দুর্নীতির কারণে সরকারের ভর্তুকি দেওয়া খাদ্য প্রকৃত গরিব মানুষের কাছে পৌঁছায় না বলে অভিযোগ করেছে এশিয়ান হিউম্যান রাইটস কমিশন (এএইচআরসি)। সংস্থাটি ৮ সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এ অভিযোগ তুলেছে। দারিদ্র্যের কারণে খাদ্য-ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য নেওয়া কর্মসূচি ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির ওপর একটি সমীক্ষা চালিয়ে সংস্থাটি বলেছে, সরকার যে খাদ্যসহায়তা দেয়, তার ৮০ শতাংশ প্রকৃত গরিবের কাছে যথাযথভাবে পৌঁছায় না। কমিশন গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের ১৩টি গ্রামের ওপর সমীক্ষাটি চালায়। এতে দেখা গেছে, শুধু সাতটি গ্রামের এক হাজার পরিবার ভিজিএফ কার্ড পেয়েছে। ছয়টি গ্রামের কোনো গরিব মানুষই কার্ড পায়নি। সমীক্ষার তথ্য অনুযায়ী ৬০০টি ভিজিএফ কার্ড স্থানীয় রাজনৈতিক দলের নেতাদের হাতে দেওয়া হয়েছে। ওই ৬০০ পরিবারের নাম তালিকায় উঠলেও তাদের হাতে কখনোই খাদ্যসহায়তা পৌঁছায়নি। ক্ষমতাসীন রাজনৈতিক দলের কর্মীরা ওই চাল উঠিয়ে নিয়ে আত্মসাৎ করেছেন। ভিজিএফ কার্ডধারীদের মাসে ১৫ কেজি চাল পাওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে তাঁরা তিন কেজির বেশি চাল পাচ্ছেন না। সামাজিক নিরাপত্তা বিষয়ে দীর্ঘদিন ধরে গবেষণারত ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে এ ধরনের দুর্নীতি ও অনিয়ম অন্যান্য গবেষণাতে উঠে এসেছে। তাই বলে এসব কর্মসূচি বাতিল করে দিতে হবে তা নয়। বরং এগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়ন করা হয়, সে চেষ্টা করতে হবে। প্রয়োজনে কর্মসূচির ধরনে পরিবর্তন আনতে হবে। গাইবান্ধা জেলার মঙ্গা উপদ্রুত অঞ্চল হিসেবে চিহ্নিত পলাশবাড়ী উপজেলার তালুকঘোড়াবান্ধা, কুমারগাড়ী, খামারমামুদপুর, খামারবালুয়া, কুমেদপুর, মনোহরপুর, নিমদাসেরভিটা, বিরামেরভিটা, খামারজামিরা, পুঁটিমারী, বার্বমুনিয়া ও ট্যাংনাকুরা গ্রামের ওপর সমীক্ষাটি চালানো হয়। ২০১০ সালে এসব গ্রামে নেওয়া ভিজিএফ কর্মসূচির ওপর এ সমীক্ষা চালানো হয়েছে। দেখা গেছে, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম মোকসেদ চৌধুরী একাই ১৫০টি ভিজিএফ কার্ড নিয়েছেন। দুই ভাইস চেয়ারম্যান নিয়েছেন ৭৫টি করে কার্ড। পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা ১৫০টি করে কার্ড নিয়েছেন। এ কে মোকসেদ চৌধুরীর কাছে প্রথম আলোর পক্ষ থেকে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘গরিব মানুষ আমার কাছে সহায়তা চাইতে এলে তাদের এসব কার্ড দিয়েছি। এ ক্ষেত্রে কোনো অনিয়ম হয়নি।’ গরিব মানুষের বিরুদ্ধে উল্টো দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, তাদের একবার সহায়তা দেওয়ার পর তারা চাল নিজেরা না খেয়ে বাজারে বিক্রি করে দেয়। আবার অন্য কর্মসূচি থেকে সহায়তা নিয়ে থাকে। কিন্তু ভিজিএফ কার্ড বিতরণের জন্য তো কমিটি আছে, নিয়ম মেনে তা দিতে হয়। আপনি এককভাবে এতগুলো কার্ড কীসের ভিত্তিতে দিলেন? এই প্রশ্ন তুললে মোকসেদ চৌধুরী বলেন, ‘আমি ও আমার দল আওয়ামী লীগের ছেলেদের হাতে যেসব কার্ড গেছে তা প্রকৃত গরিবের হাতেই পৌঁছেছে।’মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়েছেন ৩০০টি কার্ড। ভিজিএফ কার্ড বিতরণবিষয়ক চার সদস্য এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। মনোহরপুর ইউনিয়ন কৃষি কর্মকর্তা সামসুদ্দোহা, ইউনিয়ন পরিষদের সম্পাদক সাদেকুর রহমান, পরিবার পরিকল্পনা পরিদর্শক আবদুস সাদেক, পবনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওহাব প্রধান এই কমিটির সদস্য ছিলেন। দেখা গেছে, ভিজিএফ কমিটির কাছে ভুয়া সই ও কাগজ জমা দিয়ে অনেকের নাম অন্তর্ভুক্ত হয়েছে। এ ক্ষেত্রে তালিকাভুক্ত ব্যক্তি কোথায়, কী পরিমাণ সহায়তা এসেছে তা জানেনই না। ভিজিএফের মতো গরিব মানুষের জন্য নেওয়া অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির ক্ষেত্রে একই ধরনের অভিযোগ উঠে এসেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আরেকটি সমীক্ষায়। পিপলস পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন (পিপিআরসি) পরিচালিত ‘বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচি’ শীর্ষক ওই সমীক্ষায় দেখা গেছে, সরকারি সহায়তার ক্ষেত্রে দুই ধরনের দুর্নীতি ও অনিয়ম হয়ে থাকে। এক. তালিকাভুক্তির ক্ষেত্রে দুই. সহায়তা পাওয়ার ক্ষেত্রে। দেখা গেছে, পাওয়ার যোগ্যতা আছে এমন ব্যক্তিকেও ভিজিএফ ও বয়স্ক ভাতার কার্ড পেতে দেড় থেকে দুই হাজার টাকা ঘুষ দিতে হয়। এই টাকা নেন জনপ্রতিনিধি ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতারা। কর্মসংস্থান সৃষ্টির প্রকল্পগুলোর ক্ষেত্রে ২০ থেকে ২৫ শতাংশ ভৌতিক শ্রমিক পাওয়া গেছে। অর্থাৎ এমন অনেকের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের বাস্তবে কোনো অস্তিত্ব নেই। এই ভৌতিক ব্যক্তিরা কোনো একটি উন্নয়ন কর্মসূচিতে কাজ করেছে এমনটা দেখিয়ে টাকা উত্তোলন করা হয়। সমীক্ষায় দেখা গেছে, সব সামাজিক নিরাপত্তা কার্যক্রমের মধ্যে ১৬ শতাংশ অযোগ্য ব্যক্তি সহায়তা পাওয়ার জন্য তালিকাভুক্ত হয়েছে। অর্থাৎ ভিজিএফ, ভিজিডি, বিধবা ভাতার মতো কর্মসূচিতে এমন সব ব্যক্তিরা সহায়তা পাচ্ছে, যারা হতদরিদ্র, বিধবা বা প্রতিবন্ধী নয়। রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক অনিয়মের সুযোগ নিয়ে এসব অযোগ্য ব্যক্তি সহায়তা পাওয়ায় প্রকৃত গরিবেরা বঞ্চিত হচ্ছে। সরকারি হিসাবে, বছরে প্রায় ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে ৩০টি সামাজিক নিরাপত্তা কর্মসূচি পরিচালিত হয়। এর মধ্যে ১০টি কর্মসূচি সারা দেশে বিস্তৃতভাবে পরিচালিত হয়। সরকারি হিসাবে দেশে হতদরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা পাঁচ কোটি। এর মধ্যে চরম দরিদ্র জনগোষ্ঠীর ১৩ শতাংশ এবং ভাতাসহায়তা পাওয়ার যোগ্য জনগোষ্ঠীর ৩৩ শতাংশ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সহায়তা পেয়ে থাকে। যেমন বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব সহায়তা দেওয়া হয়।