খাদ্যপণ্যের দাম কমাতে প্রধানমন্ত্রীর তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজারে খাদ্যপণ্যের দাম অনেক বেশি উল্লেখ করে জরুরি পদক্ষেপ নিয়ে দাম সহনীয় পর্যায়ে আনার নির্দেশ দিয়েছেন। এ লক্ষ্যে তিনি সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি বাড়িয়ে এবং টিসিবিকে আরও কার্যকর করার নির্দেশ দেন। পাশাপাশি তিনি বাজারে নজরদারি বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।আজ রোববার মন্ত্রিসভার বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনায় প্রধানমন্ত্রী এসব নির্দেশ দেন বলে জানা গেছে।মন্ত্রিসভা বৈঠকের দায়িত্বশীল সূত্র জানায়, প্রধানমন্ত্রী খাদ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনতে কতিপয় সুনির্দিষ্ট প্রস্তাব করেন। মিলারদের দীর্ঘমেয়াদে ব্যাংক ঋণ না দিয়ে প্রয়োজনীয় সময়ের জন্য এবং কত ঋণের প্রয়োজন হতে পারে, তাও বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, অনেক সময় দীর্ঘমেয়াদে ঋণের সুযোগ দেওয়া হলে সে ঋণের টাকায় চাল গুদামজাত করে রাখার সুযোগ সৃষ্টি হয়। আর স্বল্প মেয়াদের ঋণ হলে, তা পরিশোধের তাগিদ থাকবে। তখন চাল গুদামজাত করে রাখার সুযোগ সীমিত হবে।প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বাজারে মন্ত্রণালয়ের তদারকি-নজরদারি বাড়ানোর পরামর্শ দেন। নিবিড় পর্যবেক্ষণ করে আমদানি দ্রুততার সঙ্গে শেষ করার জন্যও তাগিদ দেন তিনি।প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, আন্তজার্তিক বাজারে দাম বেড়েছে বলে দেশীয় বাজারে দাম বাড়ানো যাবে না। ধনীরা দ্রব্যাদি কিনতে পারলেও গরিবরা কষ্টের মধ্যে পড়ে যাবে। তাই দাম সহনীয় পর্যায়ে রাখতে হবে। এ ক্ষেত্রে তিনি সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতা বাড়ানো এবং টিসিবিকে আরও কার্যকর করার নির্দেশ দেন।সূত্র জানায়, প্রধানমন্ত্রী খাদ্য খাতে আরও ভর্তুকি দিয়ে তা সহনীয় পর্যায়ে আনা যায় কি না, তার ওপর গুরুত্বারোপ করেন। তবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ভর্তুকির বিরোধিতা করে বলেন, তাহলে দেশের সার্বিক অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে।বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে বাণিজ্যমন্ত্রী ফারুক খানের উদ্দেশে বলেন, ‘হুঙ্কার দিয়ে লাভ হবে না। কাজে আরও সক্রিয় ও গতিশীল হোন। কাজেই পরিচয় দেবে আপনি করতে পারছেন।’শেয়ারবাজার প্রসঙ্গ: সূত্র জানায়, বৈঠকে শেয়ারবাজারের দরপতন নিয়ে প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, শেয়ারবাজারের সাম্প্রতিক পরিস্থিতি কাম্য নয়। একে নিয়মকানুনের মধ্যে রাখতে হবে, যাতে বিক্ষোভ বা ভাঙচুরের মতো ঘটনা না ঘটে।মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, বৈঠকে প্রস্তাবিত ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) আইনের অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বৈত করারোপ পরিহার এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধ-সংক্রান্ত চুক্তি এবং বাংলাদেশ ও ভুটানের মধ্যে সংস্কৃতি, শিক্ষা ও বৈজ্ঞানিক সহযোগিতা চুক্তির অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।