খাদ্য অধিদপ্তরের নিয়োগ নিয়ে যা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীর এক হাজার ৯১টি পদে লোক নিয়োগ নিয়ে ঘুষ-দুর্নীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে ইতিমধ্যে সচিবালয়ে লিফলেট বিলি হয়েছে। সর্বশেষ লিখিত পরীক্ষার ‘অতি গোপনীয় ফল’ ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। তবে অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, ফল ফাঁস হয়নি। চাকরিপ্রার্থীদের প্রতারিত করে সুযোগ নেওয়ার জন্য কেউ বানোয়াট কিছু করতে পারে।মৌখিক পরীক্ষা নেওয়ার এক সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করার কথা থাকলেও প্রকাশ হয়নি দেড় মাসেও। জানা গেছে, এখনো কয়েকটি বিভাগ থেকে মৌখিক পরীক্ষার ফলাফল অধিদপ্তরে পাঠানোই হয়নি। এ অবস্থায় লিখিত পরীক্ষার ফল ফাঁস হওয়ার পেছনে ভুক্তভোগীদের যুক্তি হলো, যেহেতু জেলা কোটায় এ নিয়োগ হবে এবং পরীক্ষাও হয়েছে জেলা পর্যায়ে, তাই লিখিত পরীক্ষার ফল হাতে থাকলে পছন্দের প্রার্থীকে চাকরি পাইয়ে দিতে মৌখিক পরীক্ষায় প্রয়োজনীয় নম্বর দিয়ে দেওয়ার সুযোগ তৈরি হবে। আর এ যোগ-বিয়োগের পেছনে আছে টাকার খেলা। জানা গেছে, গত বছরের এপ্রিল মাসে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার গোপন ফলাফলের একটি মাত্র কপি শুধু খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে থাকার কথা। বাকি সব তথ্য অধিদপ্তরের কম্পিউটার কেন্দ্রে সংরক্ষিত আছে। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে অধিদপ্তরের মহাপরিচালক পিউস কস্তা প্রথম আলোকে বলেন, এ নিয়োগ-প্রক্রিয়ায় শুরু থেকে যে পদ্ধতি অনুসরণ করা হচ্ছে, তাতে কোনো কারসাজিতেই কাজ হবে না। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যোগ্যতর প্রার্থীরাই জেলা ও অন্যান্য কোটা অনুযায়ী চাকরি পাবেন।লিখিত পরীক্ষার ফলাফল ফাঁস হওয়া প্রসঙ্গে জানতে চাইলে মহাপরিচালক বলেন, ‘এ রকম একটা কাগজ অনেক দিন ধরেই ঘুরছে। এর কোনো সত্যতা নেই। চাকরিপ্রার্থীদের প্রতারিত করে সুযোগ নেওয়ার জন্য কেউ এটা করতে পারে। তবে আসল ফলাফল কম্পিউটারের এক্সেল প্রোগ্রামে করা। সেটা ফাঁস হওয়ার কোনো আশঙ্কা নেই।’চাকরিপ্রার্থীদের উদ্দেশে মহাপরিচালক বলেন, ‘লিখিত পরীক্ষার খাতায় যে যত নম্বর পেয়েছে, সেই নম্বরই থাকবে। কোনোভাবেই কোনো পরিবর্তন হবে না।’কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও ফলাফল প্রকাশ করা হচ্ছে না কেন, এমনকি মৌখিক পরীক্ষার ফলাফল এখনো অধিদপ্তরে আসেনি কেন জানতে চাইলে পিউস কস্তা বলেন, ‘এটা আমি ঠিক বলতে পারব না। তবে সিলেট, বরিশাল ও খুলনা বিভাগের ফলাফল আমি হাতে পেয়েছি। বাকিগুলোও শিগগিরই পাবে বলে আশা করছি।’এ বিলম্বের মধ্যেই ফলাফল নির্ধারণে কোনো কারসাজি করা হয়ে থাকতে পারে বলে কিছু কর্মকর্তা এবং অধিকাংশ প্রার্থীর আশঙ্কা। খাদ্য পরিদর্শক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মুন্সিগঞ্জের এক প্রার্থী গত বুধবার সচিবালয়ে এ প্রতিবেদককে বলেন, প্রার্থীদের সঙ্গে লেনদেনের জন্যই এ বিলম্ব হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের একজন প্রার্থী বলেন, ১০ লাখ টাকা দিলে সহকারী পরিদর্শক পদে তাঁর চাকরি নিশ্চিত হবে বলে পরিচিতি একজন তাঁকে বলেছেন। তা নিয়ে কথা বলার জন্যই তিনি ঢাকায় এসেছেন।যেসব পদে নিয়োগ দেওয়া হবে খাদ্য পরিদর্শক ৩৫০ জন, উপ-খাদ্য পরিদর্শক ২০৯, সহকারী পরিদর্শক ৪১৯, উচ্চমান সহকারী পদে ৫০, সুপারভাইজর পাঁচ, নিরীক্ষক (অডিটর) ৩০, সহকারী ফোরম্যান দুজন, সহকারী অপারেটর ২০, সাঁটলিপিকার তিন এবং সাঁট-মুদ্রাক্ষরিক পদে তিনজন। খাদ্য অধিদপ্তরের এ পদগুলোতে নিয়োগের প্রক্রিয়া শুরু হয় ২০০৪ সালে। ২০০৬ সালে লিখিত পরীক্ষা নিয়েও পরে তা বাতিল করা হয়। বর্তমান সরকার প্রক্রিয়াটি আবার শুরু করে। গত বছর ২৪ এপ্রিল প্রতিটি জেলা সদরে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের তত্ত্বাবধানে লিখিত পরীক্ষা নেওয়া হয়। অংশ নেন দুই লাখ ৯২ হাজার প্রার্থী। এর মধ্যে আট হাজার ৬১০ জনকে মৌখিক পরীক্ষায় ডাকা হয়। তাঁদের মৌখিক পরীক্ষা নেয় বিভাগীয় কমিশনারের নেতৃত্বাধীন একটি কমিটি। গত ১০ ডিসেম্বর সিলেট, ১৩ ডিসেম্বর বরিশাল ও খুলনা, ২৯ ডিসেম্বর রাজশাহী, ৪ জানুয়ারি চট্টগ্রাম ও ১৪ জানুয়ারি ঢাকা বিভাগের মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়। এর এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত ফলাফল খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পৌঁছানোর কথা ছিল। জানুয়ারির প্রথম সপ্তাহে এ সময়সীমা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু গতকাল পর্যন্ত তা পাঠানো হয়নি। অধিদপ্তরের সূত্রগুলো জানায়, চলতি মাসের মধ্যভাগে ফলাফল প্রকাশের সম্ভাবনা আছে।এ নিয়োগের ক্ষেত্রে জেলা কোটা অনুসরণ করা হচ্ছে। প্রত্যেক জেলা কোটার মধ্যে আবার ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা, ১৫ শতাংশ নারী, ১০ শতাংশ আনসার-ভিডিপি, পাঁচ শতাংশ আদিবাসী, ১০ শতাংশ এতিম-প্রতিবন্ধী এবং অবশিষ্ট ৩০ শতাংশ সাধারণ কোটা।