খাদ্যে ভেজাল রোধে সরকার তার দায়িত্ব এড়াচ্ছে। স্বল্পমেয়াদি চিন্তা করে ক্ষমতা হারানোর ভয়ে তারা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এ জন্য দেশের জনগণকে সচেতন ভূমিকা পালন করতে হবে।আজ শুক্রবার বাপা (বাংলাদেশ পরিবেশ আন্দোলন) আয়োজিত ‘ভেজাল খাদ্য ও স্বাস্থ্যের ওপর এর প্রভাব’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বাপার নিরাপদ খাদ্য, পানীয় ও ভোক্তা অধিকার কর্মসূচির সদস্যসচিব জাহেদুর রহমান। তিনি খাদ্যে ভেজাল রোধে বাপার পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন যথাযথভাবে কার্যকর করা, খাদ্যের মান নিয়ন্ত্রণে স্বতন্ত্র রেগুলেটরি কমিশন গঠন এবং বিভাগীয় ও জেলা পর্যায়ে উচ্চমানের গবেষণাগার নির্মাণকে প্রাধান্য দেওয়া হয়েছে।বক্তারা বলেন, বিজ্ঞাপন নীতিমালা আইনের আওতায় আনা উচিত। চটকদার বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করা হচ্ছে। কিন্তু পণ্য উত্পাদনের ক্ষেত্রে মান নিয়ন্ত্রণ করা হচ্ছে না। পণ্যের মান নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিএসটিআই ভেজালবিরোধী অভিযান চালাতে গিয়ে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে উল্লেখ করে বক্তরা বলেন, প্রশাসনের ক্ষমতা এখানে সীমাবদ্ধ। এ জন্য সারা দেশে নিরাপদ খাদ্য-বেষ্টনী গড়ে তুলতে হবে। সেমিনারে বক্তব্য দেন বাপার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলামিন প্রমুখ।