খাদ্যমূল্য বৃদ্ধিসংকট মোকাবিলায় রোমে সভা ২৪ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা (এফএও) ২৪ সেপ্টেম্বর রোমে বৈশ্বিকভাবে খাদ্যমূল্য বৃদ্ধিসংকট মোকাবিলায় নীতিনির্ধারকদের এক বিশেষ সভা আহ্বান করেছে। বৃহস্পতিবার রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন খাদ্যশস্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে দেওয়ার পরপরই আজ শুক্রবার এ সভা আহ্বান করল সংস্থাটি। সংস্থাটি জানায়, রপ্তানি ও আমদানিকারক দেশগুলোর সঙ্গে বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে গঠনমূলক আলোচনা করাই এ সভা আহ্বানের উদ্দেশ্য।বিশ্বের বৃহত্তম শস্য উৎপাদনকারী দেশ রাশিয়ায় এবার অনাবৃষ্টির কারণে গম ও যবের মতো নিত্যপ্রয়োজনীয় শস্যের আশানুরূপ উৎপাদন হয়নি। দাবদাহে দেশটির বিভিন্ন অঞ্চলের ফসল নষ্ট হয়েছে। ফলে বৈশ্বিকভাবে শস্যের দাম বৃদ্ধি পেয়েছে।জুলাইয়ের শুরুর দিকে নিত্যপ্রয়োজনীয় শস্যগুলোর মধ্যে গমের দাম ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেশের চাহিদা মেটাতে রাশিয়ার যেখানে আট কোটি টন শস্য প্রয়োজন, সেখানে তা হ্রাস পেয়ে ছয় কোটি টনে নেমে এসেছে। এ কারণে দেশটি এ বছরের ১৫ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শস্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেও আগামী বছর শস্য উত্পাদনের আগ পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবত্ রাখার ঘোষণা দিয়েছে। এ পরিস্থিতিতে খাদ্যমূল্য আরও বৃদ্ধি পেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে বিশ্ব খাদ্য সংস্থা।—বিবিসি