খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কামারখন্দে গতকাল শনিবার রাতে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, খাদ্যে বিষক্রিয়ায় এ মৃত্যুর ঘটনা ঘটেছে।নিহত ব্যক্তিরা হলেন: উপজেলার শাহবাজপুর গ্রামের কৃষক মুসা আলী (৫০), তাঁর স্ত্রী সোনেকা বেগম (৪০) ও তাঁদের একমাত্র ছেলে সুমন (১৪)।থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রাত নয়টার দিকে মুসা আলী, তাঁর স্ত্রী সোনেকা বেগম ও ছেলে সুমন একসঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। কিন্তু আধা ঘণ্টা পর তিনজনের বমি ও পেটেব্যথা শুরু হয়। রাত সাড়ে ১০টার দিকে মুসা ও সুমনকে সিরাজগঞ্জ আভিসিনা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। অপরদিকে সোনেকাকে সদর উপজেলার কড্ডা মোড়ে স্থানীয় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হলে রাত ১১টার দিকে তাঁরও মৃত্যু হয়। গ্রামের বাসিন্দা মো. খলিলুর রহমান জানান, তিনজনই অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীরা তাঁদের হাসপাতালে পাঠায়। সেখানে পৌঁছানোর আগেই তাঁদের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ায় তাঁরা মারা গেছেন। কামারখন্দ উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল্লাহ সবুজ জানান, মুসা আলী ও সোনেকার তিন মেয়ে রয়েছেন। তাঁদের বিয়ে হয়ে গেছে।আভিসিনা হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক মোসাদ্দেক হোসেন জানান, রোগীদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। রোগীদের সঙ্গে থাকা লোকজনের কথা থেকে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ায় তাঁরা মারা গেছেন। ময়নাতদন্ত করা হলে বিষয়টি নিশ্চিত হওয়া যেত।কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ‘খাদ্যে বিষক্রিয়ায় মারা গেছে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে কী ধরনের বিষক্রিয়ায় মারা গেছেন, ময়নাতদন্ত করলে বের হয়ে আসত। নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয় নেতাদের সুপারিশ থাকায় লাশগুলোর ময়নাতদন্ত করা হয়নি।’