খাদ্যে ভেজাল রোধে শাস্তি বাড়ানোর সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যে ভেজাল রোধে প্রচলিত আইন সংশোধন করে শাস্তির পরিমাণ বাড়ানোর সুপারিশ করেছে শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ মঙ্গলবার সংসদে এ বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনে কিছু কিছু ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি আরোপ করার সুপারিশও করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি তোফায়েল আহমেদ প্রতিবেদনটি উপস্থাপন করেন।এর আগে গত ২৪ অক্টোবর সরকারি দলের সাংসদ রফিকুল ইসলাম খাদ্যে ভেজাল রোধে কার্যকর ব্যবস্থা নিতে ৭১ বিধিতে নোটিশ দেন। পরে এ বিষয়ে আলোচনাও হয়। আলোচনা শেষে ডেপুটি স্পিকার শওকত আলী এ বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য নোটিশটি শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠান।কমিটির প্রতিবেদনে ভেজাল রোধে কৃষি, খাদ্য, বাণিজ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের সমন্বয়ে কার্যক্রম গ্রহণের সুপারিশ করেছে। এ ছাড়া বিএসটিআইয়ের আওতার কৃষিজাত দ্রব্য, কাঁচা ফলমূল, সবজি, মাছ, মাংস জাতীয় দ্রব্যের ভেজাল রোধে সমন্বিত পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে। কমিটি মনে করে, ন্যাশনাল ফুড সেফটি কাউন্সিল এবং স্থানীয় প্রশাসনকে সক্রিয় করলে খাদ্যে ভেজাল রোধ করা সম্ভব।আজ প্রতিবেদন উপস্থাপনের পর এ বিষয়ে নোটিশদাতা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলাম কমিটির সুপারিশকে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন। স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘আশা করেছিলাম, কমিটি আমাকে ডাকবে। কিন্তু ডাকেননি। সেটা তাদের বিষয়। আমার কাছে কিছু সুপারিশ আছে। এখনো পত্রপত্রিকায় খাদ্যে ভেজাল বিষয়টি জানা যায়। ফরমালিন এখনো অনেক সহজ প্রাপ্য। খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণে আমাদের দেশে কোনো সুনির্দিষ্ট কমিটি নেই। আমরা মানুষকে রক্ষা করতে চাই। কিন্তু কমিটি যে সুপারিশ করেছে, তা ভেজাল রোধে বর্তমান ব্যবস্থাকে বহাল রেখেই করা হয়েছে। আমরা আরও উন্নত কিছু চেয়েছিলাম।’রফিকুল ইসলাম আরও বলেন, ‘রাজনৈতিক অঙ্গনে ভেজাল থাকতে পারে। কিন্তু খাদ্যে যেন না থাকে। খাদ্য ও ওষুধে ভেজাল চিরতরে বন্ধ করতে হবে। অন্য সবকিছুর তুলনায় এটা অন্যতম পবিত্র দায়িত্ব। নাহলে আমাদের সংসদ সদস্য থেকে লাভ কী?’রফিকুল ইসলাম কমিটির প্রতিবেদনটি পুনরায় কমিটিতে পাঠানোর দাবি জানান। তিনি এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের আদলে পৃথক সংস্থার দাবি জানান।এ সময় রফিকুল ইসলামের উদ্দেশে ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, ‘এটা কমিটিতে পাঠানোর সুযোগ নেই। আপনি যদি এ বিষয়ে প্রচলিত আইনের সংশোধন চান, তবে বিল আনতে পারেন।’