খাদ্য উত্পাদন বাড়ানোর বিকল্প নেই: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে খাদ্য উত্পাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেছেন, ‘খাদ্য উত্পাদন বাড়ানোর কোনো বিকল্প নেই।’আজ মঙ্গলবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করতে গেলে প্রধানমন্ত্রী এ গুরুত্বারোপ করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শহীদ উল্লাহ তালুকদার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। খবর: বাসস।শেখ হাসিনা বলেন, ‘বিপুল জনগোষ্ঠীর খাদ্যের চাহিদা মেটাতে আমাদের খাদ্য উত্পাদন বাড়াতে হবে। কারণ ভবিষ্যতে উচ্চমূল্য দিয়েও পর্যাপ্ত খাদ্য পাওয়া যাবে না।’ খাদ্য উত্পাদন বাড়াতে নিবিড় গবেষণার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে এ খাতে সরকারি সহায়তা কাজে লাগানোর জন্য গবেষক ও শিক্ষাবিদদের প্রতি আহ্বান জানান।দেশের কোনো জমি পতিত থাকবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার নিজের জমি চাষ না করে বিদেশ থেকে ঋণ নিয়ে জনগণের খাদ্য সংস্থান করার বিএনপির তত্ত্বে বিশ্বাস করে না।প্রধানমন্ত্রী বলেন, কৃষি গবেষকদের কৃষিপণ্যের উত্পাদন বৃদ্ধি এবং এর সংরক্ষণে অঞ্চলভিত্তিক গবেষণা চালাতে হবে। দেশের প্রতিটি অঞ্চলের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে এবং একটি নির্দিষ্ট এলাকা নির্দিষ্ট ফসলের জন্য উপযোগী। এ জন্য এ আঞ্চলিক বৈশিষ্ট্যের ভিত্তিতে খাদ্য উত্পাদন বাড়ানোর ওপর জোর দিতে হবে।এ সময় অন্যান্যের মধ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব শেখ ওয়াহিদ-উজ জামান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।