খাদ্যমূল্য বৃদ্ধিতে নাজুক শিশুপুষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকার বাসিন্দা পোশাকশ্রমিক আল আমীন ও তাঁর স্ত্রী মাহিনূর। এই দম্পতির আট বছরের বড় মেয়েটি প্রায়ই সকালে না খেয়ে স্কুলে যায়। দেড় বছর বয়সী ছোট মেয়েটির মায়ের দুধের পরিপূরক কোনো পুষ্টিকর খাবার জোটে না।বড় মেয়েকে দেড় বছর বয়সে খিচুড়িজাতীয় আলাদা খাবার দিতে পারতেন মাহিনূর। তিনি বলেন, এখন দিনে দুবেলা পেট ভরে ভাত খেতে পারলেই তাঁরা খুশি। সব জিনিসের দাম চড়া। মাসে সাড়ে সাত হাজার টাকার মতো আয় দিয়ে বাচ্চার জন্য পুষ্টিকর খাবারের চিন্তা করা তাঁদের কাছে বিলাসিতা।গত দুই সপ্তাহে আদাবর, রাজাবাজার, আগারগাঁও, কারওয়ান বাজার, মহাখালী, আজিমপুরে নিম্ন আয়ের কিছু পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুদের আলাদা পুষ্টিকর খাবার দেওয়ার চেষ্টা তারা করছে না। ভাতের সঙ্গে কোনো রকমে শাক বা সবজি জোটাতে পারলেও সপ্তাহে এক বা দুই দিনের বেশি মাছ জোটে না। দুধ বা ফলমূল খাওয়ার কথা ভাবে না তারা।পরিবারগুলো বলেছে, ২০০৮ সালে খাদ্যপণ্যের দাম বাড়ার পর কিছুকাল মোটামুটি চালাতে পেরেছিল তারা। কিন্তু গত বছরের মাঝামাঝি থেকে তাদের অবস্থা খুবই নাজুক।খাদ্যপণ্যের দাম এক দশকের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছিল ২০০৮ সালে। একাধিক সমীক্ষা ও হিসাব বলছে, সে অবস্থা আবার ফিরে এসেছে।পুষ্টিবিদেরা বলছেন, প্রান্তিক পরিবারের শিশুদের জন্য দ্রুতই পুষ্টি জোগানোর সহায়ক কর্মসূচি নেওয়া জরুরি। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) হিসাবে, দেশে এ ধরনের শিশুর সংখ্যা প্রায় এক কোটি ৯৫ লাখ।গভীর সংকটে শিশুর পুষ্টি: ইউনিসেফের পুষ্টিবিশেষজ্ঞ মো. মহসীন আলী প্রথম আলোকে বলেন, বাংলাদেশের পুষ্টি-পরিস্থিতি এমনিতেই নাজুক। খাদ্যদ্রব্যের দাম বাড়লে মানুষ খাবারের তালিকায় কাটছাঁট করে। তখন শিশুদের পুষ্টি-পরিস্থিতি বেশি হুমকির মধ্যে পড়ে। তিনি বলেন, শিশুদের দৈহিক ও মানসিক বিকাশের জন্য তিন বেলা ভারী খাবার আর মাঝখানে দুবার হালকা কিছু খাওয়ানো প্রয়োজন। শিশুদের পর্যাপ্ত প্রাণিজ আমিষ দরকার। সেটা এখন অনেক পরিবারই মেটাতে পারছে না।বাংলাদেশে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ২০১০ সালে মানুষের ন্যূনতম পুষ্টিচাহিদা পূরণে একটি খাদ্যতালিকা তৈরি করেছে। এফএওর হিসাবে, শুধু এ তালিকাটি মেটাতে পাঁচ সদস্যের একটি পরিবারের মাসে কমপক্ষে ১০ হাজার টাকা লাগার কথা।২০০৮ সালের পর সবচেয়ে নাজুক: ভুক্তভোগী অনেকেরই ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলের কথা মনে পড়ছে। রাজাবাজারে মাহিনূরের প্রতিবেশী শাহনাজ বেগম ও মাকসুদ বেপারী। ঠিকে ঝি শাহনাজ আর তাঁর বিদ্যুৎমিস্ত্রি স্বামী মিলে মাসে সাড়ে আট হাজার টাকা আয় করেন। শাহনাজ বলেন, ‘ফখরুদ্দিনের (গত তত্ত্বাবধায়ক সরকারের সময়) আমলে যে অবস্থা ছিল, এখনো সেই অবস্থাই। তিন মাইয়াই না খাইয়া স্কুলে যায়। যেই দিন পারি, হেই দিন দুই ট্যাকা দিই। ট্রাক থেইকা চাল নিই।’ তিনি এলাকায় ‘ভাঙ্গা বাজার’ নামে পরিচিত সস্তার বাজার থেকে ঝড়তিপড়তি শাক-সবজি, একটু নরম হওয়া মাছ কেনেন। তবে মাছ কেনেন সপ্তাহে বড়জোর দুই দিন।২০০৮ সালের পুষ্টি-পরিস্থিতিকে ইউনিসেফ ‘নীরব জরুরি অবস্থা’ বলেছিল। এ বছর খাদ্যের মূল্য বৃদ্ধি ও দারিদ্র্যের ওপর তার প্রভাবসংক্রান্ত বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে বলা হয়েছে, এখন মানুষের খাদ্যনিরাপত্তা ও পুষ্টি-পরিস্থিতি ২০০৮ সালের মতোই উদ্বেগজনক। প্রতিবেদনটি বলছে, খাদ্যপণ্যের দাম অল্পদিনের জন্য চড়া থাকলেও তা দারিদ্র্য ও পুষ্টি-পরিস্থিতির ওপর ব্যাপক প্রভাব পড়ে। দরিদ্র জনগোষ্ঠী তখন খাদ্যের পরিমাণ ও পদ কমিয়ে দেয়।বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) খাদ্যনিরাপত্তা নজরদারি বুলেটিন (জানুয়ারি, ২০১১) অনুযায়ী, মোটা চালের দাম ২০০৮ সালের পর এ বছরই সর্বোচ্চ সীমা ছুঁয়েছে। ডাল ছাড়া সব ধরনের খাদ্যপণ্যের দাম ২০০৮ সালের কাছাকাছি এবং কোনো কোনো ক্ষেত্রে গত বছরের তুলনায় অনেক বেশি।বাংলাদেশে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গত পাঁচ বছরের জুন মাসের খাদ্যপণ্যের তালিকা পর্যালোচনা করে দেখা যায়, এ বছর খাদ্যপণ্যের দাম ২০০৮ সালের মতো বা ক্ষেত্রবিশেষে বেশি। আর গত বছরের তুলনায় এ বছর তেল ও চিনির দাম বেড়েছে ৪০ শতাংশ, চালের দাম বেড়েছে ২৩ শতাংশ।ভাতই ভরসা: জাতীয় পুষ্টি কার্যক্রমের তথ্য পুস্তিকায় বলা হচ্ছে, তিন বছরের কম বয়সী শিশুদের ভাত, শাকসবজি, চিনি বা গুড়, তেল, দুধ ও ফলের পাশাপাশি কমপক্ষে ৩০ গ্রাম মাছ, মাংস বা ডিম এবং ৬০ গ্রাম ডাল খেতে দিতে হবে।কারওয়ান বাজারে ১১ জুন দুপুরে রাস্তায় রুমাল বিক্রি করছিল মাহমুদা। তেজকুনিপাড়ায় একটি ঘরে বুড়ো বাবা আর ছোট বোনের সঙ্গে সে থাকে। সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল সুরভীর প্রথম শ্রেণীতে পড়ে সে। মাহমুদা ভাত খেয়েছে আগের রাতে। আবার খাবে বেলা তিনটার দিকে, করলাভাজি দিয়ে। সে জানাল, কাছেই একটি দোকানের এক কর্মকর্তা কখনো কখনো তাকে মাছ দিয়ে ভাত খেতে দেন।আদাবরে ‘শিশুদের জন্য আমরা’ নামের একটি বেসরকারি আশ্রয়কেন্দ্রের পরিচালক হাজেরা বেগম বলেন, তাঁরা এখন কেনাকাটা কমিয়ে দিয়েছেন। আশ্রয়কেন্দ্রের ২১টি শিশুর জন্য পুরো সপ্তাহে তিন দিন মাত্র এক বেলা মাছ বা ডিমের ব্যবস্থা করেন। প্রতিদিন সাড়ে সাত কেজি চাল লাগে। সরকারের খোলাবাজারি ট্রাক থেকে সেই চাল তাঁরা সংগ্রহ করেন। এই মৌসুমে এক দিনও এই শিশুদের তিনি ফল দিতে পরেননি।দ্রুত পদক্ষেপ দরকার: আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) পুষ্টি কর্মসূচির প্রধান তাহমিদ আহমেদ প্রথম আলোকে বলেন, চাল-আটার মতো সরকারিভাবে ন্যায্য মূল্যে তেল-ডাল বিক্রি করা দরকার। পাশাপাশি শিশুদের অনুপুষ্টি-চূর্ণ (ভিটামিন এ, দস্তা, লৌহ বা আয়রন ইত্যাদি) সরবরাহ করা জরুরি। জন্মের পর প্রথম ছয় মাস শুধু মায়ের দুধ খাওয়ানো এবং তারপর ঘরে যা আছে সব মিশিয়ে একটা পরিপূরক খাবারের ব্যাপারে আরও সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে।জাতীয় জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ফাতিমা পারভিন চৌধুরী জানান, তাঁর প্রতিষ্ঠান অপেক্ষাকৃত সস্তা অথচ পুষ্টিগুণসমৃদ্ধ খাবারের নতুন একটি নির্দেশিকা তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকার অপুষ্টিতে আক্রান্ত দরিদ্র শিশুদের জন্য ভাত, ডাল ও ডিম বিতরণ করতে পারে।খাদ্য মন্ত্রণালয়ের সরবরাহ বিভাগ জানায়, খোলাবাজারে সস্তায় চাল ও আটা ছাড়া ডাল-তেল ন্যায্য মূল্যে বিতরণের এখতিয়ার তাদের নেই। তবে টিসিবি ডাল, তেলসহ বেশ কিছু পণ্য বাজারমূল্যের চেয়ে কিছুটা কম দামে সরবরাহ করার কথা ভাবছে।২০০৮ ও ২০১০ সালের কিছু খাদ্যমূল্যের তুলনাপণ্য জুন ২০০৮ জুন ২০১১ চাল (মোটা) কেজি ৩১-৩২ টাকা ৩০-৩৩ টাকা ডাল কেজি ৮২-৯৫ টাকা ৬৮-৯৫ টাকা সয়াবিন তেল (লিটার) ১০১-১০৩ টাকা ১০৮-১১০ টাকা চিনি (কেজি) ৩৪-৩৫ টাকা ৬০-৬২ টাকা সূত্র: টিসিবি