খাদ্যশস্য রাখার জন্য গুদামে জায়গা নেই
খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক দাবি করেছেন, এখন দেশে যে খাদ্যশস্য উত্পাদিত হচ্ছে, তা রাখার জন্য গুদামে জায়গা নেই। এতে চালের দাম অস্বাভাবিকভাবে কমে গেছে বলে মন্তব্য করেন তিনি। খাদ্যমন্ত্রী বলেন, ‘চালের দাম কমলেও অনেকে বেজার, আবার বাড়লেও অনেকে বেজার। তাই সরকার এখন উভয়সংকটের মধ্যে আছে।’ আজ শনিবার গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা মূল্যায়নবিষয়ক দুই দিনের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।খাদ্যমন্ত্রী বলেন, ‘চালের দাম কমালে কৃষকেরা যাঁরা ধান বিক্রি করে সংসার চালান, তাঁরা ন্যায্য দাম পান না। এখন চালের দাম এত কম যে তাঁরা আর টিকতে পারছেন না।’ তিনি বলেন, ‘আবার চালের দাম বাড়ালে রিকশাচালক, ভ্যানচালকসহ কম আয়ের মানুষ, যাঁদের চাল কিনে খেতে হয়, তাঁরা হন অসন্তুষ্ট।’ এখন খাদ্যাভাবে আর দেশের মানুষকে না খেয়ে মরতে হয় না বলে দাবি করেন মন্ত্রী।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষণা) এম মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য দেন কোষাধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন, সহযোগী (গবেষণা) পরিচালক মো. আবিয়ার রহমান প্রমুখ।