খাদিজার দেনমোহরের গল্প
বিয়ের পর থেকেই খাদিজাকে যৌতুকের জন্য চাপ দিতে থাকেন তাঁর স্বামী। বিয়ের তিন মাস না যেতেই তাঁকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়। স্বামী অনেক দিন ধরে নিরুদ্দেশ। কোনো খোঁজখবর নিচ্ছেন না। খাদিজা এখন তালাক দিতে চান স্বামীকে এবং তাঁর দেনমোহর ও ভরণপোষণ চেয়ে আইনের আশ্রয় নিতে চান।মেয়েটির নাম খাদিজা। মাঝারি গড়নের, চিকন ও ফরসা। চোখজোড়া যেন সরলতার প্রতিবিম্ব। মেয়েটার দৃষ্টিই বলে দেয়, তাঁর ভেতরে অফুরান যন্ত্রণার ঢেউ। চুপচাপ বসে আছেন একটি মানবাধিকার সংস্থার আইনি সহায়তা সেলে। আমি অ্যাসাইনমেন্টের কাজে বসে আছি মেয়েটির সামনের চেয়ারে। ওই সংস্থার দুজন আইনজীবী মেয়েটির করা একটা মামলার আরজির খসড়া তৈরিতে ব্যস্ত। আইনজীবীদের জিজ্ঞেস করলে তাঁরা বলেন, মেয়েটিকে স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তিনি এখানে এসেছেন প্রতিকারের জন্য। জানতে চাইলাম, কী মামলা। একজন আইনজীবী উত্তর দিলেন, ভরণপোষণ ও দেনমোহর চেয়ে পারিবারিক আদালতে মামলা করা হবে সংস্থার পক্ষে। মেয়েটি আমার পরিচয় বুঝতে পেরে ভীরু ও দুর্বল গলায় বলে উঠলেন, ‘ভাই, আমার দুঃখের কাহিনিডা একটু লেইখেন।’ ওই আইনজীবী সায় দিয়ে বললেন, ‘এমন অসংখ্য ঘটনা ঘটে চলেছে। অথচ খাদিজার মতো অধিকাংশ মেয়েই জানেন না তাঁর কী অধিকার রয়েছে।’মেয়েটির সঙ্গে কথা বলি আমি।আপনি এখানে কেন এসেছেন? এখানে এলে যে প্রতিকার মেলে জানলেন কীভাবে?‘আমি এইহানে আইছি আমার স্বামীরে তালাক দেওনের লাইগ্যা। আমি লোকমুখে হুনছি, এইহানে আইলে টাকা-পয়সা ছাড়াই কাম হইয়া যাইবে। এই জায়গায় আফারা নাকি অনেক কাজ কইরা দেন।’আপনার স্বামীকে তালাক দিতে চান কেন?‘আমার বিয়া হওয়ার তিন মাস না যাইতেই আমার স্বামী আমার বাপের কাছে এক লাখ টাকা চাইতে শুরু করে। অথচ বিয়ার আগে কোনো কথা বলে নাই। আমার গরিব বাপে কই থাইক্যা টাকা দিব হেরে? তাই আমি এই কথা বললে হেয় আমারে গালাগাল করতে থাকে মা-বাপরে লইয়া। আমারে কথায় কথায় চইলা আসার জন্য বলে। বলে যে, আমি আমার বাপের বাড়িতেই যেন থাকি। টাকা না লইয়া ওই বাড়িতে ঢুকন যাইব না।’আপনার স্বামী কি আপনাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন?‘মাঝে মাঝে চড়থাপ্পড় দিছে। তবে হে যে মানসিক অত্যাচার করেছে, এইডা মারের চাইতেও অনেক কষ্টের।’বিয়ে হয়েছে কবে আপনার?‘২০০৯-এর ১ সেপ্টেম্বর। বিয়া হওনের পর আমি জানতে পারি যে আমার স্বামী আগে আরেকটা বিয়া করছিল। ওই ঘরে একটা পুলাও (ছেলে) আছে। এইড শোনার পর আমার ওপর যেন আকাশ ভাইঙ্গা পড়ে। আমি চিৎকার কইরা কান্না করতে থাকি।’বিয়ের আগে আপনারা খোঁজখবর নেননি?‘আমার বাপ তো অনেক গরিব। বিয়ার আগে এত কিছু খোঁজখবর নিতে পারেন নাই। আমার শ্বশুরের পীড়াপীড়িতে আমার বাপে বাধ্য হইছিলেন বিয়া দিতে।’বিয়ের ঘটনাটা বলেন। কীভাবে বিয়ে হলো?‘আমার শ্বশুর রিকশা চালাইতেন মানিকনগর এলাকায়। একদিন আমি আমার বাপের সঙ্গে ওনার রিকশায় কইরা আমাদের বাসায় আইছিলাম। রিকশার মধ্যেই আমার শ্বশুর বইলা ওঠেন আমারে ওনার অনেক পছন্দ হইছে। তাঁর পুলার বউ কইরা আমারে নিয়া যাইবেন। আমার বাপরে ঠিকানা দিতে কন। অনেক জোরাজুরির পর আমার বাপ শ্বশুরকে ঠিকানা দেন। কয়েক দিন পর উনি গিয়া হাজির হন বাসায়। এভাবে অনেক দিন আমাদের বাসায় গিয়া ধরনা দিতেন। এভাবে পীড়াপীড়ি করার পর আমার বাপ রাজি না হইয়া থাকতে পারেন নাই।’আপনার স্বামী কী করতেন তখন?‘ভ্যানগাড়ি চালাইত।’এখন কি যোগাযোগ হয় আপনার সঙ্গে?‘না। আমি চইলা আসনের পর থাইক্যা আর যোগাযোগ হয় না। হুনছি হেই নাকি ঠিকানা বদলাইছে। তয় কই গেছে কইতে পারুম না।’আপনার স্বামীর আগের কথা আপনার শ্বশুরও বলেননি!‘এইডা তো আমারও কথা। শ্বশুর কেমনে বিয়া করায় পুলার আরেকটা বউ থাকতে!’আপনার স্বামী কি আপনাকে তালাক দিতে চান?‘না, তালাক দিতে চায় না, আবার ঘরে তুইলা নিতেও চায় না। ওর ধান্ধা, আমার বাপের কাছ থাইক্যা টাকা লইব। আমিও আর হের ঘরে ফিরা যামু না। এমন যন্ত্রণার থাইক্যা একা থাকন অনেক ভালো।’আপনি পড়াশোনা করেছেন?‘ক্লাস সেভেন পর্যন্ত পড়ছি। চার বছর আগে পড়াশোনা ছাইড়া দিছি। বাপে পড়াশোনা করার টাকা জুগাইতে পারেন না।’আপনার কাবিনে দেনমোহর কত টাকা ছিল?‘২৫ হাজার টাকা।’কাবিনের ঘরে যে স্বামীকে তালাক দেওয়ার ক্ষমতা আছে, এটা কি জানেন?‘না, আমি জানি না। বিয়ার সময় আমারে একটা সই করতে কইছিল একটা কাগজে। আর কিছু জানি না।’আপনি এ সংস্থায় আসার পর কী জানতে পারলেন?‘এইহানে আসার পর জানতে পারি, আমি নাকি দেনমোহরের ২৫ হাজার টাকা পামু আমার স্বামীর থাইক্যা। আর আফারা কইছে, আমি নাকি আমার ভরণপোষণের টাকাও পামু।’আগে জানতেন না যে এগুলো পাবেন?‘না, আগে আমি জানতাম না। আমার মা-বাপও জানেন না। জানলে তো হ্যারা আমারে কইতেন। আমি শুধু আমার স্বামীর ঘরে যামু না, এইডাই চাইছিলাম।’এখন মামলা করা হবে, আদালতে আপনাকে যেতে হবে। এতে আপনার খরচপাতি, ভোগান্তি হবে না?‘কিছু তো কষ্ট হবেই। তবে এইহানে তো টাকা-পয়সা ছাড়াই মামলা কইরা দিতাছে। আমি আমার প্রাপ্য যেইটুকু, সেইটা হতে কেন বঞ্চিত হমু।’আপনিই কি বলছেন মামলা করতে?‘না, প্রথমে তো আমার স্বামীরে আপসের জন্য ডাকছিল। কিন্তু আসে নাই। পরে উপায় না দেইখা আফারা কইল তাহলে আদালতে মামলা করলে লাভ হইতে পারে। আমি রাজি হইলাম।’আপনার স্বামী বা শ্বশুর কি আপনাকে ফিরিয়ে নিতে কোনো চেষ্টা করেননি?‘না, এদের কেউই আসে নাই। আমার বাপে আমারে না জানাইয়া ওদের বাড়িতে লোক পাঠাইছিল। কিন্তু ওদের পাওয়া যায় না। হুনছি, জানি না সত্য কি না, আমার স্বামী আমি চইলা আসার পর আরেকটা বিয়া করছে। আসলে এহন বুঝতে পারতাছি, আমার শ্বশুর আর স্বামীর এইসব ধান্ধা ছাড়া আর কিছুই না। ’আলাপচারিতা শেষে আমি সংশ্লিষ্ট আইনজীবীর কাছ থেকে মামলার খসড়াটি নিই। দেখি আরজির পাঁচ নম্বর প্যারায় লেখা আছে—‘বিবাদী (মেয়েটির স্বামী) বাদিনীকে (মেয়েটিকে) বিবাহের আগে আরেকটি বিবাহ করেছিল এবং সেখানে এক পুত্রসন্তান আছে, যা বিবাহের সময় বিবাদী বাদিনী এবং তার পরিবারের সদস্যদের কাছে গোপন রেখেছিল। বর্তমানে বিবাদী আরেকটি বিবাহ করেছে এবং তৃতীয় স্ত্রী নিয়ে সংসার করছে। আর বাদিনী অর্ধাহারে মা-বাবার সংসারে দুর্বিষহ জীবনযাপন করছেন। বিবাদী গত ডিসেম্বর ২০০৯ তারিখ থেকে বাদিনীর কোনো ধরনের খোঁজখবর নেন না এবং ভরণপোষণও দেন না।’ পাদটীকা: কাবিননামার ১৮ নম্বর কলামে স্ত্রী স্বামীকে স্বেচ্ছায় তালাক দিতে পারবে—এমন ক্ষমতা দেওয়া থাকে। তাই বিয়ের কাবিননামা সম্পন্ন করার সময় ১৮ নম্বর ঘরটি পূরণ করা উচিত। নইলে স্ত্রী যদি স্বামীকে তালাক দিতে চান, তাহলে পারিবারিক আদালতের আশ্রয় নিতে হবে। তালাক যে পক্ষই আগে দিক না কেন,দেনমোহরের টাকা অবশ্যই স্ত্রীকে দিতে হবে। তালাক কার্যকর হওয়ার আগে পর্যন্ত এবং ইদ্দতকাল পর্যন্ত অবশ্যই স্ত্রীকে ভরণপোষণ দিতে হবে। ভরণপোষণের দাবি করেও পারিবারিক আদালতে প্রতিকার চাইতে হবে। তালাক হওয়ার পর তিন বছরের মধ্যে দেনমোহরের জন্য মামলা করতে হয়। সহকারী জজ আদালতগুলো পারিবারিক আদালত হিসেবে বিচারকাজ করে থাকেন।[email protected]