খান সারওয়ার মুরশিদ আর নেই
বিশিষ্ট শিক্ষাবিদ খান সারওয়ার মুরশিদ আর নেই। আজ শনিবার বিকেলে তিনি রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল (ইন্নালিল্লাহি...রাজিউন) করেছেন। আজ বিকেলে খান সারওয়ার মুরশিদের ছোট মেয়ে শারমীন মুরশিদ প্রথম আলো ডটকমকে এ খবর জানান। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁকে কৃত্রিম ব্যবস্থায় শ্বাসপ্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছিল। পারিবারিক সূত্রে জানা গেছে, ৮৮ বছর বয়সী খান সারওয়ার মুরশিদ মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ১৮ অক্টোবর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। চিকিত্সাধীন অবস্থায় তিনি একাধিকবার হূদরোগে আক্রান্ত হন। সর্বশেষ গত সপ্তাহে তাঁর অবস্থার চরম অবনিত ঘটে। এরপর থেকে তিনি কোমায় ছিলেন। পারিবারিক সূত্রে আরও জানা গেছে, পরিবারের পক্ষ থেকে তাঁকে উন্নত চিকিত্সার জন্য সিঙ্গাপুর নিতে চাওয়া হলেও সেখানকার চিকিত্সকরা কোনো আশা দিতে না পারায় তাঁকে ঢাকাতেই রাখা হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে দেখতে যান ও তাঁর আরোগ্য কামনা করেন।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও উপাচার্য খান সারওয়ার মুরশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেছেন। ২০১০ সালে তিনি বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পান। মুজিব নগর সরকারের পরিকল্পনা কমিশনের সদস্যও ছিলেন তিনি। স্বাধীনতার পর তিনি পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।খান সারওয়ার মুরশিদ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাবেক চেয়ারম্যান। বর্তমানে এর পরিচালনা পর্ষদের সদস্য তিনি। তাঁর স্ত্রী নূরজাহান মুরশিদ বঙ্গবন্ধু সরকারের প্রতিমন্ত্রী ছিলেন।