ষক পদ্ধতিতে যাওয়া ঠিক হবে না বলে মত দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো এক পরীক্ষক পদ্ধতিতে যাওয়ার মতো পরিস্থিতিতে পৌঁছাতে পারেনি। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এক পরীক্ষক পদ্ধতি অনুসরণ করা হয়। তাই তাদের ফলের গ্রহণযোগ্যতাও পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় কম।ফল প্রকাশে বিলম্বের কারণে গত বছরের ৭ আগস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাডেমিক কাউন্সিলে একটি নতুন নীতিমালা অনুমোদন করে। ওই নীতিমালা অনুযায়ী, কোনো বিভাগের দ্বিতীয় পরীক্ষক (বহিঃপরীক্ষক) বাইরের বিশ্ববিদ্যালয়ের হতে পারবে না। এ ছাড়া কোনো বিভাগ চাইলে কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এক পরীক্ষক পদ্ধতিতে যেতে পারবে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-অর-রশীদ বলেন, ‘ফল তাড়াতাড়ি প্রকাশ করার লক্ষ্যে এক পরীক্ষক পদ্ধতিতেই খাতা মূল্যায়নের ওপর জোর দেওয়া হচ্ছে। চার বছরে শিক্ষার্থীরা তিন হাজার ২০০ নম্বরের পরীক্ষা দেবে। কেউ কম নম্বর দেবেন, কেউ বেশি। সব মিলে তা ফলের ওপর কোনো বড় ধরনের প্রভাব ফেলবে না।’ ঢাকা বিশ্ববিদ্যালয়সংক্রান্ত ১৯৭৩-এর অধ্যাদেশে কমপক্ষে একজন বাইরের পরীক্ষকের বিধান রয়েছে। নতুন নিয়ম এই অধ্যাদেশের লঙ্ঘন কি না, জানতে চাওয়া হলে সহ-উপাচার্য বলেন, প্রশাসনিক ও শিক্ষার্থীদের সুবিধার্থে প্রায়ই নিয়ম পরিবর্তন করা হয়।