খাদ্যদ্রব্যের ঊর্ধ্বমূল্য নিয়ে ১৪ দলের বৈঠকে ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বমূল্য নিয়ে ১৪ দলের বৈঠকে ক্ষোভ প্রকাশ করলেন শরিক দলের নেতারা। তাঁরা মন্তব্য করেন, আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল ভেবেচিন্তে। এ ছাড়া সাম্প্রতিক পৌরনির্বাচন ও সংসদ উপনির্বাচনে ১৪ দল সংগঠিত ও পরিকল্পিতভাবে অংশ নেয়নি বলেও মত প্রকাশ করা হয়।গতকাল রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের মাসিক বৈঠক হয়। এতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও খাদ্যদ্রব্যের ঊর্ধ্বমূল্য, পৌর ও উপনির্বাচনসহ নানা বিষয়ে কথা হয় বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের সিদ্ধান্তগুলো অবহিত করেন।সূত্র জানায়, বৈঠকে দ্রব্যমূল্য নিয়ে দীর্ঘ সময় কথা হয়। ১৪ দলের নেতারা খাদ্যের দাম মানুষের সহনীয় পর্যায়ে আনার তাগিদ দেন। শেষ পর্যন্ত শরিক দলের নেতাদের দাবির মুখে অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ১৪ দলের বৈঠকের সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বৈঠকের তারিখ ঠিক করা হবে বলে শরিকদের জানানো হয়।সূত্র জানায়, বৈঠকে সাম্প্রতিক পৌরনির্বাচন ও উপনির্বাচন নিয়ে প্রতিবেদন দেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফ। তিনি বলেন, পৌরসভা নির্বাচনের ফলাফল নিয়ে এখনো পুরোপুরি বিশ্লেষণ না হলেও গত নির্বাচনের চেয়ে এবার আওয়ামী লীগ বেশি পৌরসভায় বিজয়ী হয়েছে। সার্বিক বিচারে ভোটও পেয়েছে বেশি। দুই উপনির্বাচনের মধ্যে একটিতে ২৯ ডিসেম্বরের নির্বাচনে দীর্ঘদিন পর আওয়ামী লীগ বিজয়ী হয়। উপনির্বাচনেও ৪০ হাজারের বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছে। অপর আসনটি কম ভোটের ব্যবধানে দল হেরে গেছে। সৈয়দ আশরাফ বলেন, সরকারের মধ্য মেয়াদে নির্বাচনের ফলাফল এ রকম হতে পারে। পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশেও এমনটা হয়েছে। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে, এটাই সরকারের বিজয়। সূত্র জানায়, পৌরসভা নির্বাচনের ফলাফল সম্পর্কে জাসদের শরীফ নূরুল আম্বিয়া বলেন, সরকারি দল এ নির্বাচনে সংগঠিত ছিল না। নির্বাচনে পরিকল্পনার ছাপ ছিল না। ফলে আশানুরূপ ফলাফল হয়নি। জাসদের মঈনুদ্দিন খান বাদল এবং ন্যাপের এনামুল হক সরকারকে আরও সতর্কতার সঙ্গে চলার পরামর্শ দেন। তাঁরা ১৪ দলের ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।সূত্র জানায়, বৈঠকের শুরুতেই ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননের একটি চিঠি নিয়ে আলোচনা হয়। চিঠিটি ১৪ দলের সমন্বয়ক সৈয়দা সাজেদা চৌধুরীকে দেন মেনন। মোহাম্মদ নাসিম বৈঠকের আগেই চিঠিটি গণমাধ্যমে প্রকাশ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। চিঠিতে মেনন ১৪ দলের আগের দুই বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ার অভিযোগ করেন।সূত্র জানায়, সৈয়দ আশরাফ বৈঠকে বলেন, ১২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক হবে। এ বৈঠকে আলোচনা করে ১৪ দলের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। তা ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কমিটিতে ১৪ দলের অন্তর্ভুক্তির ব্যাপারে সরকারি সিদ্ধান্তের প্রয়োজন আছে। তাই আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। তিনি বিভাগীয় ও জেলা পর্যায়ে ১৪ দলের সমাবেশ হবে বলেও জানান।হরতাল প্রত্যাহারের আহ্বান: বৈঠক শেষে সৈয়দ আশরাফ বিশ্বকাপ ক্রিকেটের প্রস্তুতি সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে বিএনপিকে হরতাল প্রত্যাহারের আহ্বান জানান। হরতালের আর যৌক্তিকতা নেই বলে মন্তব্য করে সৈয়দ আশরাফ বলেন, প্রধানমন্ত্রী আড়িয়ল বিলে বিমানবন্দর না করার ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর এ ঘোষণাকে ১৪ দল স্বাগত জানায়। এ ছাড়া খালেদা জিয়ার বিরুদ্ধে থানা কোনো মামলা নেয়নি, মামলাও করা হয়নি। তাই হরতালের আর যৌক্তিকতা নেই।সৈয়দ আশরাফ বলেন, বৈঠকে দ্রব্যমূল্য বৃদ্ধি, যুদ্ধাপরাধের বিচার ও ১৪ দলকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এ জোটকে জেলা-উপজেলা পর্যায়ে কার্যকর করার বিষয়ে আলোচনা হয়েছে।এ ছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে খাদ্যমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়। এ বৈঠকের উদ্দেশ্য হবে খাদ্য পরিস্থিতি সম্পর্কে অবহিত হওয়া এবং সংকট উত্তরণে ১৪ দলের পক্ষ থেকে প্রয়োজনীয় সুপারিশ দেওয়া।মন্ত্রী জানান, যুদ্ধাপরাধের বিচারের পক্ষে প্রথমে বিভাগীয় পর্যায়ে ও পরে জেলা পর্যায়ে মহাসমাবেশ করার সিদ্ধান্ত হয়। এসব মহাসমাবেশে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এসব কর্মসূচি চূড়ান্ত করা হবে।বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।