খান সারওয়ার মুরশিদ স্মরণে কাল দোয়া মাহফিল
শিক্ষাবিদ খান সারওয়ার মুরশিদ স্মরণে আগামীকাল শুক্রবার বিকেলে তাঁর বাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সব আন্দোলনে সামনের সারিতে থাকা এই শিক্ষাবিদ ৮৮ বছর বয়সে ৮ ডিসেম্বর বেসরকারি একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে-নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী এবং সারা দেশে অসংখ্য ছাত্র রেখে গেছেন, যাঁরা বিভিন্ন ক্ষেত্রে এখন দেশকে নেতৃত্ব দিচ্ছেন। খান সরওয়ার মুরশিদের ছোট মেয়ে শারমীন মুরশিদ আজ বৃহস্পতিবার প্রথম আলো ডটকমকে বলেন, ‘শুক্রবার বাদ আসর ধানমন্ডির সাতমসজিদ রোডের বাসায় বাবার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আমরা বাবার শুভাকাঙ্ক্ষীদের এতে যোগ দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’ খান সারওয়ার মুরশিদ মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গত ১৮ অক্টোবর রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। চিকিত্সাধীন অবস্থায় তিনি আরও কয়েকবার হূদরোগে আক্রান্ত হন। মাস দেড়েক তিনি অ্যাপোলো হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রে (আইসিইউ) চিকিত্সাধীন ছিলেন। গত শনিবার পৃথিবী থেকে বিদায় নেন তিনি। ১৯২৪ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাসিরাবাদ গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম খান সারওয়ার মুরশিদের। তিনি সেই দুর্লভ মানুষদের একজন, যিনি বাংলাদেশের সব গণ-আন্দোলন ও মুক্তিযুদ্ধের নেপথ্যের রূপকারদের অন্যতম। একজন শিক্ষাবিদ হিসেবে তিনি যেমন শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়েছেন, তেমনি দেশ ও জাতির প্রয়োজনে নিজেই ছিলেন আন্দোলনের প্রথম সারিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, পত্রিকার সম্পাদনা, বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক আন্দোলন, ’৫২-এর ভাষা-আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃত্ব দান, ছয় দফা নিয়ে চিন্তাভাবনা, বঙ্গবন্ধু ও তাজউদ্দীন আহমদকে পরামর্শ দেওয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন, রাষ্ট্রদূত, পরিকল্পনা কমিশনের সদস্য; কী ছিলেন না তিনি এক জীবনে। দেশ যখন দুর্নীতিতে নিমজ্জিত, তখন তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারম্যানেরও দায়িত্বও সামলেছেন।