খাদের কিনারে কৃষক, উভয় সংকটে সরকার
বোরো ধান নিয়ে খাদের কিনারে দাঁড়িয়েছেন কৃষক। আর চালের দর নিয়ে ‘শ্যাম রাখি না কুল রাখি’ পরিস্থিতিতে পড়েছে সরকার। ধানের দর কমলে প্রায় ছয় কোটি কৃষিজীবী লোকসানের মুখে পড়বে। আর চালের দর বাড়লে প্রায় সাড়ে পাঁচ কোটি নিম্নবিত্ত ভোক্তার ব্যয় বাড়বে।এই দোটানার মধ্যে সরকার ২৯ টাকা কেজি দরে ছয় লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই চালের পুরোটাই চালকলের মালিকদের কাছ থেকে সংগ্রহ করার সিদ্ধান্ত নেওয়ায় ধানের বাজারে এর খুব একটা প্রভাব পড়ছে না। সরকারি সংগ্রহের সুফল কৃষক না পেয়ে চালকলের মালিকেরা পাচ্ছেন।হিসাব করে দেখা গেছে, বর্তমান বাজারমূল্য যা আছে, তাতে ধানের দাম সামান্য কমলেই কৃষক বিপাকে পড়তে পারেন। উৎপাদন খরচ না ওঠার আশঙ্কা দেখা দিতে পারে বলে মনে করছেন কৃষক ও অর্থনীতিবিদেরা।দেশের বিভিন্ন জেলায় খোঁজ নিয়ে জানা গেছে, যত সময় যাচ্ছে, ধানের আর্দ্রতা ও ওজন তত কমছে। দাম অপরিবর্তিত থাকলেও ধানের ওজন কমতে থাকায় কৃষকের লাভের পরিমাণ কমে যাচ্ছে; বিশেষ করে, হাইব্রিড ধানের দাম কমে উৎপাদন খরচের নিচে চলে গেছে। তাই কৃষকের উৎপাদন খরচ উঠছে না। সুনামগঞ্জের বড় হাওর এলাকায় উৎপাদন খরচ ও ধানের বাজারমূল্য প্রায় সমান।চলতি সপ্তাহে প্রথম আলোর অনুসন্ধানে দেখা গেছে, দেশের ধান উৎপাদনকারী কয়েকটি বড় অঞ্চলে উৎপাদন খরচ ও বাজারমূল্যে কিছু বেশকম আছে। তবে প্রান্তিক কৃষক, বর্গাচাষি, মাঝারি ও বড় কৃষকের লাভ-লোকসানের হিসাবে পার্থক্য রয়েছে।সরকারি সংস্থা কৃষি বিপণন অধিদপ্তরের হিসাবে এক সপ্তাহ ধরে প্রতি মণ মোটা ধান ৫৫০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। হাইব্রিড ধান ৪৫০ থেকে ৫৫০ টাকার বেশি বিকোচ্ছে না। মাঝারি মানের ধান ৭০০ থেকে ৭৫০ টাকা এবং চিকন ধান ৮০০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। মোটা চালের ধানের ক্ষেত্রে কৃষকের প্রতি মণে বড়জোর ৫০ টাকা লাভ থাকছে। মাঝারি ও চিকন চালের ধানের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০ টাকা লাভ গুনতে পারছেন কৃষক। কিন্তু দাম আরও কমে গেলে বেশির ভাগ কৃষক লোকসানের মুখে পড়বেন বলে আশঙ্কা করছেন কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।২০০৯ সালের কৃষিশুমারি অনুযায়ী, দেশে কৃষক পরিবারের সংখ্যা এক কোটি ৮০ লাখ। তাদের এক-তৃতীয়াংশ অর্থাৎ এক কোটি ২০ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক চাষি। এই কৃষক পরিবারগুলোর সদস্য প্রায় ছয় কোটি, যাদের মোট জমির পরিমাণ দুই বিঘা। এই জমিতে আমন ও বোরো চাষ করলে বছরে ১৪০ মণ ধান উৎপাদিত হয়। সরকারি হিসাবে ২০ শতাংশ মুনাফা ধরে চালের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে। সেই হিসাবে প্রতি মণ ধানে ১০০ টাকা করে মুনাফা থাকার কথা।সরকারি সংজ্ঞায়ন অনুযায়ী, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বেশির ভাগই তাঁদের উৎপাদিত চালের অর্ধেক তাৎক্ষণিকভাবে বিক্রি করে দেন। দুই থেকে তিন মাস পর তাঁরা আবারও চাল কিনে খান। ধানের দাম কম থাকলেও তাঁরা ক্ষতিগ্রস্ত হন। চালের দর বাড়লেও তাঁরা ক্ষতিতে পড়েন।অন্যদিকে ২০১০-১১ সালের সর্বশেষ খানা জরিপ অনুযায়ী, দেশের ৩১ দশমিক ৫ শতাংশ, অর্থাৎ প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। এদের বেশির ভাগই চাল কিনে খায় এবং আয়ের ৫৫ শতাংশ খাদ্য কেনার পেছনে ব্যয় করে। চালের দাম সামান্য বাড়লেই এই জনগোষ্ঠীর বেশির ভাগ মানুষ বিপদে পড়ে।বেসরকারি সংস্থা ব্র্যাকের সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা গেছে, চলতি বছর বোরো কাটার আগে চালের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় কৃষি মজুরির পরিমাণ বেড়ে যায়। দৈনিক কৃষি মজুরি ২০০ থেকে ৩০০ টাকা হয়েছে। অনেক স্থানে মজুরি ৫০০ টাকা ছাড়িয়ে গেছে। বছরের তিন থেকে চার মাস কাজ পেলেও কৃষি মজুরের আয় ক্ষুদ্র কৃষকের চেয়ে বেশি হয়।ব্র্যাকের নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, দেশের প্রায় সোয়া কোটি প্রান্তিক কৃষক ধান উৎপাদন করে মাসে বড়জোর দুই হাজার টাকা করে পাচ্ছেন। এই চিত্র কৃষকদের ধান উৎপাদনে উৎসাহ দেবে না। কৃষককে কমপক্ষে ৪০ থেকে ৫০ শতাংশ লাভ দিতে পারলে তাঁরা ধান উৎপাদনে উৎসাহ পাবেন।বেসরকারি গবেষণা সংস্থা ইকোনমিক রিসার্চ গ্রুপের গবেষণা পরিচালক সাজ্জাদ জহির এ ব্যাপারে বলেন, পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে দাম কম থাকলে সীমান্ত দিয়ে চাল পাচার হতে পারে। সস্তায় চাল খাওয়ানোর পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে একদিকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিপাকে পড়বেন; অন্যদিকে প্রতিবেশী দেশে চাল পাচার হওয়ার মাধ্যমে সরকারের কৃষিতে ভর্তুকি অন্য দেশের ভোক্তারা ভোগ করবে। এই সবগুলো বিষয় বিবেচনায় রেখে সরকারকে কৃষি ও খাদ্যনিরাপত্তা নিয়ে ভাবতে হবে।সরকারের খাদ্য পরিধারণ ও মূল্যায়ন বিভাগের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, বর্তমানে দেশে চালকল পর্যায়ে প্রতি কেজি চাল ২৫ টাকা ও পাইকারি পর্যায়ে ২৮ টাকা করে বিক্রি হচ্ছে। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গসহ বেশির ভাগ এলাকায় মোটা চাল ২৯ টাকা করে বিক্রি হচ্ছে। দেশে চালের দর আর দু-এক টাকা কমলে তা পাচার হওয়ার আশঙ্কা দেখা দেবে।মাহবুব হোসেনের মতে, সরকারের উচিত দরকার হলে চাল আমদানি কমিয়ে অভ্যন্তরীণ সংগ্রহ বাড়ানো। এতে ধানের দাম কিছুটা বাড়বে এবং কৃষক ধান চাষে উৎসাহ পাবেন। আর চাল পাচার হওয়ার আশঙ্কাও কমে আসবে।খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত রোববার পর্যন্ত প্রায় তিন লাখ টন চাল সংগ্রহের জন্য এক হাজার চালকল মালিকের সঙ্গে চুক্তি হয়েছে। সরকারি গুদামে এখন পর্যন্ত মিলমালিকেরা মাত্র আট হাজার টন চাল সরবরাহ করেছেন। থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে প্রায় দুই লাখ টন চাল আমদানি হয়ে তা চট্টগ্রাম বন্দরে ভাসমান মজুদ অবস্থায় রয়েছে। আরও দুই লাখ টন চাল আনতে চুক্তি হয়েছে। বর্তমানে সরকারি গুদামে তিন লাখ ৮৩ হাজার টন চাল এবং প্রায় চার লাখ টন গম রয়েছে।