খাদ্য নিরাপত্তার জন্য ১৪৫০ কোটি টাকা দেবে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের খাদ্য নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র এক হাজার ৪৫০ কোটি টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে যুক্তরাষ্ট্র সরকারের আর্থিক সহায়তায় বাংলাদেশ যে খাদ্য নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করেছে তার প্রভাবের ওপর এক সেমিনারে এ কথা জানানো হয়। বাংলাদেশের পক্ষ থেকে খাদ্য নিরাপত্তা বাবদ সহায়তা আরও বাড়ানোর আহ্বান জানানো হয়।যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক বিষয়ক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির আর্থিক সহায়তায় কেয়ারের পরিচালিত সৌহার্দ্য ও সেভ দ্য চিলড্রেন (ইউএসএ) পরিচালিত জীবন ও জীবিকা কর্মসূচির মাধ্যমে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ২০২১ সালের মধ্যে দেশে দারিদ্র্যের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নেতৃত্বে ২০০৪ সাল থেকে দুই হাজারটি গ্রামে শুরু হওয়া ‘সৌহার্দ্য’ কর্মসূচির সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, শক্তিশালী স্থানীয় সরকার গণতান্ত্রিক সমাজ নির্মাণের পূর্বশর্ত। সেভ দ্য চিলড্রেন (ইউএসএ) পরিচালিত ‘জীবন ও জীবিকা’ কর্মসূচি সিডর ও আইলার পর স্থানীয় জনগণকে দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়তা দিয়ে যাচ্ছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, চলতি বছর সামাজিক নিরাপত্তা বাবদ বরাদ্দ গত বছরের তুলনায় ছয় শতাংশ বাড়ানো হয়েছে। খাদ্য নিরাপত্তার জন্য কৃষি গবেষণা ও উত্পাদন বৃদ্ধিতে সরকার মনোযোগী হয়েছে। এ ব্যাপারে উন্নয়ন সহযোগী দেশগুলোকে সহায়তা বাড়ানোর অনুরোধ জানান তিনি। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস মরিয়ার্টি গত ২০ বছরে বাংলাদেশের খাদ্য উত্পাদন বৃদ্ধির প্রশংসা করে বলেন, বাংলাদেশ এখন চাল উত্পাদনে স্বয়ংসম্পূর্ণ। তবে এখনো বাংলাদেশের তিন কোটি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বাস করছে।তিনি বলেন, বিশ্বের ক্ষুধা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামা এক বিলিয়ন ডলারের যে তহবিল ঘোষণা করেছেন তা থেকে বাংলাদেশকে ২১ কোটি ডলার বা এক হাজার ৪৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে। এই অর্থ হতদরিদ্রদের সহায়তায় ব্যয় করা হবে, এ কথা জানিয়ে তিনি বলেন, এই অর্থ আগামী দিনের সহায়তার সূচনামাত্র। সেমিনারের শুরুতে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা কর্মসূচির প্রভাব নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কেয়ার যুক্তরাষ্ট্রের চিফ অব স্টাফ জোয়ে লারোক্কি এবং সেভ দ্য চিলড্রেনের (ইউএসএ) ডায়ানা ময়ারস।