খাদ্যের নিরাপদ মজুদ কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ খাদ্য মজুদ গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা কাজে আসছে না। সরকার এবার অভ্যন্তরীণ বাজার থেকে খাদ্য সংগ্রহ করেনি। অথচ সরকারি গুদাম থেকে নানা খাতে সরবরাহ বেড়েছে। এতে কমে যাচ্ছে নিরাপদ মজুদ।মজুদ বাড়াতে সরকারের আমদানির উদ্যোগও তেমন সফল হয়নি। সরকার এক বছর ধরে সাড়ে পাঁচ লাখ টন চাল আমদানির উদ্যোগ নিলেও এখন পর্যন্ত পেয়েছে মাত্র ৭৮ হাজার টন।গত ২৯ ডিসেম্বর দেশে খাদ্য মজুদ ছিল ১১ লাখ ১৬ হাজার ৬০৮ মেট্রিক টন। এখন তা কমে হয়েছে আট লাখ ১৬ হাজার ১১৯ মেট্রিক টন। এই তথ্য খাদ্য অধিদপ্তরের। সরকারি হিসাবেই নিরাপদ মজুদ থাকার কথা কমবেশি ১০ লাখ টন।খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক এ বিষয়ে প্রথম আলোকে বলেন, খাদ্য নিয়ে সংকটের কিছু নেই। সরকার থেকে মোট চাহিদার ৫ থেকে ৭ শতাংশ সরবরাহ করা হয়। যেসব মানুষের ক্রয়ক্ষমতা কম, তাদের যেকোনোভাবেই হোক সরকার থেকে ভর্তুকিমূল্যে খাদ্য সরবরাহ করা হবে। অর্থনীতিবিদ ও ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, এবার আমনের উৎপাদন ভালো হয়েছে। এখন চালের দাম বাড়ার কথা নয়। মিলাররা আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির কথা জেনে মজুদ করেছে কি না, তা সরকারকে অনুসন্ধান করতে হবে। প্রয়োজনে তাদের ওপর চাপ প্রয়োগ করে এ চাল দ্রুত বাজারে আনার ব্যবস্থা করতে হবে। মাহবুব হোসেন আরও বলেন, সরকার আন্তর্জাতিক বাজার থেকে চাল আমদানির জন্য যে উদ্যোগ নিয়েছে, তা দ্রুত সরকারি গুদামে আনার ব্যবস্থা করা জরুরি। ভারতের কাছ থেকে চাল আমদানির অভিজ্ঞতা সুখকর নয়। সরকার ভারতের কাছ থেকে আবারও চাল আমদানির উদ্যোগ নিয়েছে। এই চাল যাতে যথাসময়ে পাওয়া যায়, সে জন্য সরকারের সর্বোচ্চ মহল থেকে চেষ্টা করতে হবে। আন্তর্জাতিক বাজারে এখন গমের দাম কমেছে, চালের দাম বেশি। তাই সরকারকে সামাজিক নিরাপত্তামূলক কাজে গমের ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন তিনি।খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, সাধারণত মার্চ মাসে খোলাবাজারে ন্যায্যমূল্যে চাল বিক্রি করা হয়। এবার বাজার নিয়ন্ত্রণ করতে জানুয়ারি মাস থেকেই এই কার্যক্রম শুরু করতে হয়েছে। এ জন্য প্রতি মাসে এক লাখ টন চালের প্রয়োজন হচ্ছে। আগামী বোরো ধান ওঠা পর্যন্ত অর্থাৎ এপ্রিল মাস পর্যন্ত ওএমএস চালু রাখার সিদ্ধান্ত রয়েছে। সে ক্ষেত্রে চার লাখ টন চালের প্রয়োজন হবে। পাশাপাশি নতুন করে চালু হচ্ছে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য রেশনসুবিধা। প্রতি মাসে এ খাতেও আট হাজার টন চাল প্রয়োজন হবে। এ ছাড়া শিগগিরই টেস্ট রিলিফ ও কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি শুরু হবে। আবার ভিজিএফ, ভিজিডিসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিতে ব্যয় হয় ছয় লাখ টন খাদ্যশস্য।সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ ভারত সফরের সময় তিন লাখ টন চাল ও দুই লাখ টন গম আমদানির সমঝোতা হয়েছিল। কিন্তু এখনো এর কিছুই পাওয়া যায়নি। খাদ্য অধিদপ্তরের সূত্র জানায়, গত বছরের শুরু থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন চাল কেনার জন্য সরকার দরপত্র আহ্বান করেছিল। এর মধ্যে চার লাখ ১০ হাজার টন চাল কিনতে ১৩টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়। অথচ গত ডিসেম্বর পর্যন্ত সরকার চাল পেয়েছে মাত্র ৭৮ হাজার মেট্রিক টন চাল। চুক্তি অনুযায়ী চাল না দেওয়ায় তিনটি প্রতিষ্ঠানের আগাম জমাকৃত অর্থ বাজেয়াপ্ত করা হয়। আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় ওই সব প্রতিষ্ঠান আর চাল সরবরাহ করতে পারবে না—এই আশঙ্কার কথা খাদ্য অধিদপ্তর খাদ্য মন্ত্রণালয়কে জানিয়ে দিয়েছে। ফলে লক্ষ্য অনুযায়ী বেশির ভাগ চাল বাংলাদেশ আপাতত পাবে না বলেই মনে করা হচ্ছে।অন্যদিকে, ভিয়েতনাম থেকে সরকারি পর্যায়ে ৩৭ টাকা কেজি দরে চাল আমদানি করার কথা রয়েছে। এই চাল আগামী ফেরুয়ারি মাসের প্রথম দিকে দেশে আসার কথা। খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমেদ হোসেন খান প্রথম আলোকে বলেন, মজুদ কিছুটা কমেছে সত্য। কিন্তু এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তাঁর দাবি, চট্টগ্রাম ও মংলা বন্দরে ইতিমধ্যে চার লাখ টন খাদ্যশস্য এসেছে। ভিয়েতনাম থেকে আড়াই লাখ টন চাল ও ৫০ হাজার টন গম আগামী সাত দিনের মধ্যে জাহাজে উঠবে। এ চাল আনার প্রস্তাব গত বৃহস্পতিবার সরকারি ক্রয় কমিটি অনুমোদন করেছে।