খাদ্যদ্রব্যের ঊর্ধ্বমূল্য নিয়ে ১৪ দলের বৈঠকে ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যদ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বমূল্য নিয়ে ১৪ দলের বৈঠকে ক্ষোভ প্রকাশ করলেন শরিক দলের নেতারা। আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের বিষয়টি ভেবেচিন্তে নেওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন তাঁরা। এ ছাড়া সাম্প্রতিক পৌর ও উপনির্বাচনে ১৪ দল সংগঠিত ও পরিকল্পিতভাবে অংশ নেয়নি বলে বৈঠকে মত প্রকাশ করা হয়।আজ রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের মাসিক বৈঠক হয়। এ বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও খাদ্যদ্রব্যের ঊর্ধ্বমূল্য, পৌর ও উপনির্বাচনসহ নানা বিষয়ে কথা হয় বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংবাদ ব্রিফিংয়ে সিদ্ধান্তগুলো সাংবাদিকদের অবহিত করেন।সূত্র জানায়, বৈঠকে খাদ্যদ্রব্যের মূল্য নিয়ে দীর্ঘ সময় কথা হয়। ১৪ দলের নেতারা খাদ্যদ্রব্যের দাম মানুষের সহনীয় পর্যায়ে আনার তাগিদ দেন। শেষ পর্যন্ত শরিক দলের নেতাদের দাবির মুখে অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ১৪ দলের বৈঠকের সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বৈঠকের তারিখ ঠিক করা হবে বলে শরিক দলের নেতাদের জানানো হয়। সূত্র জানায়, বৈঠকে সাম্প্রতিক পৌর ও উপনির্বাচন নিয়ে প্রতিবেদন দেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফ। তিনি বলেন, পৌরসভা নির্বাচনের ফলাফল নিয়ে এখনো পুরোপুরি বিশ্লেষণ না হলেও গত নির্বাচনের চেয়ে এবার আওয়ামী লীগ বেশি পৌরসভায় বিজয়ী হয়েছে। সার্বিক বিচারে ভোটও পেয়েছে বেশি। দুই উপনির্বাচনের মধ্যে একটিতে আওয়ামী লীগ বিজয়ী হয়। অপর আসনটিতে কম ভোটের ব্যবধানে হেরেছে। সৈয়দ আশরাফ বলেন, সরকারের মধ্য মেয়াদে নির্বাচনের ফলাফল এ রকম হতে পারে। পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশেও এমনটা হয়েছে। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে—এটাই সরকারের বিজয়। হরতাল প্রত্যাহারের আহ্বান: বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে সৈয়দ আশরাফ বিশ্বকাপ ক্রিকেটের প্রস্তুতি সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে বিএনপিকে ১৪ দলের পক্ষ থেকে হরতাল প্রত্যাহারের আহ্বান জানান। সৈয়দ আশরাফ হরতালের আর যৌক্তিকতা নেই বলে মন্তব্য করে বলেন, প্রধানমন্ত্রী আড়িয়ল বিলে বিমানবন্দর না করার ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর এ ঘোষণাকে ১৪ দল স্বাগত জানায়। এ ছাড়া খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা থানা নেয়নি, মামলাও করা হয়নি। তাই হরতালের আর যৌক্তিকতা নেই। সৈয়দ আশরাফ বলেন, বৈঠকে দ্রব্যমূল্য বৃদ্ধি, যুদ্ধাপরাধের বিচার ও ১৪ দলকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এ জোটকে জেলা-উপজেলা পর্যায়ে কার্যকর করার বিষয়ে আলোচনা হয়েছে।এ ছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য খাদ্যমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত হয়। এ বৈঠকের উদ্দেশ্য হবে খাদ্য পরিস্থিতি সম্পর্কে অবহিত হওয়া ও সংকট উত্তরণে প্রয়োজনীয় সুপারিশ থাকলে ১৪ দলের পক্ষ থেকে সেটা দেওয়া। বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।