খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্ন ফাঁস, ৮ জন রিমান্ডে
খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কুড়িগ্রামে আটক আটজনকে রিমান্ডে নেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার মুখ্য বিচারিক হাকিম আদালতে ডিবি পুলিশ তাঁদের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারিক হাকিম মো. হাবিবুর রহমান তাঁদের তিন দিন ও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।যাঁদের পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে, তাঁরা হলেন আবদুল জলিল সরকার (৬৩), তাঁর ছেলে মাহফুজার রহমান (৩০)। এ ছাড়া আবদুল হাই (৫২), রুহুল আমিন (৪৫), মোস্তাফিজুর রহমান (৩০), লুত্ফর রহমান লিটন (৩৩), আসাদুজ্জামান (১৮) ও হাসান বসুনিয়াকে (২২) তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।কুড়িগ্রাম জেলা ডিবি এবং এর পরিদর্শক মো. রেজাউল করিম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ কারণে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়েছে।রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুল হক জানান, গত ২৭ জানুয়ারি পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন/১৯৮০-এর ৪ তত্সহ সরকারি গোপন আইন/১৯২৩-এর ৫(৩)-এর (এ) (বি) সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষা শুরুর আগেই প্রকাশ এবং গুরুত্বপূর্ণ গোপন তথ্য অন্যের কাছে সরবরাহের অপরাধ আইনে আটজনকে আসামি করে রাজারহাট থানায় একটি মামলা হয়। মামলা করেন ডিবির উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম। ওই মামলায় তাঁদের রিমান্ডে নেওয়া হলো।