খাদ্য সংগ্রহে অনিয়ম বণ্টনে বৈষম্য-দুর্নীতি
সরকারের ধান-চাল সংগ্রহে অনিয়মের পরিমাণ বাড়ছে। খাদ্য মন্ত্রণালয়ের নিজেদের অনুসন্ধানেই খাদ্য বিভাগের কর্মকর্তা এবং চালকল মালিকদের যোগসাজশে নিম্নমানের ও ভুয়া বরাদ্দপত্রের মাধ্যমে ধান-চাল সংগ্রহের প্রমাণ পাওয়া গেছে। গত ও চলতি বোরো মৌসুমে নিম্নমানের চাল সংগ্রহের অভিযোগে খাদ্য বিভাগের ২৩ জন কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এঁদের মধ্যে ১৫ জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। খাদ্যগুদামের বাইরে পরিবহন অবস্থায় কী পরিমাণে চাল রয়েছে, তা অনুসন্ধান করতে চমকপ্রদ তথ্য পেয়েছে খাদ্য বিভাগ।খাদ্য বিভাগের (এমআইএস) প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সংগ্রহের পর ৮০ হাজার টন চাল-গম গুদামেই পৌঁছায়নি। এখন ওই চালের খোঁজে মাঠপর্যায়ে অনুসন্ধান শুরু করেছে খাদ্য বিভাগ। ওই চাল কোথায় গেল, তা জানতে খাদ্য বিভাগ থেকে জেলা ও উপজেলা পর্যায়ে চিঠি পাঠানো হয়েছে।চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ব্রাদার্স রাইস মিলস নামের একটি ভুয়া প্রতিষ্ঠানের নামে ৩০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেখানো হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের সংগ্রহ বিভাগের এক অনুসন্ধানে এ তথ্য বেরিয়ে আসার পর ওই চালকলের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।খাদ্য সংগ্রহের ক্ষেত্রে যখন এই হাল, তখন খাদ্য বণ্টনের ক্ষেত্রে পাওয়া গেছে আরেক ধরনের অভিযোগ। খাদ্য বিভাগ ও ত্রাণ বিভাগের নথি পর্যালোচনা করে দেখা গেছে, সামাজিক নিরাপত্তা ও উন্নয়নকাজের জন্য যে চাল-গম বরাদ্দ দেওয়া হয়, তাতে দিন দিন বৈষম্য বাড়ছে। খাদ্য বিভাগের খাদ্য বণ্টন কর্মসূচি পর্যালোচনা করে দেখা গেছে, উন্নয়নকাজের জন্য সাংসদ ও উপজেলা চেয়ারম্যানদের নামে বরাদ্দ করা খাদ্যের প্রায় পুরোটাই বণ্টন করা হয়। কিন্তু সরাসরি গরিব মানুষকে বিনা মূল্যে বরাদ্দের জন্য দেওয়া চাল-গমের অর্ধেকও বণ্টন করা হয় না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নামে এই খাদ্য বরাদ্দ দেওয়া হয়ে থাকে। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার গবেষণায়ও দেখা গেছে, গরিব মানুষের খাদ্যনিরাপত্তার জন্য নেওয়া বেশির ভাগ কর্মসূচিতে গুরুতর সব অনিয়ম ও দুর্নীতি ঘটছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এবং পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন সেন্টারের (পিপিআরসি) গবেষণায় দেখা গেছে, গরিব মানুষের খাদ্যনিরাপত্তার জন্য নেওয়া কর্মসূচি ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি), ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) ও টেস্ট রিলিফ (টিআর) কর্মসূচির মাধ্যমে খাদ্য বরাদ্দের ক্ষেত্রে ৪০ থেকে ৬০ শতাংশ অনিয়ম ঘটছে। নিম্নমানের ধান-চাল সংগ্রহ এবং খাদ্য বণ্টনের ক্ষেত্রে অনিয়মের ব্যাপারে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকেও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। ব্র্যাকের নির্বাহী পরিচালক, বিশিষ্ট অর্থনীতিবিদ মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, যখন চালের বাজারদরের চেয়ে সরকারের সংগ্রহমূল্য বেশি থাকে, তখন অনিয়ম বেশি হয়। বর্তমানে বাজারে প্রতি কেজি চাল ২৩ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে, আর সরকার সংগ্রহ করছে ২৮ টাকা কেজি দরে। ফলে মিলমালিকেরা খাদ্য কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে অনিয়মের আশ্রয় নেন।খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ধান-চাল সংগ্রহের ক্ষেত্রে যেসব কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে, তাঁদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বণ্টনের ক্ষেত্রে যে সমস্যাগুলো হচ্ছে, তা পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।৮০ হাজার টন চাল গুদামে নেই: খাদ্য বিভাগের হিসাবে বর্তমানে সরকারি গুদামগুলোতে ১৫ লাখ ৮২ হাজার টন চাল ও গম রয়েছে। খাদ্য বিভাগের নিজস্ব পর্যবেক্ষণকারী বিভাগ এমআইএসের হিসাবে ৮০ হাজার টন চাল ও গমের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। বলা হচ্ছে, ওই খাদ্যগুলো পরিবহন অবস্থায় রয়েছে। কিন্তু খাদ্য বিভাগের নিজস্ব পর্যালোচনাতেই বেরিয়ে এসেছে, এত বিপুল পরিমাণ খাদ্যের হদিস নেই।খাদ্য বিভাগ এই চালের খোঁজ জানতে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের কাছে চিঠি পাঠিয়েছে। তবে খাদ্য বিভাগের মহাপরিচালক আহমদ হোসেন খান এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, এমআইএসের প্রতিবেদনে ভুল করে পরিবহন অবস্থায় ৮০ হাজার টন চালের হিসাবটি চলে এসেছে। এ ধরনের চালের পরিমাণ ২০ হাজার টনের বেশি নয়। ওই চাল এখন কোথায় আছে, না হারিয়ে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।খাদ্য বিভাগ সূত্র জানায়, সরকারি গুদামে চাল সংগ্রহের ক্ষেত্রে ১২টি বৈশিষ্ট্য অনুসরণ করা হয়। যেমন—চালের আর্দ্রতা ১৪ শতাংশ, দানায় বড় ভাঙা ৮ শতাংশ, ভোট ভাঙা ২ শতাংশ, চাল ছাড়া অন্য উপাদান ৩ শতাংশ। গত ও চলতি বোরো মৌসুমে চাল সংগ্রহের ক্ষেত্রে এসব বৈশিষ্ট্য ছাড়াই অনেক এলাকায় সংগ্রহ অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়ায় খাদ্য মন্ত্রণালয় ছয়জন উপসচিবের নেতৃত্বে ছয়টি বিভাগে তদারকি দল পাঠায়। ওই দল খাদ্য বিভাগের ২৩ কর্মকর্তা সরকারি নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট মানের চাল সংগ্রহ করেননি বলেও প্রমাণ পায় তারা। এঁদের মধ্যে ১৫ জন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। বাকিদের ব্যাপারে তদন্ত চলছে। গরিবের চাল কম বণ্টন, সাংসদ-চেয়ারম্যানরা পুরোটা তুলে নেন: সরকারি গুদামে অনিয়মের মাধ্যমে নিম্নমানের চাল সংগ্রহই শুধু নয়, গরিব মানুষের জন্য সরকারি চাল বরাদ্দের ক্ষেত্রে দেখা গেছে বৈষম্য। খাদ্য বিভাগের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, বাজেটে গরিব মানুষের জন্য যে পরিমাণ বরাদ্দ রাখা হয়, তার অর্ধেকও বণ্টন করা হয় না। কিন্তু উন্নয়ন কর্মকাণ্ড চালাতে সাংসদ ও চেয়ারম্যানদের অনুকূলে টিআর (টেস্ট রিলিফ), কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) খাতে বরাদ্দ থাকা খাদ্যশস্যের প্রায় পুরোটাই উত্তোলন করা হচ্ছে।খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত তিন বছরে টিআর ও কাবিখা প্রকল্পের মাধ্যমে সাংসদেরাই মূলত বরাদ্দের সর্বাধিক পরিমাণ খাদ্য উত্তোলন করেছেন। কিন্তু একই সময়ে কমেছে দুস্থ মানুষের জন্য চাল-গম বিতরণের পরিমাণ। ভিজিএফের অনুকূলে বরাদ্দকৃত খাদ্যের মাত্র এক-চতুর্থাংশ বিতরণ করেছে সরকার।সরকার ক্ষমতায় আসার ছয় মাস পর ২০০৯-১০ অর্থবছরের শুরুতে ছিন্নমূল মানুষদের অনুকূলে ভিজিএফ কর্মসূচির আওতায় বিনা মূল্যে বিতরণের জন্য সাড়ে পাঁচ লাখ টন চাল বরাদ্দ হয়। কিন্তু ওই চালের অর্ধেকেরও কম (দুই লাখ ৪৮ হাজার ২৮৬ টন) বিতরণ করা হয়। একই অর্থবছর ভিজিডি (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) কর্মসূচির আওতায় বিতরণের জন্য বরাদ্দ ছিল এক লাখ টন চাল। বছর শেষে বিতরণ হয়েছে ৬৬ হাজার ৭৬১ টন। শুধু তা-ই নয়, জিআর (খয়রাতি সাহায্য) কর্মসূচির আওতায় ৬৪ হাজার টন চালের বরাদ্দ থাকলেও ওই বছর বিতরণ করা হয় ৩৭ হাজার ২৯ টন চাল।অথচ, একই অর্থবছরে সাংসদ-চেয়ারম্যানদের অনুকূলে টিআর (টেস্ট রিলিফ) কর্মসূচির আওতায় দেড় লাখ টন চাল ও আড়াই লাখ টন গমের বরাদ্দ দেয় ত্রাণ বিভাগ। সড়ক ও বিভিন্ন স্থাপনা মেরামতের নামে ওই বরাদ্দের ৯২ শতাংশ চাল-গমই তুলে নিয়েছেন জনপ্রতিনিধিরা। একই সময় কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) আওতায় দুই লাখ টন চাল ও পৌনে দুই লাখ টন গম বরাদ্দ হয়। এর প্রায় পুরোটাই উত্তোলন করেছেন জনপ্রতিনিধিরা। পরবর্তী অর্থবছরগুলোতেও দেখা গেছে একই চিত্র।চলতি ২০১২-১৩ অর্থবছরের আড়াই মাসেই গরিবের জন্য ভিজিএফের মাধ্যমে চার লাখ টন বরাদ্দকৃত চালের মধ্যে এক লাখ ৪১৮ টন চাল বিতরণ করা হয়েছে, যা পূর্ববর্তী বছরগুলোর ক্ষেত্রে হয়নি। ভিজিডি কর্মসূচির আওতায়ও ৯৮ হাজার টন চালের মধ্যে ৪৬ হাজার ৬৫৭ টন চালও এরই মধ্যে বিতরণ করা হয়েছে।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, কর্মসৃজন প্রকল্প ছাড়া বেশির ভাগ সামাজিক নিরাপত্তা কর্মসূচির ক্ষেত্রে তদারকি খুবই দুর্বল। পিপিআরসির গবেষণায় দেখা গেছে, টিআর কর্মসূচিতে ৫০ থেকে ৬০ শতাংশ খাদ্য বণ্টনে অনিয়ম রয়েছে। ভিজিডি কর্মসূচির ক্ষেত্রে স্থানীয় এনজিওগুলোকে খাদ্য বণ্টন ও সুবিধাভোগীদের কাছ থেকে অর্থ আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, দায়িত্বপ্রাপ্ত এনজিওগুলোর মধ্যে ভুয়া ও অখ্যাতরাই বেশি। হোসেন জিল্লুর আরও জানান, বিআইডিএসের গবেষণা অনুযায়ী, ভিজিডি কর্মসূচির আওতায় সহায়তা পাওয়া ব্যক্তিদের ৪১ শতাংশের এ ধরনের সহায়তা পাওয়ার মতো অবস্থা নেই। অর্থাৎ প্রকৃত গরিব লোক এই সহায়তা পাচ্ছেন না।