খাদ্য নিয়ন্ত্রকের মাস্টাররোল, মীনা রানীর কান্নার রোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি স্বামীর চাকরির জন্য অফিসে যাইয়া স্যারের পা ধইরা কত কানছি। কিন্তু চাকরিটা পাকা (স্থায়ী) হইল না। এহন আমার সন্তানগো এতিম কইরা বাড়িতে আইছে স্বামীর চাকরিটা আমারে দিতে। এই চাকরি আমি করুম না। যেই অফিসে আমার স্বামী চাকরির জন্য বিষ খাইয়া মরছে, হেই যায়গায় আমি চাকরি করুম কেমনে।’ গতকাল শুক্রবার পটুয়াখালী জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরের অস্থায়ী ঝাড়ুদারের পদে চাকরির প্রস্তাব দেওয়া হলে শোকে ও ক্ষোভে এভাবেই তা প্রত্যাখ্যান করেন প্রয়াত কমল দাসের স্ত্রী মীনা রানী। ২৬ বছর ধরে অস্থায়ী ভিত্তিতে (মাস্টাররোল) ওই পদে কাজ করছেন কমল দাস।এ ব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহবুবুর রহমান সিকদার প্রথম আলোকে বলেন, ‘কমল খুব ভালো ছেলে ছিল। আমরাও ওকে খুব ভালোবাসতাম। চাকরি স্থায়ীকরণের চেষ্টা করেছিলাম। কিন্তু হয়নি। তবে কমলের অস্থায়ী (মাস্টাররোল) চাকরিটা তাঁর স্ত্রীকে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল সকালে কমলের বাড়ি গিয়ে নিয়োগপত্র ও যোগদানপত্র দিয়ে এসেছি। এ ছাড়া মীনা রানীর চাকরিটা যাতে স্থায়ী হয়, তার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করে লিখব।’বেঁচে থাকতে চাকরি স্থায়ী করার জন্য কমল অনেক দেনদরবার করেছেন, কিন্তু তা আর হয়নি। সম্প্রতি বাউফল খাদ্যগুদামে ঝাড়ুদারের পদ খালি হয়। নিয়োগ বিজ্ঞপ্তিও হয়। সেখানে স্থায়ী নিয়োগের আশ্বাসও পান কর্মকর্তাদের কাছ থেকে। তার জন্য গাছ ও গরু বিক্রি করে ৫০ হাজার টাকাও দেন। কিন্তু ওই পদে নিয়োগ পান অন্য একজন। শেষমেশ কমল গত বৃহস্পতিবার নিজের অফিসে বিষপানে আত্মহত্যা করেন।গতকাল শুক্রবার দুপুরে পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি গ্রামে কমলদের বাড়িতে গিয়ে দেখা যায়, পুরো বাড়ি শোকে স্তব্ধ। সাংবাদিকদের দেখে কমলের স্ত্রী মীনা রানী চিৎকার করে বলে ওঠেন, ‘কই, আমার স্বামী কই? ওরে নিষ্ঠুর মানুষ! তোগো লইগ্যা উনি (স্বামী) এত কাজ করছে। ঝাড়ু দিছে, জল টানছে, ড্রেন পরিষ্কার করছে। কোনো দিন কিছু কয় নাই। ভাবছিল শেষ বয়সে চাকরিটা পাকা হইলে পোলাপান দুইটা লইয়া কোনো রহমে চলতে পারুম। কিন্তু টাকা নিয়াও হেরে চাকরিটা না দিয়া দিল অন্য মানুষেরে।’ বলেই মূর্ছা যান মীনা রানী।মীনা রানী জানান, ঝাড়ুদারের চাকরি করে তাঁর স্বামী চাল আর লবণ ছাড়া কোনো দিন কিছু কিনে বাড়িতে আনতে পারেনি। মুখ ফুটে কিছু বলতেন না। শুধু ভাবতেন, যদি চাকরিটা পাকা হয় তাহলে হয়তো দুবেলা দুটো ভাত খেয়ে দিন কাটাতে পারবেন।কমলদের বাড়ির দিকে তাকালেই দারিদ্র্য ও অভাবের স্পষ্ট ছাপ বোঝা যায়। সহায়-সম্পত্তি বলতে ছয় কাঠার এই বাড়িটিই। পাঁচখানা টিন দিয়ে একচালা ছাপরা দেওয়া ঘরে দুই সন্তান অনুপ (৮) ও প্রান্তকে (৪) নিয়ে কোনো রকমে দিন কাটত তাদের। কমলের সরলতার জন্য প্রতিবেশীরা সবাই খুব ভালোবাসত তাঁকে। তাঁর এই মৃত্যু কেউ মেনে নিতে পারছে না।কমলের জ্যাঠাতো বোন অঞ্জনা রানী দাস জানান, গতকাল বেলা ১১টার দিকে খাদ্য বিভাগের জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহবুবুর রহমান সিকদার ও অফিসের প্রধান সহকারী আবদুল মান্নান কমলদের বাড়িতে যান স্ত্রী-সন্তাদের সান্ত্বনা দিতে। তাঁরা মীনা রানীকে তাঁর স্বামীর অস্থায়ী চাকরিটি দেওয়ার জন্য আবেদনপত্র, নিয়োগপত্র ও যোগদানপত্র তৈরি করে এনে স্বাক্ষর করতে বলেন। কিন্তু স্বাক্ষর করেননি মীনা।কমলের কাকা জুরান দাস বলেন, ‘বাড়ির গাছ, গরু বিক্রি করে টাকা দিয়েও চাকরিটা পেল না। এখন টাকা নেওয়ার কথা অস্বীকার করে। ঘুষের টাকা নিলে তা কি কেউ কোনো দিন স্বীকার করে? ও (কমল ) নিজের জীবন দিয়ে এ ঘটনার প্রতিবাদ করে গেল নীরবে।’এদিকে গত বৃহস্পতিবার বিকেলে কমলের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে নেওয়া হয়। দরিদ্র পরিবারের লোকজন অপেক্ষা করতে থাকে ময়নাতদন্তের জন্য। দীর্ঘ অপেক্ষার পর গতকাল দুপুরে ময়নাতদন্ত হয়। বেলা সাড়ে তিনটার দিকে কমলের মরদেহ ট্রলারে করে গ্রামের বাড়ি লাউকাঠিতে নেওয়া হয়। লাশ দেখেই মূর্ছা যান স্ত্রী মীনা রানী। কমলের মা বৃদ্ধ লীলাবতি দাস বাকহারা হয়ে ফ্যালফ্যাল করে ছেলের লাশের দিকে শুধু চেয়েই ছিলেন।এলাকাবাসী বলাবলি করছিল, কমল আর ফিরবে না। কিন্তু তাঁর স্ত্রী ও দুটি শিশুসন্তান কীভাবে বেঁচে থাকবে, এটাই এখন বড় প্রশ্ন।