খাদ্য সম্পূরকে ভেজাল দেওয়া হচ্ছে, আইন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য সম্পূরকের বিষয়ে দেশে আইন নেই। ওষুধের দোকানে ‘খাদ্য সম্পূরক’ বা ‘ফুড সাপ্লিমেন্ট’ প্রচুর বিক্রি হচ্ছে। তবে এগুলো কী উপাদানে তৈরি, তা দেখার কর্তৃপক্ষ দেশে নেই। বাজারজাত করতেও অনুমোদন লাগছে না।রাজধানীর মিটফোর্ডের পাইকারি ওষুধের বাজার ঘুরে দেখা গেছে, দোকানের তাকে বা সামনের টেবিলে সাজানো রয়েছে নানা খাদ্য সম্পূরক। এই বাজার থেকে তা সারা দেশে ছড়িয়ে পড়ছে। বিক্রিও প্রচুর বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। চিকিৎসকেরাও ব্যবস্থাপত্রে নাম লিখছেন।ঔষধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে, খাদ্য সম্পূরক উৎপাদন ও বিক্রির ওপর তাদের নিয়ন্ত্রণ নেই। অন্যদিকে বিএসটিআই বলছে, এগুলো খাদ্যের তালিকায় পড়ে না। বিপণনে তাদের অনুমতির দরকার নেই।কেরানীগঞ্জের ছোট কুশিয়ারবাগে একটি বাড়ির তৃতীয় তলায় গত ২৯ ডিসেম্বর র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত খাদ্য সম্পূরক তৈরির কারখানার সন্ধান পান। আদালত কারখানার বর্ণনায় লিখেছেন: মেঝেময় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে কতগুলো লাল রঙের ক্যাপসুল, কৌটা, কৌটার ওপর লাগানোর স্টিকার, বিভিন্ন ধরনের ওষুধের পাতা (স্ট্রিপ)। মাঝখানে একটি তোশক ভাঁজ করে গদি তৈরি করা। এখানে বসে ক্যাপসুলের ভেতর ময়দা, স্যালাইন ঢুকিয়ে তৈরি হয় ‘হরমোন বর্ধক’সহ বিভিন্ন ধরনের ওষুধ। কম দামি ওষুধের মোড়ক পরিবর্তন করে ‘বেশি দামি’ করার কাজটিও এখানে হয়ে থাকে।আশরাফ আলীর ছেলে মো. রাসেল ওই কারখানার মালিক। আদালত রাসেলকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। রাসেল মূলত মিটফোর্ড পাইকারি বাজারে এসব ওষুধ বিক্রি করতেন।র‌্যাব সূত্র জানিয়েছে, রাজধানী ও এর আশপাশে রাসেলের কারখানার মতো শতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভিটামিন, মাল্টিভিটামিন, ক্যালসিয়াম, ফ্রুট ভিটামিন, এ টু জেড ভিটামিন। বড়ি, সিরাপ, ক্যাপসুল, নরম ক্যাপসুল (সফট ক্যাপসুল) আকারে এসব বাজারজাত করা হচ্ছে। চটকদার মোড়কে বিএসটিআই কর্তৃক অনুমোদিত, জাতীয় বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের ফর্মুলা অনুযায়ী তৈরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান বিভাগে বা পরমাণু শক্তি কমিশনে পরীক্ষিত—এসব কথা লেখা আছে। তবে এসব প্রতিষ্ঠানের অনুমতি নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।র‌্যাবের ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা বলেন, উৎপাদনকারী ও বিক্রেতারা ‘খাদ্য সম্পূরক’-জাতীয় পণ্যগুলোকে ওষুধ হিসেবে দাবি করেন না। তাই এগুলো ওষুধ আইন ১৯৪০ ও ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৯২-এর আওতায় পড়ছে না। তা ছাড়া বাংলাদেশের পণ্য মাননিয়ন্ত্রণ প্রতিষ্ঠান বিএসটিআইয়ের বাধ্যতামূলক পণ্যের তালিকায় না থাকায় এগুলোর ক্ষেত্রে বিএসটিআইয়েরও কোনো কর্তৃত্বও নেই।ব্যবসায়ীরা জানান, মিশ্রণ যন্ত্র, সেদ্ধ করা যন্ত্র, মোড়কজাত করা যন্ত্র, ক্যাপসুল জোড়া যন্ত্র দেশেই তৈরি হচ্ছে। দেড় থেকে দুই লাখ টাকায় এসব যন্ত্র কিনে অনেকেই খাদ্য সম্পূরকের কারখানা খুলে বসেছেন।রাজধানীর কল্যাণপুর এলাকার ওষুধের এক দোকানদার বলেন, চিকিৎসকেরা প্রতিষ্ঠিত কোম্পানির খাদ্য সম্পূরক সেবনের পরামর্শ দিচ্ছেন। তাই ঢাকার বাজারের জন্য প্রতিষ্ঠিত কোম্পানির মোড়ক নকল করে সস্তা ট্যাবলেট বাজারজাত করা হচ্ছে। মিটফোর্ডের দালালেরা তাঁদের এসব কিনতে লোভ দেখায়।উপাদান: কেরানীগঞ্জের আরেকটি বাড়িতে অভিযান চালিয়ে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত দেখেন, একটি পাত্রে লাল রঙের ঘন আঠালো তরল সেদ্ধ করা হচ্ছে। চিনির দ্রবণ আর কাপড়ের রং দিয়ে ওই মিশ্রণ তৈরি হয়েছে। ওই তরল বাজারজাত হচ্ছে ‘ভিটামিন সিরাপ’ হিসেবে।এর আগে আমিনবাজারের হিজলা পশ্চিম পাড়ায় রং, চক পাউডার আর চিনির শিরা মিশিয়ে তৈরি করা শক্তিবর্ধক ‘ভাইটন প্লাস’ সিরাপের কারখানায় অভিযান চালায় র‌্যাব। চিকিৎসক পরিচয়দানকারী কফিলউদ্দীন ওই কারখানার মালিক।হায়রে ট্যাবলেট: মিটফোর্ডে ট্যাবলেট বা বড়ির খোলা বাজার আছে। ৩০ থেকে ৫০ পয়সা দামে এসব বড়ি বিক্রি হয়। বোতল কিনতে পাওয়া যায় পাশের আরমানীটোলা ও বাবু বাজারে। হাজার হিসাবে বড়ি কিনে তা বোতলে ভরা হয়। তারপর প্রতিষ্ঠিত ওষুধ কোম্পানির ছাপ তাতে লাগানো হয়। নিজেদের তৈরি করা মোড়কে বোতল ঢুকিয়ে বাজারে ছাড়া হয়। কখনো নামের বানানে একটু এদিক-ওদিক করে তৈরি হয়ে যায় নতুন নাম। বড়িগুলো কী উপাদানে তৈরি, তা জানেন না বাজারজাতকারীরাও।চীনা ওষুধ যুক্তরাষ্ট্রে তৈরি: গত বছর র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পল্লবীর একটি বাড়িতে গিয়ে ভিটামিন বড়ি মোড়কজাত করার সময় এফএম মেডিরয়েল ওভারসিজের মালিক মনিরুল আলমকে আটক করেন। মনিরুল রয়্যালবোন, রোবন, রোমেগা, কেফরিল, রয়্যাল প্লাস নামের মোড়কের ছোট কৌটায় (৩০টির) সবুজ ও সোনালি রঙের নরম ক্যাপসুল বাজারজাত করতেন। মোড়কের গায়ে লেখা: মেড ইন ইউএসএ, ম্যানুফ্যাকচার্ড বাই বস্কোজেন ইনক, ক্যালিফোর্নিয়া, ইউএসএ, মার্কেটেড বাই মেডিরয়্যাল ওভারসিজ, ঢাকা, বাংলাদেশ। তবে ওই বড়ি চীন থেকে আমদানি করা হয়েছিল।আমদানি-সংক্রান্ত কাগজপত্রে দেখা যায়, চীনের সিরিও ফার্মা থেকে পাঁচ লাখ বড়ি আমদানি করা হয় দুই হাজার ৯৫০ মার্কিন ডলারে। খুচরা হিসাবে একটি বোতলে ভরা ৩০টি বড়ির মূল্য দাঁড়ায় ১৫ টাকার মতো। সব বোতলে ভরা একই ট্যাবলেট, ৩০টি করে। অথচ দাম আলাদা। রোবনের বোতলের দাম ৩৭৩ টাকা। আবার রয়্যাল প্লাসের দাম ৬৪০ টাকা।দেখার নেই কেউ: ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক সেলিম বারামি বলেন, খাদ্য সম্পূরক ওষুধের মধ্যে পড়ে না। তাই অধিদপ্তর এগুলো নিয়ন্ত্রণ বা দেখভাল করে না। তিনি বলেন, ওষুধ আইন ১৯৪০ ও ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৯২ এর কোথাও খাদ্য সম্পূরকের উল্লেখ নেই।বিএসটিআইয়ের উপপরিচালক (প্রশাসন) তাহের জামিল বলেন, খাদ্য সম্পূরক বিএসটিআইয়ের এখতিয়ারে পড়ে না।গত দেড়-দুই বছরে র‌্যাব কয়েকটি মাত্র কারখানায় অভিযান চালিয়েছে। ওষুধের দোকানে এত খাদ্য সম্পূরক কোথা থেকে আসছে, তা কেউ খতিয়ে দেখছে না।