খাদ্যের মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘর ছাড়িয়ে গেছে: সিপিডি
খাদ্যের মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘর ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও খাদ্যপণ্যের দাম বৃদ্ধি টাকার মূল্যমানের ওপর প্রভাব ফেলছে। এরই মধ্যেই সুদের হার বাড়িয়ে দিয়েছে ব্যাংকগুলো। বিনিয়োগপ্রবাহে যেমন কোনো গতি নেই, আবার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের গতিও স্লথ।এদিকে, শেয়ারবাজারের সাম্প্রতিক অবস্থা পুরো অর্থনীতিতেই নেতিবাচক প্রবণতা তৈরির আশঙ্কা সৃষ্টি করেছে। এমন বাস্তবতায় আগামী ২০১১-১২ অর্থবছরে সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রাখা এবং প্রবৃদ্ধি বজায় রাখাটাকেই বড় চ্যালেঞ্জ বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।আজ মঙ্গলবার সিপিডি কার্যালয়ে অনুষ্ঠিত ‘জাতীয় বাজেট ২০১১-১২’ শীর্ষক প্রস্তাবনায় এসব কথা বলা হয়েছে। এতে সিপিডির পক্ষ থেকে অর্থনীতির নানা দিক ও আগামী বাজেটের জন্য প্রস্তাব তুলে ধরেন সংস্থাটির গবেষণা বিভাগের প্রধান ফাহমিদা খাতুন। অন্যদের মধ্যে বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, জ্যেষ্ঠ গবেষণা ফেলো খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রমুখ।সিপিডি অবশ্য কিছু ইতিবাচক দিকও তুলে ধরেছে। বলেছে, এ বছরের রাজস্ব আদায়ের পরিস্থিতি ভালো। আশাব্যঞ্জক রপ্তানি প্রবৃদ্ধির পাশাপাশি বাম্পার খাদ্যোত্পাদন হয়েছে। বাজেট ঘাটতি ৫ শতাংশের মধ্যেই থাকবে। মোট দেশজ উত্পাদনের (জিডিপি) সঙ্গে রাজস্ব আদায়ের অনুপাতও এ বছর খারাপ নয়। যতখানি মূল্যস্ফীতি হতে পারত, তার তুলনায় কম হয়েছে। কারণ অভ্যন্তরীণ অর্থনীতি ভালো ছিল।