বিএসসি সম্মান ডিগ্রির পরিবর্তে বিএসসি প্রকৌশলী ডিগ্রির দাবিতে টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খাদ্যপ্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগের (এফটিএনএস) শিক্ষার্থীরা আমরণ অনশন কর্মসূচি পালন করছেন।আজ শনিবার সকাল সাড়ে ১০টায় তাঁরা এ কর্মসূচি শুরু করেন। শিক্ষার্থীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন। কর্তৃপক্ষ অনুমতি না দেওয়ায় বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ তাঁদের সেখান থেকে তুলে দেয়। পরে শিক্ষার্থীরা পৌর ভবনের সামনের রাস্তায় অবস্থান নেন। ঘণ্টাখানেক সেখানে অনশন চলার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদের অনুরোধে তাঁরা শহীদ স্মৃতি পৌর উদ্যানে গিয়ে কর্মসূচি পালন করেন। দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চলবে বলে শিক্ষার্থীরা জানান। উল্লেখ্য, প্রকৌশল ডিগ্রির দাবিতে শিক্ষার্থীরা গত ১১ মাস ক্লাস বর্জন করে মানববন্ধন, সংবাদ সম্মেলনসহ বিভিন্নভাবে আন্দোলন করে আসছেন। এ আন্দোলনকে কেন্দ্র করে মামলাসহ ওই বিভাগের কয়েকজন শিক্ষার্থীকে বহিষ্কারও করা হয়েছে। সর্বশেষ গত ২২ মার্চ আমরণ অনশন কর্মসূচি চলাকালে শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন টেলিকনফারেন্সে শিক্ষার্থীদেরকে দাবি বিবেচনার আশ্বাস দেন। পরে তাঁরা কর্মসূচি স্থগিত করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, নির্ধারিত সময় অতিবাহিত হলেও প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। তাই তাঁরা আজ থেকে আবার আমরণ কর্মসূচি শুরু করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ উমর ফারুক জানান, গত বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও শিক্ষার্থীদের প্রতিনিধিদের নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেননের বৈঠক হয়। সেখানে প্রকৌশল ডিগ্রির দাবি মেনে নেওয়া সম্ভব হবে না বলে জানিয়ে দেওয়া হয়।