প্রধানমন্ত্রী শেখ হাসিনা জরুরি পদক্ষেপ নিয়ে খাদ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনার নির্দেশ দিয়েছেন। এ জন্য তিনি সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি বাড়ানো এবং টিসিবিকে আরও কার্যকর করার কথা বলেন। পাশাপাশি তিনি বাজারে নজরদারি বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।গতকাল রোববার মন্ত্রিসভার বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে জানা গেছে। ভরা মৌসুমে চালের দাম বাড়ার পেছনে কোনো অদৃশ্য শক্তি কাজ করছে কি না, তা খতিয়ে দেখতে বলেন প্রধানমন্ত্রী।এদিকে গতকাল খাদ্য মন্ত্রণালয়ে অপর এক বৈঠকে ১ ফেব্রুয়ারি থেকে খোলাবাজারে বিক্রি করা চালের দাম প্রতি কেজিতে এক টাকা বাড়িয়ে ২৫ টাকা করা এবং সরকারি কর্মচারীদের রেশন-সুবিধার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়।খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় খাদ্য মন্ত্রণালয়ের এই প্রস্তাব অনুমোদন করা হয়। মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সভায় খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী ফারুক খান ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা।দ্রব্যমূল্য প্রসঙ্গ: মন্ত্রিসভা বৈঠকের দায়িত্বশীল সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনতে কিছু সুনির্দিষ্ট প্রস্তাব করেন। মিলমালিকদের দীর্ঘ মেয়াদে ব্যাংকঋণ না দিয়ে প্রয়োজনীয় সময়ের জন্য এবং কত ঋণের প্রয়োজন হতে পারে, তা বিশ্লেষণে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, অনেক সময় দীর্ঘ মেয়াদে ঋণের সুযোগ দেওয়া হলে সেই ঋণের টাকায় চাল গুদামজাত করে রাখার সুযোগ সৃষ্টি হয়। আর যদি স্বল্প মেয়াদের ঋণ হয়, তাহলে তা পরিশোধের তাগিদ থাকবে। তখন চাল গুদামজাত করে রাখার সুযোগ সীমিত হবে। প্রধানমন্ত্রী অভ্যন্তরীণ ক্ষেত্রে খাদ্যবাহী যানের চলাচল আরও সহজ, নিরাপদ ও দ্রুত করার তাগিদ দেন।প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বাজারে মন্ত্রণালয়ের তদারকি-নজরদারি বাড়ানোর পরামর্শ দেন। নিবিড় পর্যবেক্ষণ করে আমদানি দ্রুততার সঙ্গে শেষ করার জন্যও তাগিদ দেন তিনি। প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে বলে দেশীয় বাজারে দাম বাড়ানো যাবে না। ধনীরা পণ্য কিনতে পারলেও গরিব মানুষ কষ্টের মধ্যে পড়ে যাবে। তাই দাম সহনীয় পর্যায়ে রাখতে হবে। এ ক্ষেত্রে তিনি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়ানো এবং টিসিবিকে আরও কার্যকর করার নির্দেশ দেন। সূত্র জানায়, প্রধানমন্ত্রী খাদ্য খাতে আরও ভর্তুকি দিয়ে তা সহনীয় পর্যায়ে আনা যায় কি না, তার ওপর গুরুত্বারোপ করেন। তবে অর্থমন্ত্রী ভর্তুকির বিরোধিতা করে বলেন, তাহলে দেশের সার্বিক অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে।বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে কথা বলতে গিয়ে বাণিজ্যমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘হুংকার দিয়ে লাভ হবে না। কাজে আরও সক্রিয় হোন। গতিশীল হোন। কাজেই পরিচয় দেবে আপনি করতে পারছেন।’সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা ও একজন প্রতিমন্ত্রী দলের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদেরের সাম্প্রতিক কিছু বক্তব্য তুলে ধরেন। তাঁরা বলেন, ওবায়দুল কাদের সরকার ও মন্ত্রীদের নিয়ে কিছু কথাবার্তা বলে যাচ্ছেন। এমনকি মন্ত্রীদের মধুচন্দ্রিমা শেষ হয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন। তাঁর কোনো বক্তব্য থাকলে দলীয় ফোরামে বলতে পারতেন। কিন্তু গণমাধ্যমে অনবরত নানা কথাবার্তা তিনি বলেই যাচ্ছেন। এই বক্তব্যের সঙ্গে মন্ত্রিসভার অন্য সদস্যরা একমত পোষণ করেন বলে জানা গেছে।শেয়ারবাজার প্রসঙ্গ: সূত্র জানায়, বৈঠকে শেয়ারবাজারের দরপতন নিয়ে প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, শেয়ারবাজারের সাম্প্রতিক পরিস্থিতি কাম্য নয়। একে নিয়ম-কানুনের মধ্যে রাখতে হবে। বিক্ষোভ বা ভাঙচুরের মতো ঘটনা যাতে না ঘটে।মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, বৈঠকে প্রস্তাবিত ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) আইনের অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বৈত কর পরিহার, রাজস্ব ফাঁকি প্রতিরোধসংক্রান্ত চুক্তি এবং বাংলাদেশ-ভুটানের মধ্যে সংস্কৃতি, শিক্ষা ও বৈজ্ঞানিক সহযোগিতা চুক্তির অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।খাদ্য মন্ত্রণালয়ে বৈঠক: মন্ত্রণালয়ে বৈঠক শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের ১ ফেব্রুয়ারি থেকে ওএমএসের চালের দাম বাড়ানোর কথা জানান। বলেন, এ মাসেই তিন লাখ ১৫ হাজার সরকারি কর্মচারীকে রেশন দেওয়া হবে।প্রত্যেক কর্মচারী মাসে ২০ কেজি খাদ্য পাবেন। ১০ কেজি গম, ১০ কেজি চাল অথবা এর যেকোনো একটি ২০ কেজিই নিতে পারবেন। চালের কেজি হবে ২৫ টাকা আর গম ২০ টাকা।এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, সরকারের মজুদ ঘাটতি হবে না। কারণ দুই লাখ টন চাল ইতিমধ্যে চট্টগ্রাম ও মংলা বন্দরে পৌঁছেছে। ভিয়েতনাম থেকে আড়াই লাখ টন চাল আগামী মাসেই পৌঁছে যাবে।আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কারসাজি করে যারা বাজারে দাম বাড়াচ্ছে, তাদের বিষয়ে গোয়েন্দা সংস্থা তদন্ত করছে। তিনি এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।খোলাবাজারে চালের দাম বাড়ানো প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, বাজারের ওপর চাপ কমাতে আপতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি আন্তর্জাতিক বাজারে দাম কমে, তখন আবার দাম কমিয়ে দেওয়া হবে। এত আগে দাম বাড়ানোর ঘোষণা কেন—এই প্রশ্নের জবাব দেননি মন্ত্রী।