হাইকোর্টের আদেশ অগ্রাহ্য: সরকারের কাছে খবর নেই
খাদ্য-আদালত হচ্ছে না: মানুষ বিচারবঞ্চিত
পরিবেশ বাঁচাও আন্দোলনের ‘বিষাক্ত খাদ্য জনস্বাস্থের জন্য হুমকি’ শীর্ষক এক সেমিনার থেকে জানা যায়, রাসায়নিক দ্রব্যমিশ্রিত খাবারসহ ভেজাল খাদ্য গ্রহণে দেশে প্রতিবছর প্রায় তিন লাখ লোক ক্যানসারে, এক লাখ ৫০ হাজার লোক ডায়াবেটিসে এবং দুই লাখ লোক কিডনির রোগে আক্রান্ত হচ্ছে। এ ছাড়া একই কারণে গর্ভবতী মায়ের শারীরিক জটিলতাসহ প্রতিবছর গর্ভজাত বিকলাঙ্গ শিশুর সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় ১৫ লাখে। খাদ্যে ভেজাল রোধ এবং খাদ্য উত্পাদন-বিপণন নিয়ন্ত্রণে বাংলাদেশে বলবৎ আইনটির নাম ‘বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ ১৯৫৯’। এ আইন প্রচলিত হওয়ার পর এর বেশির ভাগ বিধানই বাংলাদেশে কার্যকর হয়নি। আইন অনুযায়ী নেওয়া হয়নি তেমন পদক্ষেপ। আইনে যে পদক্ষেপ নেওয়ার কথা সেগুলো হলো: সরকারি খাদ্য বিশ্লেষক: স্থানীয় কর্তৃপক্ষ (সিটি করপোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ) তার এখতিয়ারাধীন এলাকায় এক বা একাধিক খাদ্য বিশ্লেষক নিয়োগ দিতে পারবে। তবে কাজটি চাইলে সরকারও করতে পারবে। খাদ্য পরিদর্শক: সরকার যেকোনো এলাকায় খাদ্য পরিদর্শক নিয়োগ দেবে। অবশ্য সরকারের অনুমোদনক্রমে স্থানীয় কর্তৃপক্ষও চাইলে কাজটি করতে পারবে। খাদ্য পরিদর্শক খাদ্য-সংশ্লিষ্ট যেকোনো প্রতিষ্ঠান পরিদর্শন, ভেজাল খাদ্যদ্রব্য জব্দ, ধ্বংসসহ অধ্যাদেশে বর্ণিত যেকোনো ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।জাতীয় খাদ্য-নিরাপত্তা উপদেষ্টা পরিষদ: সরকার প্রশাসনের বিভিন্ন স্তরের ১৬ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিয়ে জাতীয় খাদ্য-নিরাপত্তা উপদেষ্টা পরিষদ গঠন করবে। খাদ্যদ্রব্যের গুণগত মান নির্ধারণ, নিয়ন্ত্রণ, জনগণের জন্য নিরাপদ ও মানসম্পন্ন খাদ্য সরবরাহ প্রভৃতি বিষয়ে সরকারকে পরামর্শ দেওয়াই এই পরিষদের কাজ। খাদ্য-আদালত গঠন: বাংলাদেশের প্রতিটি জেলা ও মহানগরে এক বা একাধিক খাদ্য-আদালত থাকবে। সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এসব আদালত প্রতিষ্ঠা করবে এবং প্রতিটি আদালতের ভৌগোলিক এখতিয়ার নির্ধারণ করবে। প্রতিটি খাদ্য-আদালতে বিচারকার্য পরিচালনার দায়িত্বে থাকবেন একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এ ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধিতে বর্ণিত বিচারিক পদ্ধতি অনুসরণ করা হবে। যে যে অপরাধের বিচার করবেন খাদ্য-আদালত: বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ ১৯৫৯ অনুসারে খাদ্য-আদালতকে খাদ্য উত্পাদন ও বিপণন-সংশ্লিষ্ট নিম্নোক্ত অপরাধের বিচার করার ক্ষমতা দেওয়া হয়েছে: ভেজাল খাদ্যবস্তু প্রস্তুত, বিক্রি। সঠিক মান বা বিশুদ্ধ নয় এমন খাদ্য প্রস্তুত বা বিক্রি। খাদ্য প্রস্তুত বা বিক্রির স্থানে ভেজাল দ্রব্য রাখা বা রাখার অনুমতি প্রদান। নির্ধারিত লাইসেন্স ব্যতীত সাদা তেল রাখা। রোগগ্রস্ত পশু বা অস্বাস্থ্যকর খাদ্য বিক্রি। ভুয়া লেবেল ব্যবহার। ভুয়া প্রচারণা। ভুয়া ওয়ারেন্টি প্রদান।খাদ্যবস্তু ঢেকে রাখতে ব্যর্থতা। কুষ্ঠ, যক্ষ্মা বা ঘোষিত অন্য কোনো রোগে আক্রান্ত ব্যক্তি কর্তৃক খাদ্যবস্তু প্রস্তুত, বিক্রি বা স্পর্শ করা। খাদ্যবস্তু বিক্রি বা বিশ্লেষণ বা পরীক্ষার জন্য নমুনা প্রদানে অস্বীকৃতি। ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে বা খাদ্য পরিদর্শককে পরিদর্শন বা প্রবেশে বা জব্দকরণে বাধা প্রদান বা প্রতিরোধকরণ।প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনে অস্বীকৃতি জ্ঞাপন এবং ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে বা খাদ্য পরিদর্শককে জব্দকৃত খাদ্যদ্রব্য, উপাদান, বস্তু এবং পাত্র অপসারণে বাধা প্রদান। সাজা: খাদ্য-আদালত উপরিউক্ত অপরাধ প্রথমবারের মতো সংঘটনে দুই হাজার থেকে ৭৫ হাজার টাকা জরিমানা এবং দুই থেকে ১২ মাস সশ্রম কারাদণ্ড প্রদান করতে পারবেন। একই অপরাধ পরেরবার সংঘটনে ২৫ হাজার থেকে দুই লাখ টাকা জরিমানা এবং তিন মাস থেকে তিন বছর সশ্রম কারাদণ্ড প্রদান করতে পারবেন। সেই সঙ্গে দোকান, কারখানা ও সরঞ্জামাদিও জব্দ করার ক্ষমতা রাখেন। কে, কোথায় মামলা করবেন: খাদ্যে ভেজাল পেলে যে কেউ স্থানীয় খাদ্য-আদালতে মামলা করতে পারেন। সে ক্ষেত্রে ওই খাদ্যদ্রব্য বা খাদ্য-উপাদান যে ভেজাল—এই মর্মে খাদ্য বিশ্লেষকের একটা সার্টিফিকেট আদালতে দাখিল করতে হবে। তবে মামলার কার্যক্রম শুরু করতে দরকার একই বিষয়ে খাদ্য পরিদর্শক বা খাদ্য বিশ্লেষক কিংবা সরকার অনুমোদিত কোনো ব্যক্তির লিখিত অভিযোগ। খাদ্যে ভেজাল রোধে সরকারের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে এবং ‘জাতীয় খাদ্য নিরাপত্তা উপদেষ্টা পরিষদ’ গঠনের নির্দেশনা চেয়ে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে ছয়জন আইনজীবী ২০০৯ সালের ১৮ জানুয়ারি জনস্বার্থে একটি রিট দায়ের করেন। চূড়ান্ত শুনানি শেষে ২০০৯-এর ১ জুন হাইকোর্ট বিভাগ ওই মামলার রায় দেন। আদালত তাঁর রায়ে সরকারকে বাংলাদেশের প্রতিটি জেলা ও মহানগরে বিশুদ্ধ খাদ্য-আদালত (ফুড কোর্ট) স্থাপন এবং খাদ্য বিশ্লেষক ও খাদ্য পরিদর্শক নিয়োগের আদেশ দেন। আদালত একই সঙ্গে ওই অধ্যাদেশের অধীনে জাতীয় খাদ্য-নিরাপত্তা উপদেষ্টা পরিষদ গঠনেরও আদেশ দেন। এ মামলার রায়ে বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ বলেন, ‘সংবিধান বাংলাদেশের সর্বোচ্চ আইন। এই আইন বাংলাদেশের সকল জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ করে। এই আইনের ৩২ অনুচ্ছেদ বাংলাদেশের জনগণের জীবন ও ব্যক্তিস্বাধীনতার রক্ষাকবচ। ৩২ অনুচ্ছেদ নিম্নরূপ: আইনানুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তিস্বাধীনতা হইতে কোন ব্যক্তিকে বঞ্চিত করা যাইবে না। এই অনুচ্ছেদ বর্ণিত জীবন শব্দটির ব্যাপ্তি বিশাল। সংবিধানে স্বাভাবিক জীবনধারণ সম্পর্কে নিশ্চয়তা প্রদান করা হইয়াছে। স্বাভাবিক জীবন বলিতে স্বাস্থ্যসম্মত জীবন বোঝায়।’ সংবিধানের ৩২ অনুচ্ছেদে বর্ণিত জীবনের সংজ্ঞা দিতে গিয়ে মহিউদ্দিন ফারুক বনাম বাংলাদেশ ৫৫ ডিএলআর (২০০৩) ৬৯ মোকদ্দমার প্রসঙ্গ আনা হয়। এই রায় কার্যকরের জন্য আদালত সরকারকে দুই বছরের সময়সীমা বেঁধে দেন। খাদ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, আইনসচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ও ফুড অ্যাডভাইজরি কাউন্সিলের সদস্যসচিবকে আদালত এ দায়িত্ব দেন। রায় ও আদেশের কপি পাওয়ার তারিখ থেকে এই দুই বছর গণনা করা হবে। এ রায়ের কার্যকরতা প্রসঙ্গে আবেদনকারী পক্ষের আইনজীবী মনজিল মোরশেদ জানান, ‘রায় কার্যকরের নির্ধারিত দুই বছরের মধ্যে ইতিমধ্যে এক বছর অতিক্রান্ত হয়েছে। জানামতে, দেশের কোথাও এখনো খাদ্য-আদালত স্থাপিত হয়নি। এমনকি এ-সংক্রান্ত কোনোরূপ অবকাঠামোগত উন্নয়নও হয়নি।’ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবির বলেন, ‘আমি নতুন যোগ দিয়েছি। তা ছাড়া খাদ্যের বিষয়াদি সাধারণত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত নয়। খাদ্য-সংশ্লিষ্ট এ রকম একটা হাইকোর্টের রায়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে, তা আপনার মাধ্যমে প্রথম জানলাম। আমি দুঃখিত, ওই রায় বাস্তবায়নের বিষয়ে কোনো তথ্য এই মুহূর্তে আপনাকে আমি দিতে পারছি না।’ রায় অনুযায়ী, যাঁদের ওপর এ রায় বাস্তবায়নের দায়িত্ব তাঁদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা এ বিষয়ে আশানুরূপ কোনো তথ্য দিতে ব্যর্থ হন। তাঁরা জানান, তাঁরা এ ব্যাপারে ওয়াকিবহাল নন এবং এর অগ্রগতি বিষয়ে এই মুহূর্তে কোনো কিছু জানাতে বিনীতভাবে অপারগ। জনগণের খাদ্যের বিশুদ্ধতা রক্ষা করা তথা জনগণের প্রাণ ও স্বাস্থ্য রক্ষা করা সরকার ও তার বিভিন্ন সংস্থার সাংবিধানিক ও আইনগত দায়িত্ব। তাই বহু পূর্বে প্রণীত বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ ১৯৫৯-এর আওতাধীন বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহের এই চলমান উদাসীনতা ও দিবানিদ্রা কোনোভাবে জনগণের কাম্য নয়।আদালতের রায়‘যাহা কিছু জীবনকে মূল্যবান ও অর্থবহ করে তার সবকিছু নিয়েই জীবন। স্বাস্থ্য রক্ষা তার অন্যতম। স্বাস্থ্যকর পরিবেশ ও অবস্থা সংরক্ষণ স্বাস্থ্য রক্ষার সর্বোচ্চ গুরুত্বপূর্ণ উপাদান, যাহা ছাড়া জীবন ধ্বংস হইয়া যাইতে পারে। সুতরাং সংবিধান বাংলাদেশের সকল জনগণকে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করিবার নিশ্চয়তা বিধান করিয়াছে। বাংলাদেশ সরকার সংবিধানে প্রদত্ত স্বাভাবিক সুস্থ জীবন যাপনে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী যে কোন পদক্ষেপ দূরীভূত করিতে সাংবিধানিকভাবে বাধ্য। ইহা বলার অপেক্ষা রাখে না যে, যে কোন জাতি গোষ্ঠীর সুস্থতা নির্ভর করে বিশুদ্ধ খাদ্য সরবরাহের ওপরে। বিশুদ্ধ খাদ্য ব্যতিরেকে কেহ সুস্থভাবে বাঁচিয়া থাকিতে পারে না। সুস্থ ও স্বাস্থ্যসম্মত জীবন যাপন ব্যক্তিগত ও রাষ্ট্রীয় পর্যায়ে সকল ক্ষেত্রেই সাফল্যের চাবিকাঠি। ইহা ব্যতিরেকে উন্নতির সর্বপ্রকার প্রচেষ্টাই ব্যর্থ হইবে। দেশের জনগণ অসুস্থ থাকিলে রাষ্ট্রের কোন পরিকল্পনারই অগ্রগতি হইতে পারে না। এই সকল কারণে জনগণের সুস্বাস্থ্যের প্রতিবিধানকরণ প্রাধান্য পাইবার যোগ্য। কারণ ৩২ অনুচ্ছেদে ব্যক্ত জীবন-এর সুস্থতা ব্যতিরেকে প্রজাতন্ত্রের সকল উন্নয়ন প্রচেষ্টাই সম্পূর্ণ বিফল হইবে। অতএব, সংবিধানে বর্ণিত উপরোক্ত উদ্দেশ্য পূরণকল্পে বিশুদ্ধ খাদ্য সরবরাহ নিশ্চিতকরণ অতি জরুরী। এই সংক্রান্ত পদক্ষেপ বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ ১৯৫৯-এ বর্ণনা করা হইয়াছে, কিন্তু দুর্ভাগ্যজনক এই যে ইহার কোন প্রয়োগ দৃশ্যমান নহে। সরকার পক্ষ হইতেও এইরূপ ব্যর্থতা অস্বীকার করিতে পারে নাই।’ই-মেইল: [email protected]হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ বনাম বাংলাদেশ, রিট পিটিশন নং ৩২৪/২০০৯