খাদ্য অধিদপ্তরের স্টিকার লাগানো গাড়িতে ফেনসিডিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য অধিদপ্তরের স্টিকার লাগানো কাভার্ড ভ্যান ও মাইক্রোবাস থেকে ১০ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার রাজধানীর কাকরাইল মসজিদের পেছনে অভিযান চালিয়ে এই ফেনসিডিল উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাঁরা হলেন, মাসুদুর রহমান (২৫), সোহাগ বেপারী (৩০), সেলিম জাবেদ (৩৫) ও মো. কবির হোসেন (২৫)। পুলিশের ধারণা, এই পাচারের সঙ্গে খাদ্য অধিদপ্তরের কেউ জড়িত থাকতে পারেন।গোপন সূত্রে খবর পেয়ে গতকাল মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (পশ্চিম) মশিউর রহমানের নেতৃত্বে একটি দল কাকরাইল মসজিদের আশপাশে অভিযান চালায় । রাত ১০টার দিকে তারা একটি কাভার্ড ভ্যান ও একটি মাইক্রোবাস থেকে ১০ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করে। মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানে খাদ্য অধিদপ্তরের স্টিকার লাগানো ছিল। এসব ফেনসিডিল ভারত থেকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ঢাকায় আনা হয়। খাদ্য অধিদপ্তরের স্টিকার লাগানো গাড়িতে করে কৌশলে এই ফেনসিডিল ঢাকায় বিক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। কাভার্ড ভ্যানের ভেতরে একটি বাক্সের মধ্যে বস্তায় ফেনসিডিল রাখা হয়েছিল। বাক্সটি সু্ক্র দিয়ে কাভার্ড ভ্যানের দেয়ালে লাগানো ছিল। বাক্সের ভেতর প্রতিটি বস্তার গায়ে লেখা ছিল খাদ্য অধিদপ্তরের নাম। কামরাঙ্গীর চর, যাত্রাবাড়ী, মতিঝিল, সায়েদাবাদ, গেন্ডারিয়া, রমনাসহ ঢাকার বিভিন্ন স্থানে এই ফেনসিডিল সরবরাহ করার কথা ছিল। মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আটক পাচারকারী সেলিম জানান, বেনাপোলের মাদকসম্রাট দাদা ভাইয়ের হয়ে তাঁরা অনেক দিন ধরে ফেনসিডিলের মতো বিভিন্ন মাদকদ্রব্য ঢাকা নিয়ে আসতেন। ঢাকা থেকে বিভিন্ন বিক্রেতা তাঁদের কাছ থেকে এগুলো নিয়ে যান। অভিযানে নেতৃত্ব দেওয়া উপকমিশনার মশিউর রহমানের ভাষ্য, এ ধরনের মাদক বিক্রেতারা সীমান্ত থেকে নানা কৌশলে মাদকদ্রব্য ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে। কেবল খাদ্য অধিদপ্তর নয়, স্বাস্থ্য, স্বরাষ্ট্রসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের স্টিকার লাগিয়ে তারা এ ধরনের ব্যবসা করে থাকে। সীমান্ত থেকে ৪০০ টাকা করে কেনা এক বোতল ফেনসিডিল হাতবদল হয়ে ঢাকায় এর দাম হয় ৭০০ থেকে ৮০০ টাকা। মশিউরের ভাষ্য, বস্তাগুলো খাদ্য অধিদপ্তর থেকেই পাচারকারীরা পেয়েছে। খাদ্য অধিদপ্তরের কোনো কোনো অসাধু কর্তকর্তা বা কর্মচারী এ ধরনের পাচারের সঙ্গে জড়িত থাকতে পারেন। তাঁঁদের আটকের ব্যাপারে চেষ্টা চলছে বলে তিনি জানান।