খাদ্যদ্রব্যের দাম কিছুটা বাড়লেও দেশে মঙ্গা নেই: খাদ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, ‘খাদ্যদ্রব্যের দাম কিছুটা বাড়লেও দেশে এখন মঙ্গা নেই। কোথাও হাহাকার দুর্ভিক্ষ পরিস্থিতি নেই। গত দুই বছরে দেশের কোনো সংবাদপত্র বা টেলিভিশন চ্যানেল মঙ্গা নিয়ে একটি খবরও দেখাতে পারবে না। কোথাও না খেয়ে মানুষ মরে যাওয়ার কোনো খবর আজকাল শুনি না।’আজ শনিবার জামালপুর সরিষাবাড়ী উপজেলার পিংনা উচ্চবিদ্যালয়ের ১১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।খ্যাদ্যমন্ত্রী পিংনা উচ্চবিদ্যালয় প্রসঙ্গে বলেন, ‘পিংনা উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৮৯৬ সালে। এটি ১১৫ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হলেও আমি শুনেছি যে এখানকার বর্তমান পরিবেশ ভালো না। পড়ালেখার মান কমে গেছে। ছাত্ররা এসএসসিতে ভালো ফলাফল করে না।’ তিনি বলেন, ভালো ছাত্র তৈরি করতে না পারলে, ফলাফল ভালো না হলে, বিদ্যালয়টি টিকিয়ে রাখা মুশকিল হবে। তিনি শিক্ষকদের পাঠদানের প্রতি আগের চেয়ে আরও বেশি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন।প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক ফতেহ লোহানীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাংসদ মুরাদ হাসান, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খন্দকার আতিয়ার রহমান, জেলা প্রশাসক সিরাজ উদ্দিন আহমেদ, পিংনা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকরাম হোসাইন ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শামসুল আবেদীন তালুকদার প্রমুখ।