খাদ্যাভাব, পুষ্টিহানি, মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরুগুলোকে ঠিকমতো খাবার দিতে পারেনি তারা। নিজেদেরই তো ঘরে খাবার নেই। গেল বন্যায় হাওরে ফসলহানির কারণে গরুতে-মনিবে এখন এক হাল। এই মানুষগুলোর জন্য সরকার শুরুতে কিছু ত্রাণসহায়তা দিয়েছে। কিন্তু মূক পশুগুলোর দিকে নজর দেওয়া হয়নি। বর্ষাজুড়ে খাবার না পেয়ে দিনে দিনে পুষ্টিহীন হয়েছে ঘরপালা প্রাণীগুলো। এখন তারা একে একে ছেড়ে যাচ্ছে মনিবকে। কৃষকেরা চোখের পানিতে গরুগুলোকে চিরবিদায় জানাচ্ছেন। কিন্তু শেষ সময়ে জবাই কিংবা বিক্রি করে মমতায় চিড় ধরানোর পথে যাননি তাঁরা। ফলে সুনামগঞ্জের দিরাই উপজেলাতেই গত দুই মাসে হাজার খানেক গরুর করুণ মৃত্যু হয়েছে।আটটি গরুই ছিল বর্গাচাষি রমাকান্ত দাসের (৬৫) শেষ সম্বল। ছোট্ট মাটির ঘরে এক পাশে নিজের শোবার খাট, অন্য পাশে থাকে গরুগুলো। শেষ পর্যন্ত গো-খাদ্যের অভাবে অপুষ্টিতে ভুগে পর্যায়ক্রমে মারা গেছে দুটি বাছুরসহ চারটি গরু। আরও দুটি গাভি অসুস্থ। হাড্ডিসার এই গরুগুলোও যেকোনো সময় মারা যেতে পারে।রমাকান্তের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের খাগাউড়া গ্রামে। রমাকান্ত দাসের স্ত্রী লক্ষ্মীরানী দাস কান্নাজড়িত কণ্ঠে জানান, আরও দুটি গাভি অসুস্থ, দাঁড়াতে পারে না। না খেতে খেতে হাড্ডিসার হয়ে গেছে। গ্রামের যতীন্দ্র গোস্বামীর ১৮টি গরুর মধ্যে মারা গেছে ছয়টি, মনমোহনী বৈষ্ণবের দুটি, পরিমল সরকারের তিনটি গাভি, পশ্চিমহাটির রঘুনাথ তালুকদার ও রাজেন্দ্র দাসের মারা গেছে ছয়টি করে। ইউনিয়নের খাগাউড়া, কচিরগাঁও, ইসলামপুর, ভাটিপাড়াসহ বিভিন্ন গ্রামে গত দুই মাসে মারা গেছে এক হাজারের বেশি গরু। একইভাবে ভাটিপাড়া ইউনিয়নের দত্তগ্রাম, পানগাঁও, যোগারগাঁও, সিচনি গ্রামে মারা গেছে আরও দুই শতাধিক। খাগাউড়া গ্রামের পাশের তিনটি স্থানে শতাধিক গরুর মৃতদেহ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। কাকে-কুকুরে খাচ্ছে মাংস। দুর্গন্ধ ছড়াচ্ছে চারদিকে।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু তাহের আহমদ প্রথম আলোকে বলেন, ‘মূলত খাদ্যাভাবেই একসময় দুর্বল হয়ে গরুগুলো মারা যায়। হাওর এলাকায় পুরো বর্ষায় গবাদিপশু একরকম না খেয়ে ছিল। তবে এলাকাবিশেষে মৃত্যুর সংখ্যা কমবেশি হতে পারে।’ জানা গেছে, গত এপ্রিলের অকালবন্যায় সুনামগঞ্জের হাওরের ফসল পানিতে তলিয়ে যায়। কৃষকেরা ধান গোলায় তুলতে পারেননি, তেমনি ওঠেনি গো-খাদ্যের খড়। যাদের সাধ্য আছে তারা বিভিন্ন এলাকা থেকে খড় কিনে এনে গরুগুলোকে খাইয়েছে। আর যাদের সামর্থ্য নেই, তারা হাওর থেকে খড়কুটো যা পেয়েছে, তা দিয়েই কোনো রকমে এত দিন বাঁচিয়ে রেখেছে গোয়ালের গরু। গত বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, খাগাউড়া গ্রামের পশ্চিমের মাঠে ২২টি গরুর মৃতদেহ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। একইভাবে গ্রামের আখড়া মাঠে ও দক্ষিণের খালে আরও ছোট-বড় ৩৫টি গরুর মৃতদেহ পড়ে আছে। পরিমল সরকার বলেন, ‘খানি নাই গরু কি-লা বাঁচত। হাওরেত ঘাসও নাই। বাকিগুলোরেও বাঁচানো কঠিন।’ রফিনগর গ্রামের ব্যবসায়ী ছদরতুন্নুর মিয়া (৪৫) ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এত এত গরু মারা যাচ্ছে, অথচ সরকারি অফিস থেকে কেউ খোঁজ পর্যন্ত নেয় না।’ তিনি বলেন, মানুষ ঘরের অসুস্থ গরু জবাই করে খাবে বা বিক্রি করবে, সেটিও করতে পারছে না। বিষয়টি তাঁদের কাছে অমানবিক মনে হয়। ভাটিপাড়া ইউনিয়নের দত্তগ্রামের পাশের মাঠে ১৪টি গরুর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। গ্রামবাসী জানায়, দত্তগ্রাম, কুচিরগাঁও, ইসলামপুর, ভাটিপাড়া গ্রামে গত দুই মাসে অন্তত আড়াই শ গরু মারা গেছে। দত্তগ্রামের পাশের সড়ক দিয়ে তিনটি গরু নিয়ে যাচ্ছিলেন বনমালী দাস (৪৫)। তিনি জানান, তাঁর পাঁচটি গরুর মধ্যে মারা গেছে দুটি। এখন বাকি তিনটি গরু তিনি দুই মাসের জন্য গাইচ্ছা গ্রামের ভরত দাসের কাছে দিয়েছেন। ভরত দাস জানান, এই তিনটি গরু তাঁর বাড়িতে রাখা এবং যত্নআত্তি করার জন্য দুই মাসের চুক্তি করেছেন। এ জন্য বনমালী তাঁকে এক হাজার ৫০০ টাকা দেবেন।ইরা নামের একটি বেসরকারি সংস্থার প্রতিনিধি মাকসুদুল আরাফাত কাজ করেন এই রফিনগর ও ভাটিপাড়া ইউনিয়নে। তিনি গ্রাম ঘুরে হিসাব করে দেখেছেন, গত দুই মাসে ইসলামপুর গ্রামে ২২টি, কচিরগাঁও গ্রামে ১৫৩টি, সিচনি গ্রামে ৬০টি, দত্তগ্রামে ১০৮টি, রফিনগর গ্রামে ৩৫০টি, মির্জাপুর গ্রামে ১৪৫টি ও মাছিমপুর গ্রামে ১২৬টি গরু মারা গেছে। রফিনগর গ্রামের গবাদিপশুর পল্লিচিকিৎসক আবদুল হান্নান বলেন, ‘আমি গ্রামে গ্রামে যাই। সব গ্রামেই কমবেশি গরু মারা যাচ্ছে। কয়েক মাস ঠিকমতো না খেয়ে গরুগুলো এমনিতেই দুর্বল হয়ে আছে। তার ওপর পড়েছে তীব্র শীত। দুইয়ে মিলেই গরু মারা যাচ্ছে।’ রফিনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল খালেক জানান, তাঁর ইউনিয়নে ২৫টি গ্রাম আছে। গোটা হাওর এলাকাতেই এবার গো-খাদ্যের চরম অভাব রয়েছে। তাঁর নিজেরও দুটি গরু মারা গেছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু তাহের আহমদ প্রথম আলোকে বলেন, ‘আমরা কৃষকদের বলেছি, পশুকে খাবার দিতে। কিন্তু খাবার তো নেই, কোত্থেকে দেবে। বাস্তবতা হলো, ফসল হারিয়ে কৃষকের নিজের ঘরেই খাবার নেই। গো-খাদ্যের অভাব মেটানোর চিন্তা করার সুযোগ কই তাঁদের।’