খাদ্যে ভেজাল মামলায় জামিন পেয়েছেন ইউনূস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ-ডানোন ফুডস লিমিটেডের বাজারজাত করা শক্তি দইয়ে ভেজালের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন গ্রামীণ ব্যাংকের প্রধান মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার ঢাকা সিটি করপোরেশনের খাদ্য আদালতে সশরীরে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করলে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন এবং ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন।দুপুর ১২টার দিকে মামলার শুনানি হয়। এর কিছুক্ষণ আগে তিনি আদালতে হাজির হন। মামলার শুনানি করেন যুগ্ম জেলা জজ নাজমুল আলম।শুনানিতে মুহাম্মদ ইউনূস আদালতের কাছে জামিন ও ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। এ পরিপ্রেক্ষিতে আদালত তা মঞ্জুর করেন। ইউনূসের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সারা হোসেন।গত বছরের ২৪ নভেম্বর ঢাকা সিটি করপোরেশনের পক্ষ থেকে শক্তি দইয়ের নমুনা সংগ্রহ করে ওই দিনই সিটি করপোরেশনের জনস্বাস্থ্য পরীক্ষাগারে পাঠানো হয়। ওই দইয়ে ভেজাল পাওয়ায় ২৭ ডিসেম্বর তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ঢাকা সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের পরিদর্শক কামরুল হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ১০ জানুয়ারি আদালত ইউনূসকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন ।আদালত থেকে বেরিয়ে নগর ভবনের নিচে ইউনূস সাংবাদিকদের বলেন, আদালতের নির্দেশে তিনি আজ হাজির হয়েছেন। তিনি আদালতে জামিন প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করেন।