খাদ্য মন্ত্রণালয়ের ব্যাখ্যা
২৮ মার্চ প্রথম আলোতে প্রকাশিত ‘রপ্তানির পরিবর্তে চাল আমদানির চুক্তি’ শীর্ষক সংবাদের ব্যাখ্যা দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।ব্যাখ্যায় বলা হয়েছে, সরকার খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনে আমদানি করে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে। এ পরিকল্পনা অনুযায়ী ২০১০ সালে থাইল্যান্ড থেকে চাল আমদানির বিষয়ে সে দেশের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করা হয়। এ সমঝোতা স্মারক অনুযায়ী, প্রয়োজনীয় সময়ে আন্তর্জাতিক বাজার দর অনুযায়ী থাইল্যান্ড থেকে ১০ লাখ টন চাল আমদানির সুযোগ ছিল। সমঝোতা স্মারকটির মেয়াদ গত ২৮ ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে। থাইল্যান্ড সরকারের অনুরোধে সমঝোতা স্মারকের মেয়াদ ২০১৬ পর্যন্ত বাড়ানো হচ্ছে।এই স্মারক সই করতেই খাদ্যমন্ত্রী থাইল্যান্ড যাচ্ছেন, চাল আমদানির চুক্তি করতে নয়। সমঝোতা স্মারক আর চুক্তি এক বিষয় নয়। নিয়ম অনুযায়ী সরকারিভাবে খাদ্যশস্য আমদানি করার সময়ে সমঝোতা স্মারকের শর্তানুযায়ী দুই দেশের মধ্যে চুক্তি সই করা হয়। এ চুক্তিতে আমদানিকৃত চালের সুনির্দিষ্ট পরিমাণ, গুণগত মান, মূল্য, সরবরাহ সময় ইত্যাদি উল্লেখ করা থাকে।ব্যাখ্যায় বলা হয়, থাইল্যান্ড ছাড়াও চাল আমদানির জন্য ভিয়েতনাম এবং গম আমদানির জন্য ইউক্রেন সরকারের সঙ্গে সমঝোতা স্মারক সই করা রয়েছে। এসব সমঝোতা স্মারক অনুযায়ী, এর আগে সরকার থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে চাল এবং ইউক্রেন থেকে গম আমদানি করেছে। ২০১০ সালে থাইল্যান্ডের সঙ্গে সম্পাদিত সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ২০১১ সালে আড়াই লাখ টন চাল আমদানি করা হয়। এ সমঝোতা স্মারক বহাল থাকা সত্ত্বেও গত বছর কোনো চাল আনা হয়নি। কারণ, সমঝোতা স্মারক সই করা হলেও আমদানি করার বাধ্যবাধকতা থাকে না। ব্যাখ্যায় আরও বলা হয়, ২০০৭-২০০৮ সালে এ ধরনের সমঝোতা স্মারক না থাকায় পর্যাপ্ত অর্থ থাকা সত্ত্বেও সরকার চাল আমদানির সুযোগ পায়নি।