খাদ্য উদ্বৃত্ত থাকলেও মানুষ অনাহারে আছে: মিজানুর
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে বাংলাদেশে খাদ্যনিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।আজ রোববার সকালে সিরডাপ মিলনায়তনে ‘খাদ্য, মানবাধিকার ও রাষ্ট্র’ শীর্ষক এক আলোচনা সভায় কমিশনের চেয়ারম্যান এ কথা বলেন।মিজানুর রহমান বলেন, দেশে উদ্বৃত্ত খাদ্য থাকা সত্ত্বেও অনেক মানুষ অনাহার-অর্ধাহারে দিন কাটাচ্ছে। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে তিনি শক্তিশালী সংস্থার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সি এস করিমের সভাপতিত্বে আলোচনা সভায় জেনেভায় বাংলাদেশ মিশনের সাবেক প্রতিনিধি তৌফিক আলী ও বিআইডিএসের গবেষক প্রতিমা পাল মজুমদার উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন অক্সফাম বাংলাদেশের কর্মকর্তা ও নেটওয়ার্ক সদস্যসচিব জিয়াউর হক।মিজানুর রহমান আরও বলেন, খাদ্য অধিকার বাস্তবায়নে রাষ্ট্রের দায়বদ্ধতা রয়েছে। বাংলাদেশে খাদ্যনিরাপত্তা তেমন সুসংহত নয়। বাংলাদেশের এক-তৃতীয়াংশ মানুষ দারিদ্র্যের মধ্যে বাস করে। তাদের আয় দৈনিক এক মার্কিন ডলারের চেয়েও কম।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, সামাজিক নিরাপত্তাজাল কর্মসূচির আওতায় খাদ্যনিরাপত্তা বলয় তৈরি করতে হবে। সিন্ডিকেটগুলো যাতে কৃত্রিমভাবে মূল্য বৃদ্ধি করতে না পারে, সে জন্য শক্তিশালী সংস্থার মাধ্যমে বাজার পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। বাসস।