খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবার জন্য খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বেসরকারি খাত ও উন্নয়ন-সহযোগীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দুই দিনব্যাপী ‘বাংলাদেশে খাদ্যনিরাপত্তা বিনিয়োগ ফোরাম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। খবর বাসস ও ইউএনবির।সরকারের খাদ্যনীতি বাস্তবায়নে বিনিয়োগের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘অনেক বেশি খাদ্য উৎপাদন খাদ্যপ্রাপ্তির নিশ্চয়তা দিতে পারে না। এ জন্য জনগণকে খাবার কেনার ক্ষমতা অর্জন করতে হবে।’ সরকার ২০১৫ সালের মধ্যে ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উল্লেখ করে তিনি বলেন, যত দ্রুত সম্ভব সবার জন্য খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে দেশকে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত করাই বর্তমান সরকারের অঙ্গীকার।বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস), ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট (আইএফপিআরআই), ইউএসএআইডি, ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) যৌথভাবে এ ফোরামের আয়োজন করেছে।শেখ হাসিনা বলেন, ‘আমাদের দেশে প্রতিবছর প্রায় ২০ লাখ করে মানুষ বাড়ছে। অন্যদিকে আবাদযোগ্য জমি ১ শতাংশ হারে কমছে। এ অবস্থায় ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যের ব্যবস্থা করা কঠিন, তবে অসম্ভব নয়।’২০০৭-০৮ সালের বিশ্বব্যাপী খাদ্যঘাটতি খাদ্যনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে বিশ্ববাসীকে বাধ্য করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ সংকট থেকে প্রমাণিত হয়েছে, প্রয়োজনের সময় আন্তর্জাতিক বাজার কোনো নির্ভরযোগ্য উৎস নয়।খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, ইউএসএআইডির প্রশাসক রাজীব শাহ, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিনিধি হিরোইউকি কোনুমা, খাদ্যনিরাপত্তা ও পুষ্টিবিষয়ক উপদেষ্টা ডেভিড নাবারো, আইএসপিআরআইয়ের মহাপরিচালক শেংগজেন, বিআইডিএসের মহাপরিচালক এম কে মুজেরি।রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ: প্রধানমন্ত্রী গতকাল সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ায় তাঁর সাম্প্রতিক সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে বলেন, তাঁর সফর সফল ও ফলপ্রসূ হয়েছে। সফরের ব্যাপারে সন্তোষ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রীর এ সফর বাংলাদেশের সঙ্গে ওই দুটি দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করবে।বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সাক্ষাৎ: প্রধানমন্ত্রী সব মানুষের ধর্মের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে তাঁর সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে এ দেশকে গড়ে তুলতে চাই।’ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গতকাল বিকেলে গণভবনে বৌদ্ধ সম্প্রদায়ের নেতা ও বিশিষ্ট নাগরিকেরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহজাহান মিয়া, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, সাংসদ বীর বাহাদুর, বিপ্লব বড়ুয়া, ধর্মগুরু পদ্মানন্দ মহাথেরো ও সুদানন্দ মহাথেরো বক্তব্য দেন।যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার তালিকায় বাংলাদেশ: খাদ্যনিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন ও সুশাসনসহ বিভিন্ন কর্মসূচিতে সহায়তা দিতে বাংলাদেশকে অগ্রাধিকার তালিকায় রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংস্থা ইউএসএআইডির প্রশাসক রাজীব শাহ গতকাল দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাতের সময় এ কথা বলেন।