খানা জরিপের প্রশ্ন ও উত্তর পাঠাতে টিআইবিকে সুপ্রিম কোর্টের চিঠি
বিচার বিভাগের দুর্নীতি সম্পর্কে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) করা প্রশ্ন এবং খানার দেওয়া উত্তর পাঠানোর জন্য সুপ্রিম কোর্ট টিআইবিকে দ্বিতীয় দফায় চিঠি দিয়েছেন। আজ সোমবার সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার বদরুল আলম ভূঞা টিআইবির নির্বাহী পরিচালক বরাবর এ চিঠি পাঠান।চিঠিতে বলা হয়, বিচার বিভাগ-সংক্রান্ত দুর্নীতির প্রতিবেদনটি অস্পষ্ট ও অসম্পূর্ণ। খানা জরিপ ২০১০-এর তথ্য-উপাত্তসংক্রান্ত প্রতিবেদনের কপি ও জরিপ-সম্পর্কিত প্রশ্নোত্তর যাচাই-বাছাইয়ের জন্য গঠিত কমিটির পরীক্ষা-নিরীক্ষায় তা দেখা গেছে। চিঠিতে আরও বলা হয়, বিচার বিভাগ-সংক্রান্ত দুর্নীতির অভিযোগের ভিত্তি হচ্ছে খানাকে দেওয়া টিআইবির প্রশ্ন এবং খানার দেওয়া উত্তর। এ অবস্থায় প্রাসঙ্গিক তথ্যাবলির সঙ্গে সেই প্রশ্ন এবং তাঁর পরিপ্রেক্ষিতে দেওয়া উত্তরগুলো খুবই প্রয়োজন। এসব হাতে পাওয়ার পরই যথাযথ পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।যোগাযোগ করা হলে ডেপুটি রেজিস্ট্রার বদরুল আলম ভূঞা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর টিআইবির জরিপের তথ্য-উপাত্ত পর্যালোচনার জন্য পাঁচ বিচারপতিকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। গত ২৮ ডিসেম্বর টিআইবির সাম্প্রতিক আলোচিত এক জরিপের প্রতিবেদন ও বিস্তারিত তথ্য-উপাত্ত চেয়ে দুর্নীতির নজরদারি করা সংস্থাটিকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রথম দফায় চিঠি পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে ২৯ ডিসেম্বর টিআইবি ওই সুপ্রিম কোর্টকে প্রতিবেদন ও তথ্য পাঠায়।২৩ ডিসেম্বর প্রকাশিত টিআইবির সেবা খাতে দুর্নীতিবিষয়ক জাতীয় খানা জরিপ-২০১০-এর ফলাফলে দেখা যায়, বিচারপ্রার্থীদের মধ্যে ৮৮ শতাংশ মানুষকেই ঘুষ দিতে হয় এবং তাদের নানা অনিয়মের শিকার হতে হয়। এ জরিপের বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।