খাদ্যশস্য বাদ, বাড়ছে তামাকের চাষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারের দাম বেড়েছে; সময়মতো পাওয়া যায় না। ভালো বীজ কিনতে লাগে অনেক টাকা; আবার বেশির ভাগ ক্ষেত্রে ঠকতে হয়। কৃষিশ্রমিকের মজুরি ও সেচের খরচ গত এক দশকে বেড়েছে তিন গুণ। কিন্তু সবজির দাম বাড়েনি। বাজারে যে দামে বিক্রি হয়, কৃষক পান তার অর্ধেক। লাভ তো দূরের কথা, ফসলের উৎপাদন খরচও ওঠে না। তাই কম খরচে বেশি লাভের নিশ্চয়তায় জেলার কৃষকেরা তামাক চাষের দিকে ঝুঁকে পড়েছেন। কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তর দিনাজপুরে তামাকের চাষ বৃদ্ধির কথা স্বীকার করেছে।জেলা দিনাজপুর সদর উপজেলার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের চাষি মো. মতিয়ার রহমান ২৩ মার্চ জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পরই কৃষকেরা বোরো, পরবর্তী সময় আমন ও গমের ন্যায্য দাম পাননি। সবজির দাম নেই। বাঁধাকপি, ফুলকপি, টমেটো, মুলা ও লাউয়ের মতো সবজি গরুকে খাওয়ানো হচ্ছে। আলুর দাম নেই। হিমাগারে জায়গা নেই। তিনি আরও জানান, সারের দাম কমেছে এবং চাহিদামতো পাওয়া যাচ্ছে, এ কথা সত্য। কিন্তু সেচ, বীজ, কীটনাশক ও ফসল উৎপাদনে সবচেয়ে বড় ব্যয় ‘শ্রমিকদের মজুরি’ কমেনি। কৃষকেরা ভীষণভাবে ক্ষতির মুখে পড়েছেন। দাম না পাওয়ায় উৎসাহ হারিয়ে কৃষক লাভজনক তামাকচাষে ঝুঁকছেন।সদর উপজেলার ২ নম্বর সুন্দরবন ইউনিয়নের তরঙ্গণী গ্রামের কৃষক মো. হাফিজুর রহমান জানান, চলতি মৌসুমে ইউনিয়নের অনেক কৃষক তামাকের চাষে ঝুঁকছেন। গত বছর তিনি নিজে ছয় একর জমিতে গমের চাষ করেছিলেন। এবার এক একরে গম, দুই একরে আলু ও তিন একরে তামাকের চাষ করেছেন।দিনাজপুর সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. দবিরুল ইসলাম জানান, জেলার খানসামা, চিরিরবন্দর ও সদর এই তিন উপজেলার ভেতর দিয়ে বয়ে গেছে আত্রাই, ঢেপা, পুনর্ভবা, কাঁকড়া ও গর্ভেশ্বরী নদী। নদীগুলোর অববাহিকায় বিস্তীর্ণ এলাকাজুড়ে রবি মৌসুমে কৃষকেরা গম, আলু, টমেটোসহ বিভিন্ন সবজি চাষ করতেন। কিন্তু এবার বেশির ভাগ জমিতে কৃষকেরা তামাকের চাষ করেছেন।তামাকচাষিরা জানান, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানি, ঢাকা টোব্যাকো কোম্পানি ছাড়াও হরিণ বিড়ি, আকিজ বিড়ি, আনছার বিড়ি, মতিয়ার বিড়িসহ বিভিন্ন টোব্যাকো কোম্পানি তাদের সুপারভাইজরদের মাধ্যমে কৃষকদের তামাকচাষে উৎসাহিত করছে। তারা কৃষকদের চারা, সার, কীটনাশকসহ যাবতীয় উপকরণের অর্থ আগাম দিচ্ছে। পাশাপাশি পুরো তামাকপাতা বেশি দামে কিনছে। এক একর জমিতে ধানচাষে খরচ হয় কমপক্ষে ২৫ হাজার টাকা। ধান হবে সর্বোচ্চ ৮০ মণ। ৭০০ টাকা বস্তা হিসেবে ৪০ বস্তা ধানের দাম ২৮ হাজার টাকা। কিন্তু সমপরিমাণ জমিতে তামাকের চাষ করলে উৎপাদন খরচ হবে ১২ হাজার টাকা। কোম্পানি প্রতি কেজি তামাকপাতা কিনবে ১১০ থেকে ১৫০ টাকায়। এক একর জমির তামাকপাতা বিক্রি হবে কমপক্ষে এক লাখ টাকায়। সবচেয়ে বড় কথা হলো ধান, গম বা আলু চাষ করে তা ভালো দামে বিক্রির কোনো নিশ্চয়তা নেই। কিন্তু তামাকপাতা বিক্রির শত ভাগ নিশ্চয়তা আছে।দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী জেলা নীলফামারী ও রংপুরে ব্যাপক ভিত্তিতে তামাকের চাষ হয়। কিন্তু দিনাজপুরের কৃষকেরা এত দিন তামাকের চাষ করতেন না। নিজেদের প্রয়োজনে কৃষকেরা সামান্য যেটুকু তামাকের চাষ করতেন, পুরো জেলায় এর পরিমাণ ছিল মাত্র দুই থেকে তিন হেক্টর জমি। ফলে কৃষি অফিস তা পরিসংখ্যান হিসেবে আনত না।সরেজমিনে দেখা গেছে, জেলার ১৩ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি তামাকের চাষ হয়েছে খানসামা উপজেলায়, প্রায় ১৭৫ হেক্টর জমিতে। এর পরই দিনাজপুর সদরের অবস্থান। সেখানে ১২৫ হেক্টর জমিতে তামাকের চাষ হয়েছে। এ ছাড়া ঘোড়াঘাট উপজেলায় ৫০, চিরিরবন্দরে ৪৫, কাহারোলে ২০, বিরল উপজেলায় ১০ হেক্টরসহ সব উপজেলায় কিছু না কিছু জমিতে তামাকের চাষ করেছেন কৃষকেরা। খানসামা উপজেলার ২ নম্বর ভেড়ভেড়ি, ৪ নম্বর খামারপাড়া, ৫ নম্বর ভাবকী, ৬ নম্বর গোয়ালডিহি, চিরিরবন্দর উপজেলার ১১ নম্বর তেঁতুলিয়া, ১২ নম্বর আলোকডিহি, ৮ নম্বর সাতনালা, ৫ নম্বর আবদুলপুর, সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী, ২ নম্বর সুন্দরবন, ৩ নম্বর ফাজিলপুর ও ৪ নম্বর শেখপুরাসহ বিভিন্ন ইউনিয়নে কৃষকেরা ব্যাপক হারে তামাকের চাষ করেছেন।বিরামপুর পৌর এলাকার দয়ারপাড়া গ্রামের আবু তালেবের ছেলে মোস্তাফিজুর রহমান জানান, ২৫ কাঠা জমিতে তিনি সবজি চাষ করতেন। কয়েক বছর সবজিচাষে লোকসান হওয়ায় গত দুই বছর আগে তাঁর ভগ্নিপতি রংপুরের তারাগঞ্জ উপজেলার হালিয়াকুটি গ্রামের আবদুল মিয়া তাঁকে তামাকচাষের পরামর্শ দেন। তিনি তাঁকে বিনা পয়সায় তামাকের বীজ সরবরাহ করেন। গত বছর তিনি ওই ২৫ কাঠা জমিতে তামাকের চাষ করে ২৪ হাজার ৮৫০ টাকা পেয়েছিলেন। বর্তমানে তিনি এলাকার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ছয় বিঘা জমি লিজ নিয়ে তামাকের চাষ করেছেন বলে জানান।মোস্তাফিজুরের তামাকচাষে সফলতা দেখে দয়ারপাড়া গ্রামের মোখলেছুর রহমান (২৮) দুই বিঘায়, আজিজুল ইসলাম (৩৫) তিন বিঘায়, আজমল হোসেন (৪০) দুই বিঘায়সহ গ্রামের আরও অনেকে তামাকের চাষে ঝুঁকেছেন।বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহ আলম জানান, বিরামপুরে ঠিক কত একর জমিতে তামাকের চাষ হচ্ছে, তা তিনি জানেন না। এ বিষয়ে শিগগিরই তিনি কৃষকদের সঙ্গে কথা বলবেন বলে জানান।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম মণ্ডল জানান, দিনাজপুরের কৃষকেরা ব্যাপক হারে গম ও সবজি চাষ করতেন। কিন্তু চলতি মৌসুমে গমের চাষ কমেছে। বেড়েছে তামাকের চাষ। সাড়ে ৪০০ হেক্টর জমিতে তামাকের চাষ হয়েছে। এই অবস্থা কৃষি বিভাগকে ভাবিয়ে তুলেছে। কারণ, দিনাজপুর হলো দেশের সবচেয়ে বড় খাদ্য উৎপাদনকারী জেলা। খাদ্য বাদ দিয়ে তামাক চাষের প্রবণতা বাড়লে দেশের খাদ্যনিরাপত্তা বিঘ্নিত হবে বলে তিনি মন্তব্য করেন।নজরুল ইসলাম বলেন, গমচাষের লক্ষ্যমাত্রা ছিল ৩৩ হাজার হেক্টর জমি। কিন্তু চাষ হয়েছে ২৩ হাজার ৩৪৭ হেক্টরে। লক্ষ্যমাত্রা অনুযায়ী সাড়ে নয় হাজার হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৩৪ হাজার হেক্টর। আবাদ হয়েছে ৩৬ হাজার হেক্টরে। আলু ও সবজি চাষ করে কৃষকেরা ক্ষতির মুখে পড়ার কথা তিনি স্বীকার করেন।