খাদ্য উৎপাদনে আত্মনির্ভরশীলতা অর্জন, রপ্তানি ও বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতার (সাউথ-সাউথ অ্যান্ড নর্থ কো-অপারেশন) আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সদর দপ্তরে গতকাল মঙ্গলবার স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। খবর ইউএনবির।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খাদ্য উৎপাদন ও খাদ্যনিরাপত্তা বর্তমানে স্বল্পোন্নত দেশগুলোর প্রধান উদ্বেগের বিষয়। জলবায়ু পরিবর্তন এবং ২০০৮ সালের বৈশ্বিক মন্দার কারণে বিশ্বজুড়ে খাদ্যের ঘাটতি দেখা দিয়েছে। এমনকি অর্থের অভাব না থাকলেও খাদ্য সংগ্রহে হিমশিম খেতে হচ্ছে ধনী দেশগুলোকে।খাদ্যের ঘাটতি মোকাবিলায় গরিব দেশগুলোর নিজেদের মধ্যে এবং তাদের সঙ্গে ধনী দেশগুলোর সহযোগিতাসহ নতুন নতুন কৌশল গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন শেখ হাসিনা। এর মধ্যে আছে, এক দেশের পতিত জমি চাষাবাদে অন্য দেশ থেকে সেখানে কৃষক পাঠানো এবং উন্নত বিশ্বের সরবরাহ-সুবিধা ও প্রযুক্তি কাজে লাগানো।প্রধানমন্ত্রী জানান, সারা বিশ্বে সাম্প্রতিক অর্থনৈতিক মন্দা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জন কঠিন হয়ে পড়েছে। শেখ হাসিনা বলেন, এই দুটি সমস্যারই উৎপত্তি উন্নত বিশ্বে। অথচ এর জন্য বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে স্বল্পোন্নত দেশগুলোকে। তাদের বিনিয়োগ কমে গেছে এবং প্রবাসী-আয়, পর্যটন, রপ্তানি, খাদ্য ও জ্বালানি ঘাটতির মুখে পড়তে হয়েছে।শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্তদের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক পুনর্বাসন নিশ্চিত করতে ‘ইউএন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসি)’ প্রটোকলের অধীনে একটি নতুন যৌক্তিক কর্মপদ্ধতি গ্রহণের জন্য স্বল্পোন্নত দেশগুলোর সম্মিলিতভাবে আহ্বান জানানোর এখনই সময়। আগামী ডিসেম্বরে কানকুনে সিওপি১৬ সম্মেলনে সেটা করা যায়।প্রধানমন্ত্রী জানান, এলডিসি, এসআইডিএস ও এমভিসি—সবার জন্যই জলবায়ু পরিবর্তন প্রধান উদ্বেগের বিষয়। গত বছর সিওপি১৫-তে তিনি বলেছিলেন, জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হিসেবে এলডিসি দেশগুলোকে নিজেদের দাবি প্রতিষ্ঠিত করতে হবে। আর উন্নত দেশগুলোর কাছ থেকে সর্বোচ্চ অর্থনৈতিক সহযোগিতা আদায় করতে হবে। কেননা, এর জন্য উন্নত বিশ্বই দায়ী।জলবায়ু পরিবর্তন তহবিল গঠনে নিজের আহ্বান আবারও পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি গভীরভাবে অনুভব করি, আগামী ডিসেম্বরে কানকুনে সিওপি১৬-তে যাওয়ার আগে আমাদের নিজেদের মধ্যে সব ইস্যুতেই মতৈক্যে পৌঁছানো প্রয়োজন।’জলবায়ু পরিবর্তন তহবিল থেকে বাংলাদেশকে সাহায্যের গুরুত্বের বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ১৬ কোটি মানুষের দেশ। এর মধ্যে তিন কোটি মানুষ বাস করে উপকূলীয় এলাকায়। সমুদ্রে পানির উচ্চতা এক মিটার বেড়ে গেলে ওই সব এলাকা তলিয়ে যাবে। তিনি আরও বলেন, ‘এ জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গৃহীত ১৩৪ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা এই তহবিলের দিকে তাকিয়ে আছি।’জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট উদ্বাস্তুদের পুনর্বাসনে একটি মতৈক্যে পৌঁছানোর জন্য এলডিসি দেশগুলোর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। এলডিসির জন্য বাণিজ্যে শুল্কমুক্ত কোটা-সুবিধা দেওয়ার জন্য উন্নত দেশগুলোকে অবশ্যই রাজি করাতে হবে বলে তিনি জানান। একই সঙ্গে বিশ্ব বাণিজ্য সংস্থার দোহা রাউন্ড আলোচনা দ্রুত শেষ করার আহ্বান জানান তিনি।