খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন হচ্ছে: সৈয়দ আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, খাদ্যে ভেজাল প্রতিরোধে মানসম্মত খাবার আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আর আইনটি প্রণয়নের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার বিভাগ।আজ মঙ্গলবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে সরকারি দলের সাংসদ কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এ কথা জানান।বেনজীর আহমেদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্ষা মৌসুমকে সামনে রেখে রাজধানীর ২৭টি স্থানে ১২০টি পানিনিষ্কাশন পাম্প বসানো হচ্ছে। চলতি মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত অতিরিক্ত জনবল দিয়ে বৃষ্টির পানি নিষ্কাশনের কাজ পরিচালনা করা হবে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে ৮৭ শতাংশ মানুষ সুপেয় পানি পান করে এবং মানসম্মত স্যানিটেশন ব্যবহারকারীর সংখ্যা ৮৮ শতাংশ।শাহ আলমের এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, আগামী বছরের ডিসেম্বরের মধ্যে যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার নির্মাণের কাজ শেষ হবে। আরেক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এলজিইডির তত্ত্বাবধানে জেলা শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২২টি এবং উপজেলা শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২২৩টি পৌরসভায় অর্থাত্ মোট ২৪৫টি পৌরসভায় মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ চলছে।হোসেন মকবুল শাহরিয়ারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের আওতায় দেশের ৫১ লাখ পরিবারকে প্রশিক্ষণ দিয়ে কৃষি ও অকৃষিভিত্তিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। এরই মধ্যে নয় হাজার ৬৪০টি গ্রামের পাঁচ লাখ ৭৮ হাজার ৪০০টি পরিবারকে এ প্রকল্পের আওতায় আনা হয়েছে।