প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খাদ্যদ্রব্যের দাম বাড়লেও মানুষ খাদ্যে কষ্ট পাবে না। দেশের এক ইঞ্চি জায়গাও অনাবাদি রাখা যাবে না। দারিদ্র্যের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। গতকাল মঙ্গলবার বিকেলে বরিশালে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার প্রভাব বাংলাদেশেও পড়েছে। বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিলেও ষড়যন্ত্রের কারণে অর্থনৈতিক মুক্তি আনতে পারেননি। প্রয়োজনে বাবার মতো বুকের রক্ত ঢেলে দিয়ে এই অধিকার তিনি প্রতিষ্ঠা করে যাবেন। সরকার দুই বছরের মধ্যে জঙ্গিবাদ, দুর্নীতিবাজদের কলঙ্ক দূর করে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। শেখ হাসিনা বলেন, ‘দক্ষিণাঞ্চল সব সময় অবহেলিত। তবে এই অঞ্চল আর অবহেলিত থাকবে না। দক্ষিণাঞ্চলের মানুষ আমাদের ভোট দিয়ে সম্মান দিয়েছে, আমরা সেই সম্মানের প্রতিদান দেব।’ তিনি বলেন, আগামী শিক্ষা বছরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু করা হবে। ঢাকা থেকে বরিশাল-কুয়াকাটা সড়কে সব রাস্তাঘাট ও নদীর ওপর সেতু নির্মাণসহ যা যা প্রয়োজন, সব করা হবে। কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। পদ্মা সেতু নির্মাণ ও বরিশাল পর্যন্ত রেললাইন স্থাপন করা হবে। প্রতিটি জেলার সঙ্গে যোগাযোগব্যবস্থার উন্নয়ন করা হবে। বিশেষত বরিশাল-কুয়াকাটার পায়রা নদীতে সেতু নির্মাণ, বরিশাল ভোলা মহাসড়ক ও কালাবদর-তেঁতুলিয়া সেতু, বরিশাল-পিরোজপুরের বেকুটিয়া সেতু নির্মাণ করা হবে। ভোলার গ্যাস দিয়ে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে বরিশালসহ দক্ষিণাঞ্চলকে আলোকিত করা হবে।খাদ্যদ্রব্যের দাম বাড়লেও মানুষ কষ্ট পাবে না—উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এ সরকার গরিবের সরকার। এ বছরই প্রথম কৃষকেরা ধান ও পাটের ন্যায্য মূল্য পেয়েছে। সাধারণ মানুষের জন্য কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, ভিজিডি ও ভিজিএফ কার্ড এবং খোলা বাজারে চাল বিক্রি শুরু করেছে। কৃষক ভর্তুকির অর্থ যাতে নিজে ব্যাংক থেকে তুলতে পারে, সে জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করা হয়েছে।দক্ষিণাঞ্চলের মাটি উর্বর—উল্লেখ করে তিনি বলেন, একসময়ের শস্যভান্ডার হিসেবে খ্যাত বরিশালের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে। এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না। ৩০ মিনিটের বক্তব্যে প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলে একটি সমুদ্রবন্দর, পরিবেশসম্মত জাহাজ নির্মাণ শিল্প এবং জাহাজ ভাঙা শিল্প নির্মাণের প্রতিশ্রুতি দেন। এ ছাড়া বরিশালে মেরিন একাডেমি, জাদুঘর, শিশু হাসপাতালসহ বহু উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার প্রতিশ্রুতি দেন তিনি।বরিশাল মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ও সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরণের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, আওয়ামী লীগের উপদেষ্টা ও সাংসদ আমীর হোসেন আমু, তোফায়েল আহমেদ, এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ধর্মপ্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহউদ্দিন নাছিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসানাত আবদুল্লাহ, কেন্দ্রীয় নেতা বলরাম পোদ্দার, জাতীয় পার্টির মহাসচিব ও সাংসদ রুহুল আমীন হাওলাদার, সাংসদ তালুকদার মো. ইউনুস, মিসেস পারভীন তালুকদার। এ ছাড়া আরও বক্তব্য দেন বরিশাল বিভাগের বিভিন্ন এলাকার সাংসদ, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, আওয়ামী লীগের জেলা ও মহানগর নেতারা।এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১টায় বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নবনির্মিত ভবন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ উদ্বোধন করেন। দুপুর সাড়ে ১২টায় সার্কিট হাউস সম্মেলনকক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং সুধীসমাজের সঙ্গে মতবিনিময় করেন। দুপুর আড়াইটায় কীর্তনখোলা নদীর ওপর নির্মিত শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতু উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী পরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং বিকেল পাঁচটায় হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে যান।