খাদ্যশস্য মজুদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যাঁরা অধিক মুনাফার আশায় খাদ্যশস্য মজুদ করেন, অবশ্যই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। সাধারণ জনগণকে কষ্ট দিয়ে এ ধরনের মজুদদারি করতে দেওয়া হবে না।আজ বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সাংসদ অপু উকিলের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রায় পৌনে এক ঘণ্টা প্রধানমন্ত্রী সাংসদদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।প্রধানমন্ত্রী বলেন, মজুদদারি রোধে মজুদবিরোধী আইন পুনঃপ্রবতন// করা হচ্ছে। এ আইন আরও যুগোপযোগী করে কার্যকর করা হবে, যাতে কেউ অধিক মুনাফার আশায় খাদ্যশস্য মজুদ করে রাখার সাহস না পায়।অন্য এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, খাদ্যশস্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং সম্ভাব্য সংকট মোকাবিলায় এখন পর্যন্ত সরকার অভ্যন্তরীণ সংগ্রহের পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকে পর্যাপ্ত খাদ্যশস্য সংগ্রহের ব্যবস্থা নিয়েছে। প্রতিকূল বিশ্ব পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজার থেকে দরপত্রের মাধ্যমে খাদ্যশস্য সংগ্রহ কঠিন হওয়ায় সরকারি পর্যায়ে খাদ্যশস্য সংগ্রহের কার্যক্রম জোরদার করা হয়েছে। ভিয়েতনাম থেকে সাড়ে তিন লাখ টন চাল কেনার জন্য সরকারি পর্যায়ে চুক্তি সম্পাদন হয়েছে। এরই মধ্যে এক লাখ ৮৫ হাজার ৪০০ টন চাল দেশে এসে পৌঁছেছে। থাইল্যান্ড থেকে দুই লাখ টন সিদ্ধ চাল কেনার চুক্তিও চূড়ান্ত হয়েছে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে পাঁচ লাখ টন চাল এবং সাত লাখ ৩০ হাজার টন গম কেনার চুক্তি করা হয়েছে।এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, খাদ্যশস্যের বর্তমান বাজার আন্তর্জাতিক বাজারের তুলনায় যথেষ্ট কম এবং বাজারমূল্য নিম্নমুখী লক্ষ্য করা যাচ্ছে।