খাদ্যসচিবের গাড়িতে হামলা
রাজধানীর কাকরাইলে আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে খাদ্য সচিব মুশফেকা ইকফাতের গাড়িতে হামলা চালিয়েছে পিকেটাররা। এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে সচিবের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্য মিজানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। খাদ্য সচিবের কার্যালয়ের একজন কর্মকর্তা প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ সকালে সায়েদাবাদ গ্যারেজ থেকে গাড়ি নিয়ে গাড়িচালক মো. শাজাহান মিয়া প্রথমে রাজারবাগ পুলিশ লাইনে যান। সেখান থেকে তিনি সচিবের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য মিজানকে গাড়িতে তোলেন। এরপর তাঁরা সচিবকে আনতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে রওনা হন। পথে সকাল সাড়ে সাতটার দিকে মত্সভবন ও কাকরাইল মসজিদের মাঝামাঝি স্থানে ওই গাড়িতে প্রথমে ইট দিয়ে আঘাত করে পিকেটারেরা। পরে তারা গাড়িটি পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থলে গেলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় রমনা থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে। গাড়িচালক মো. শাজাহান মিয়া মামলার বাদী হচ্ছেন।