খাতুনী বিবির বয়স ৮০ বছর। তিনি মালিবাগ রেললাইনে পিঠা বিক্রি করেন। প্রতিদিন দুপুরের পর থেকে রাত ১২টা পর্যন্ত তিন কেজি চালের গুঁড়ার পিঠা বিক্রি হয় তাঁর। ভাপা পিঠা আর চিতই পিঠা একই দাম। প্রতিটি পিঠা চার টাকা। এতে প্রতিদিন ২০০-৩০০ টাকা লাভ থাকে। খাতুনী বিবি থাকেন মালিবাগ বস্তিতে। এক হাজার ৫০০ টাকা ঘরভাড়া দেন। সঙ্গে আছে তাঁর এক পঙ্গু মেয়ে। খাতুনী বিবি জানালেন, ভোরে ঘুম থেকে উঠে রান্না সারেন। ধনেপাতা-সরষের ভর্তা বানান।খাতুনী বিবির গ্রামের বাড়ি জামালপুর জেলার কৃষ্ণপুর গ্রামে। তাঁর জায়গাজমি কিছুই নেই। অন্যের বাড়িতে ঘর করে থাকতেন। খাতুনী বিবি বলেন, ‘আমার মেয়ে আমেনা যখন আমার পেটে, সাত মাসের, তখন আমার স্বামী মারা যায়। কত কষ্ট কইরা আমেনারে মানুষ করি, বিয়ে দিই। আমেনার যমজ বাচ্চা হয়। বাচ্চার বয়স যখন এক বছর, তখন আমেনার স্বামী ফজর আলী আরেকটা বিয়া করে। এই নিয়া আমেনার লগে ঝগড়া-ঝাঁটি। আমেনার স্বামী এক রাতে ঘরে আগুন লাগাইয়া দেয়। আমেনার শরীর অর্ধেকেরও বেশি পুইড়া যায়। বাচ্চা দুইটা পাকঘরে আমার লগে ঘুমাইতেছিল। আমেনা প্রথমে জামালপুর হাসপাতালে আছিল। পরে ঢাকা মেডিকেলে। আমি টাকা পামু কই! ভিক্কা কইরা মাইয়ার চিকিৎসা করছি। আমেনার মুখ বুকের লগে লাইগ্যা গেছে। তহন আমেনার কাহিনি, ছবি পত্রিকায় বার অইছে। স্বামীডার কোনো বিচার অইল না। আমার শরীরে বল নাই, মাথা ঘুইরা পইড়া যাই। তার পরও চারটা পেটের খোরাক আমারে জোগাড় করতে হয়!’